
সাতকানিয়া উপজেলার ১০ ইউনিয়নে নির্মিত হচ্ছে ১৪টি পাকা সেতু। এসব সেতু নির্মিত হলে বদলে যাবে ২৩ গ্রামের যোগাযোগব্যবস্থা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় এসব সেতু নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই ১০ ইউনিয়নের গ্রামীণ সড়ক বা খালের ওপর কোনোটিতে আগে ছিল বাঁশের সাঁকো। আবার কোনোটি ছিল কাঠের বা পাকা ঝুঁকিপূর্ণ সেতু। একটি সেতু নির্মাণে সর্বোচ্চ ৩১ লাখ এবং সর্বনিম্ন প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
২২ মে সরেজমিনে দেখা যায়, কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া-আঁধারমানিক সড়কে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। ওই সড়কের গরলা খালের ওপর সেতুটির নির্মাণকাজ চলছে। সেতুটির প্রায় ৯০ ভাগ নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা সেতুর বাকি কাজ করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন বলেন, চলতি অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব সেতু নির্মাণের জন্য ৩ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কেঁওচিয়া, ছদাহা, কাঞ্চনা, চরতী, নলুয়া, খাগরিয়া ও ঢেমশা ইউনিয়নে ৭টি, সোনাকানিয়া ও বাজালিয়া ইউনিয়নে ৪টি এবং সাতকানিয়া সদর ইউনিয়নে ৩টি সেতুর নির্মাণকাজ চলছে।
মোহাম্মদ কামরুল হোসাইন জানান, কার্যাদেশ অনুযায়ী চলতি অর্থবছরের জুনের মধ্যে সেতুগুলোর নির্মাণকাজ শেষ করার কথা। ইতিমধ্যে কয়েকটি সেতু নির্মাণের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। কয়েকটির ৭০ ভাগ কাজ শেষের দিকে। এখন প্রতিটি সেতু নির্মাণকাজ পুরোদমে চলছে।
জনার কেঁওচিয়া গ্রামের খোট্টাপাড়া এলাকার চাষি মোহাম্মদ ইউসুফ (৫০) বলেন, আঁধারমানিক সড়কে গরলা খালের ওপর আগে একটি ঝুঁকিপূর্ণ সেতু ছিল। ওই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করত না। এতে স্থানীয় চাষিদের উৎপাদিত পণ্য বিকল্প পথে দূরের রাস্তা দিয়ে অতিরিক্ত খরচে কেরানীহাট বা দোহাজারী পাইকারি কাঁচাবাজারে নিয়ে যেতে হতো। সেতুটি নির্মাণ হয়ে গেলে স্থানীয় চাষিদের আর অতিরিক্ত গাড়ি ভাড়া খরচ করতে হবে না। সহজেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে কেরানীহাট বা দোহাজারী পাইকারি কাঁচাবাজারে যাওয়া যাবে।
সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন বলেন, ‘আমার ইউনিয়নের গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন ধরে খুবই নাজুক ছিল। ৩টি সড়কে সেতুর নির্মাণকাজ শেষ হলে গারাঙ্গিয়া, মধ্য গারাঙ্গিয়া, নোয়াপাড়া, বড় ঠাকুরপাড়া, দক্ষিণ রূপকানিয়া, মাইজপাড়া, সিকদারপাড়াসহ আশপাশের গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে।