
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সাত ইউনিয়নের ১৭ গ্রামে নির্মিত হচ্ছে ১৭টি পাকা সেতু। এসব এলাকায় আগে ছিল বাঁশের সাঁকো। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় এসব সেতু নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, গ্রামীণ জনপদের অভ্যন্তরীণ চলাচল ও যোগাযোগব্যবস্থা বদলে দেবে এই সেতুগুলো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, চলতি অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এসব সেতু নির্মাণের জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মাতারবাড়ী, কালারমারছড়া ও কুতুবজোমে একটি করে, শাপলাপুরে ছয়টি, হোয়ানকে ও বড় মহেশখালীতে দুটি করে এবং ছোট মহেশখালীতে চারটি সেতুর নির্মাণকাজ চলছে। কার্যাদেশ অনুযায়ী, জানুয়ারিতে শুরু করে জুনের মধ্যে শেষ করার কথা। এখন পুরোদমে চলছে কাজ। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩০ থেকে ৩৫ ফুট, প্রস্থ ৮ ফুট।
সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ী ইউনিয়নের সেতুটি নির্মাণ করা হচ্ছে সাইরার ডেইল এলাকায়। কিয়াকাটি খালের ওপর সেতুর নির্মাণকাজ চলছে। পিলার হয়ে এখন সেতুর পাটাতনের কাজ চলছে। ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা কাজ করছেন।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হামেদ হোছাইন বলেন, দীর্ঘদিন ধরে ওই খালের ওপর বাঁশের সাঁকো দিয়ে স্থানীয় বাসিন্দারা চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হয়ে আসছিল। এখন পাকা সেতু নির্মাণ হওয়ায় এলাকাবাসী খুশি। সেতুর কাজ শেষ হলে মানুষের দুর্ভোগ লাঘব হবে।