বদলে যাচ্ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হন্তদন্ত হয়ে ট্যাক্সি খুঁজছি। লালখান বাজারে পৌঁছাতে হবে নয়টার মধ্যে। পড়া আছে। একটা ট্যাক্সির দিকে এগিয়ে গেলাম। কিন্তু উঠতে গিয়েই বিপত্তি। আমার আগে এক ভদ্রলোক তাঁর স্কুলড্রেস পরা বাচ্চাকে নিয়ে ট্যাক্সিতে উঠে বসেছেন। ব্যাপারটা কী? আমার ঠিক করা ট্যাক্সিতে উনি কেন বসে? জিজ্ঞেস করতে যাব, ভদ্রলোক আমাকে চুপ করিয়ে দিয়ে বললেন, আপা, আপনি যাবেন? তারপর বেশ একটা ভারিক্কি চালে ট্যাক্সি ড্রাইভারকে বললেন, ‘এই সামনের ট্যাক্সিকে আমার কথা বলে ধরে নিয়ে আসো।’ আবারও আমার বোকা মনে প্রশ্ন, ভদ্রলোক এত আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে বলছেন, সামনের ট্যাক্সি ড্রাইভারকে তাঁর কথা বললেই সে আমাকে নিয়ে যাবে! তাই আত্মবিশ্বাসের উৎস খোঁজায় মন দিলাম। পর্যবেক্ষণ করে দেখলাম, ভদ্রলোকের বাহ্যিক গঠন আর দশটা সাধারণ মানুষের মতোই। শুধু হাতেই ভিন্নতা! কারণ, তাঁর হাতে রয়েছে একটি ওয়্যারলেস সেট। ত্বরিত তাঁর আত্মবিশ্বাসের উৎস খুঁজে পেলাম এবং বুঝলাম, ভদ্রলোক বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী বাহিনীর একজন সদস্য।যাক, আমার এত সব খোঁজাখুঁজি আর বোঝাবুঝির মধ্যে প্রথম ট্যাক্সির ড্রাইভার ফিরে এসে বলল, স্যার, ওই ট্যাক্সি যাবে না। শুনে আমি চরম বিরক্তি নিয়ে ভাবলাম, এই যাহ্! আবার ট্যাক্সি খুঁজতে হবে! কিন্তু ভদ্রলোক আমাকে এবার আরও অবাক করে দিয়ে বাচ্চাকে নিয়ে ট্যাক্সি থেকে নেমে গিয়ে বললেন, ‘আপা, আপনি যান, আমি অন্য ট্যাক্সি খুঁজে নিচ্ছি।’ আমি ট্যাক্সিতে উঠে বসলাম এবং অদ্ভুত এক ভালো লাগা নিয়ে আপন মনেই বললাম, বদলে যাচ্ছে... দেশ সত্যিই বদলে যাচ্ছে...।সালমা হকইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম ক্যাম্পাস