বদান্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এক বন্ধু। তাঁর কোনো জিনিসের প্রশংসা করলেই তিনি বিগলিত হেসে বলেন, ‘তোমার খুব পছন্দ হয়েছে? ঠিক আছে তোমাকে একটা দেব।’ ছেলেমেয়েদের জন্মদিনে এসে বলেন, ‘তোর মা আমাকে জন্মদিনের কথা বলেনি। আচ্ছা ঠিক আছে, তোকে পরে কিছু কিনে দেব।’ আমি অস্বস্তিতে বলি, ‘না, কী দরকার।’ একবার তাঁর সঙ্গে পথে দেখা, সদ্য দেশ থেকে ফিরেছেন। দেখা হতেই উল্লসিত হয়ে বললেন, ‘তোমাদের সবার জন্য গিফট আছে। পরে দেব।’ আবারও অস্বস্তি। বলি,‘ না, কী দরকার।’ আমার সেই ছোট্ট জন্মদিন করা মেয়েটি এখন অনেক বড় হয়েছে। একদিন সে হেসে বলল, ‘মামণি, ওই আন্টির কাছে আমাদের অনেক পাওনা হয়ে আছে।’আরেকজন সমাজকর্মী, ব্যবহারে অমায়িক। ফোন করেন, খোঁজখবর নেন। জানান প্রয়োজনীয় কথা। যেমন ‘ভাবি, কেমন আছেন? শরীর ভালো তো? ভাই কি কাজে? ছেলেমেয়েরা ভালো তো? অমুক দিনে পিকনিক আছে, অবশ্যই সবাইকে নিয়ে আসবেন বা এবার আমাদের অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রাম করছে, অমুক শিল্পী বাংলাদেশ থেকে আসছে, অবশ্যই আসবেন। প্রত্যেকবারই পরিশেষে বলেন, ‘আসব একদিন আপনার ভাবিকে নিয়ে।’ আমিও রেডিমেড উত্তর দিই, ‘নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই।’বিপত্তিটা ঘটল সেদিন। আমার সেই বন্ধুটি একদিন এলেন আমার বাসায়। যথেষ্ট সাজগোজ করে। বয়স্কার সাজ চোখে পড়ার মতো। তাই একটু উৎসাহ দেওয়ার জন্য তাঁর শাড়ির খুব প্রশংসা করতে লাগলাম। তিনিও তাঁর অভ্যাসমতো বললেন, ‘তোমার খুব ভালো লাগছে? আচ্ছা, এ রকম একটা শাড়ি তোমাকে দেব।’ আমি হঠাৎই বলে ফেললাম, ‘নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই।’ আর ঠিক তক্ষুনি টেলিফোনটা বেজে উঠল। ওপাশ থেকে ভেসে এল সেই দরাজ কণ্ঠ। ‘ভাবি, ভালো আছেন? সবাই ভালো? আগামী শনিবার আমাদের অ্যাসোসিয়েশনের ইলেকশন হবে। টরন্টো থেকে শিল্পী এসেছেন। প্রবেশ ফি পরিবার-প্রতি ২০ ডলার। ডিনার ফ্রি।’ আসব একদিন আপনার ভাবিকে নিয়ে। আমিও একটু আগের ভুলের সংশোধন করতে করতে বলে ফেললাম, ‘না, কী দরকার।’মনে মনে আতঙ্কিত হলাম। যাহ্, আমার বুঝি সব গেল। আর বোধ হয় এমন উপহার পাব না। মেহমান হলো ঘরের লক্ষ্মী। সেই লক্ষ্মী বেজার হলে আমার যে অমঙ্গল হবে। কিন্তু না, এসব সামাজিক ব্যক্তি আমার চেয়েও উদার। তাঁদের এই অফুরন্ত পুঁজি কখনো শেষ হয় না। তাই আমাকে ক্ষমা করে আজও সেই একই সেবা করে যাচ্ছেন। রেজিনা সুলতানাকানাডা