বদলে যাচ্ছে কালো হারলেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম ‘স্কুল সং’ বা রণসংগীত ‘হু ওনস নিউইয়র্ক’। গানটির কথাগুলো বাংলা করলে দাঁড়ায় অনেকটা এ রকম—‘ওহ! নিউইয়র্ক কার?/ নিউইয়র্কের মালিক কে?/ ওহ, নিউইয়র্ক কার?/ লোকে বলে কার আবার/ নিউ ইয়র্ক আমাদের!’গানের শেষ লাইনে বলা হয়, নিউইয়র্কের মালিক হচ্ছে কলাম্বিয়া।নিউইয়র্কের হারলেম এলাকা নিয়ে বিবিসির জন্য একটি প্রামাণ্য অনুষ্ঠান করতে গিয়ে গানটা মনে পড়ে যায় প্রবীণ সাংবাদিক মাইকেল গোল্ডফার্বের। গোল্ডফার্ব ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। দলিল-দস্তাবেজ বলে একসময় পৌর কর্তৃপক্ষ আর এপিসকোপাল চার্চের পর তৃতীয় বৃহত্তম জমির মালিক ছিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।জায়গা-জমির দলিলে যাঁর নাম আছে, তিনিই মালিক হন বটে। কিন্তু গোল্ডফার্বের মনে যে মালিকানার প্রশ্নটি দোলা দিয়েছিল, তার উৎসভূমি অফিসের বালাম বইয়ের স্তূপের চেয়েও অনেক গভীরে। আর ঠিক নিউইয়র্ক নয়, তাঁর ভাবনা কৃষ্ণাঙ্গ অধ্যুষিত হারলেম নিয়ে। ‘কালো আমেরিকার রাজধানী’ হিসেবে পরিচিত হারলেমে শ্বেতাঙ্গদের বসতি বেড়েই চলেছে। আইনের কথা বললে এর মধ্যে দোষের কিছুই নেই। তবে হারলেমের স্বকীয়তা হারানোর ভয়ে উদ্বিগ্ন পুরোনো বাসিন্দারা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আফ্রিকান-আমেরিকান ইতিহাসের অধ্যাপক ম্যানিং ম্যারাবল বলছেন, চলতি অর্থাৎ একুশ শতকের মাঝামাঝিতেই হয়তো হারলেম আর সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকা বলে বিবেচিত হবে না। মার্কিন দেশে তো বটেই, বহির্বিশ্বেও ওয়াকিবহালদের কাছে নিউইয়র্কের হারলেম পরিচিত আফ্রো-আমেরিকান সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সংস্কৃতির অন্যতম উৎসভূমি এটি। মহল্লাটিকে নিয়ে অন্য কিছু কল্পনা করা অসম্ভব। সেই হারলেম বদলাতে শুরু করেছে। পাড়াটির দক্ষিণ অংশে সেন্ট্রাল পার্ক এবং ওয়ান টোয়েন্টি ফিফথ স্ট্রিটের মাঝামাঝি এলাকাটিতে প্রতিদিনই উঠে আসছে শ্বেতাঙ্গরা। বহু বছর ধরে হারলেমের বাসিন্দা এমন কৃষ্ণাঙ্গরা ভাবতে শুরু করেছেন এলাকাটা তাঁদের হাতছাড়া হয়ে যাচ্ছে।১০০ বছর আগে হারলেম অবশ্য মূলত শ্বেতাঙ্গদেরই এলাকা ছিল। সেখানে তখন বেশির ভাগ মানুষই ইহুদি, তাঁদের অনেকেই আর্থিক দিক থেকে বেশ অবস্থাসম্পন্ন। ওয়ানটোয়েন্টি ফিফথ স্ট্রিট আর ফিফথ এভিনিউয়ের সংযোগস্থলের মাউন্ট মরিস পার্কের আশপাশে থাকত বেশ কটি বিখ্যাত পরিবার। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এ এলাকায় পরিবর্তন আসতে শুরু করল। কাজের সুযোগের আকর্ষণে দেশের দক্ষিণাঞ্চল থেকে অসংখ্য কৃষ্ণাঙ্গ এসে বাস করতে শুরু করল হারলেমে। আফ্রো-আমেরিকান ইতিহাসের শিক্ষক ম্যারাবল বলেন, ‘হারলেমকে নানা সুযোগ-সুবিধা এবং চাকরি পাওয়ার জন্য আদর্শ স্থান বলে মনে করা হতো। ১৯২০ সালে এখানে আফ্রো-আমেরিকানদের সংখ্যা ছিল মাত্র ৮০ হাজারের মতো, ১৯৪০ সালে তা ওঠে পাঁচ লাখে আর ১৯৪৫ সালে হয় সাত লাখ। ওই সময়টায় যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ সংস্কৃতির এক নবজাগরণের উন্মেষ ঘটে। সংগীত, সাহিত্য ও রাজনীতিচর্চার বিকাশ ঘটে। হারলেম ক্রমে অর্জন করে তার বিশিষ্ট স্বকীয়তা। কিন্তু হারলেমের ওই জাঁকজমক খুব বেশি দিন স্থায়ী হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যবিত্তরা আস্তে আস্তে পাড়ি জমালেন শহরতলীতে। ১৯৬০-এর দশকে বাসিন্দাদের হারলেম ছেড়ে যাওয়ার হিড়িক পড়ে। আজীবন হারলেমে বাস করা ডন হ্যারিস মার্টিন বললেন, কেনেডি রুজভেল্টের মতো প্রগতিশীল নীতি নেবেন, এই আশায় তাঁকে ভোট দিয়েছিলেন তিনি। কিন্তু একে একে জন কেনেডি ও তাঁর ভাইকে হত্যা করা হলে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন। এর পর কালো মানুষদের অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং ও মেডগার এভার্সদের হত্যা করা হলে চরম হতাশায় নিমজ্জিত হন ডন। নিজেকে নিঃস্ব আর পরিত্যক্ত মনে হতে লাগল তাঁর। ওই সব ঘটনার ধারাবাহিকতায় পরিত্যক্ত হতে থাকল হারলেমও। নগর কর্তৃপক্ষ থেকে শুরু করে জমির দালাল পর্যন্ত সবাই যেন ভুলে গিয়েছিলেন হারলেমকে। কিন্তু যাঁরা বহু বছর ধরে বাস করছিলেন, তাঁদের অনেকেই এলাকাটির সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁদের হয়তো নিজের জমি কেনার টাকাও ছিল না। কিন্তু দুঃখের দিনেও ছেড়ে না যাওয়ায় পাড়াটির সঙ্গে এক ধরনের আত্মিক টান জন্মে গিয়েছিল।সাম্প্রতিককালে সেই ছবিটা বদলে যেতে শুরু করে। ২০ শতকের শেষ দিকে উচ্চ মধ্যবিত্ত শ্বেতাঙ্গরা ক্রমবর্ধমান হারে আসতে শুরু করল হারলেমে। এভাবে চলতে থাকলে নাকি চলতি শতকেই হারলেম তার কৃষ্ণাঙ্গ রূপটি হারাবে। তবে এলাকার কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের মধ্যেই এ বিষয়ে মতপার্থক্য আছে।অনেকে বলেন, হারলেম যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের জন্য একটা পরশপাথরের নাম, যার ছোঁয়ায় তারা রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো আত্মবিশ্বাস খুঁজে পায়। অধ্যাপক ম্যারাবলের মতে, হারলেমের পরশপাথরের ছোঁয়া না থাকলে কৃষ্ণাঙ্গরা হয়তো কোনো দিনই একটি নগর বা মার্কিন সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস অর্জন করে উঠতে পারত না। অন্যদিকে নিউইয়র্কে যৌবনের উজ্জ্বল সময় কাটানো মাইকেল গোল্ডফার্ব বলেছেন, বস্তুগত বিবেচনায় হারলেম হয়তো আর শুধু কৃষ্ণাঙ্গ এলাকা হিসেবে টিকে থাকতে পারবে না। কিন্তু ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিকের বিবেচনায় পাড়াটি চিরকাল কৃষ্ণাঙ্গদেরই থাকবে।