
মহাজোটের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজনকে মারধরসহ নানা কর্মকাণ্ডে সমালোচিত হলেও বারবার উতরে যান তিনি। ভাগ্য বরাবরই তাঁর পক্ষে থেকেছে। এবারও সে রকম আভাস পাওয়া গেলেও শেষ মুহূর্তে তা হলো না—বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ক্ষেত্র তৈরি হয়েও শেষে নির্বাচনী মাঠে নামতে হচ্ছে বদিকে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া। আগামী ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দুই প্রার্থী। ভোটাররা জানান, বদির নৌকায় শেষ পর্যন্ত লাঙ্গলের ধাক্কা লাগছে।
উখিয়া উপজেলার জালিয়াপালং গ্রামের চাষি আবদুর রহমান (৫৬) জানান, জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একমাত্র এই আসনটিতেই (কক্সবাজার-৪) নির্বাচন হচ্ছে। এ ক্ষেত্রে আমরা (ভোটাররা) সৌভাগ্যবান। কিন্তু বিএনপিসহ অন্য দলের প্রার্থী না থাকায় নির্বাচন মোটেও জমছে না। নৌকা ও লাঙ্গলের দু-একটা পোস্টার নজরে পড়লেও কোনো প্রার্থীকে এখনো মাঠে দেখা যায়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৩ ডিসেম্বর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ারকে একক প্রার্থী ঘোষণা করা হয়। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ আবদুর রহমান বদির সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া মাঠে থাকায় এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের কয়েকজন ভোটার জানান, বিএনপির প্রার্থী মাঠে থাকলে সাংসদ বদির জয়লাভ করা কঠিন ছিল। জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়ার বাড়ি টেকনাফে হলেও দলের সাংগঠনিক অবস্থা এখানে খুবই দুর্বল। তবে তাহা ইয়াহিয়ার বাবা শিল্পপতি মোহাম্মদ ইয়াহিয়া ছেলের পক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও বদিবিরোধী আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাজে লাগানোর চেষ্টা করছেন। সে ক্ষেত্রে হিসাব অন্য রকম হতে পারে।
এদিকে গত পাঁচ বছরে সাংসদ বদি এলাকায় উন্নয়নের পাশাপাশি গরিব লোকজনকে চাল, তেল ডালসহ নগদ টাকা দিয়ে সাহায্য করেছেন। কিন্তু সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী ও নিজ দলের নেতা-কর্মীর গায়ে হাত তুলে তিনি নানা বিতর্কের জন্ম দিয়েছেন। তা ছাড়া ইয়াবা ব্যবসায় তাঁর জাড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে ভোটারদের কাছে তিনি বিতর্কিত। টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মনজুর বলেন, ‘এলাকার ভোটাররা বদির বিকল্প চিন্তা করছেন। বিএনপিকে নমনীয় করে তাহা ইয়াহিয়া যদি ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার ব্যবস্থা করতে পারেন, তাহলে গণেশ উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি। জাতীয় পার্টি সেই লক্ষ্যেই কাজ করছে।’
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন জানান, এই সরকারের অধীনে বিএনপি একদলীয় নির্বাচনে অংশ নিচ্ছে না। বিএনপিসহ ১৮-দলীয় জোটের সমর্থক ভোটাররা কেন্দ্রে না গেলে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।
আবদুর রহমান বদি বলেন, ‘পাঁচ বছর ধরেই আমি ভোটারদের পাশে থেকেছি। ভোট নিয়ে আমার কোনো ভয় নেই। নৌকা ফুটো করার মতো প্রার্থী এখানে নেই। তবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মাঠে থাকলে আমারও ভালো লাগত। ভোটাররা লড়াইটা ভালোভাবে উপভোগ করতে পারতেন।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, সুষ্ঠুভাবে ভোট নেওয়ার জন্য পুলিশ, আনসার, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে।