
কক্সবাজারের পেকুয়ার মগনামার দুর্গম গ্রাম শরৎঘোনা। বেশির ভাগ মানুষের পেশা লবণ চাষ কিংবা কৃষিকাজ। লেখাপড়া নিয়ে ভাবার সময় ছিল না কারও। কারণ, গ্রামে কোনো বিদ্যালয়ই নেই। সবচেয়ে কাছের শিক্ষাপ্রতিষ্ঠানটিও পাঁচ কিলোমিটার দূরে। তাই ছেলে বড় হলে বাবার সঙ্গে মাঠে কাজ করে, মেয়ে বড় হলে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিতেন এলাকার লোকজন। এটাই চলে আসছিল এত দিন।
কিন্তু সেই দিন এখন পাল্টে যাচ্ছে শরৎঘোনার। আর এই বদলের পেছনে রয়েছে একটি বিদ্যালয়। এখন ছেলেমেয়ে দলবেঁধে বিদ্যালয়ে যাচ্ছে। অভিভাবকেরাও সচেতেন হয়ে উঠছেন।
জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে শরৎঘোনা এলাকায় শিক্ষা মন্ত্রণালয় ‘১৫০০ বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় ৫৭ লাখ টাকা ব্যয়ে একটি বিদ্যালয় নির্মাণ করে। বিদ্যালয় স্থাপনের জন্য ৩০ শতক জমি দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিদ্যালয়টির নামকরণ করা হয় তাঁর বাবার নামে ‘শরৎঘোনা মাহমুদুল করিম চৌধুরী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যলয়’।
চলতি বছর বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মতে এখন শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ১৩ জানুয়ারি পর্যন্ত ১০২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের বিনা মূল্যে নতুন বইও দেওয়া হয়েছে।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল হোছাইন বলেন, ‘এ এলাকার মানুষের মধ্যে ছেলেমেয়েকে পড়ালেখা করাতে যে উদ্দীপনা দেখছি, তা আমার চাকরিজীবনে বিরল। তাঁরা ছেলেমেয়েকে বিদ্যালয়ে পাঠাতে পেরে খুব আনন্দিত।’ স্থানীয় লোকজন জানান, শরৎঘোনা এলাকায় পাঁচ হাজার লোকের বসবাস। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিশু বয়সেই ছেলেমেয়েরা মাছ শুকানো, মাছ ধরা ও লবণ উৎপাদনের মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে।
শরৎঘোনার বাসিন্দা জহির উদ্দিন বলেন, শিশু বয়সে পড়ালেখা করার জন্য পাঁচ কিলোমিটার দূরে ছেলেমেয়েকে পাঠানো কষ্টসাধ্য ব্যাপার। তাই এলাকার বেশির ভাগ লোক অশিক্ষিত রয়ে গেছে।
লবণচাষি পেচু মিয়া (৪৫) বলেন, ‘স্বাধীনতার ৪২ বছর পর এখানে শিক্ষার ছোঁয়া লেগেছে। এখন সরকারি বিদ্যালয় হয়েছে, ছেলেমেয়েদের পড়ালেখা করাব।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকের হোছাইন জানান, শরৎঘোনা এলাকায় একটি বিদ্যালয় স্থাপন সরকারের কাছে এলাকার লোকজনের অনেক দিনের দাবি ছিল। এখন উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহায়তায় সেই দাবি পূরণ হয়েছে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, ‘শিক্ষায় অনগ্রসর একটি এলাকা শরৎঘোনা। কোনো বিদ্যালয় না থাকায় এলাকার লোকজন ছেলেমেয়েকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারেনি। তাই আমার জমির ওপর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে সাহায্য করেছি। এটি আমার দায়িত্বও ছিল।’
এদিকে ২০১২-১৩ অর্থবছরে পেকুয়া উপজেলায় আরও তিনটি বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো রাজাখালী ইউনিয়নের লালজানপাড়ায় আবুল হোসেন সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলখালী ইউনিয়নের সবুজপাড়া আশরাফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজিরঘোনা ওবায়দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়েও এখন শিক্ষা কার্যক্রম চলছে।