বধিরে দাও 'অবতার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বধির মানুষদের জন্য আশার আলো দেখাচ্ছে কম্পিউটার ভিত্তিক ‘অবতার’
বধির মানুষদের জন্য আশার আলো দেখাচ্ছে কম্পিউটার ভিত্তিক ‘অবতার’

কম্পিউটারে তৈরি ত্রিমাত্রিক এক মেয়েকে সহপাঠী হিসেবে পাবেন শ্রবণপ্রতিবন্ধী ও কানে কম শোনে এমন শিক্ষার্থীরা। মানুষের মতো দেখতে কম্পিউটারে তৈরি এমন অবয়বের নাম দেওয়া হয়েছে ‘অবতার’। শ্রবণপ্রতিবন্ধীদের পড়াশোনায় সহায়তা করার জন্য অবতাররূপী এই সফটওয়্যার তৈরির একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে হন্ডুরাসে।
অবতারটি আসলে একটি যান্ত্রিক অনুবাদ ব্যবস্থা। এটি শিক্ষকের কথা শুনবে, আর সেটি অনুবাদ করবে হন্ডুরাসের ইশারা ভাষা ‘লেশো’তে। এই ইশারা ভাষা বুঝতে পারবে বধির ছাত্রছাত্রীরা। এই উদ্ভাবনী ধারণা বাস্তবে আসে ৩২ বছর বয়সী ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব হন্ডুরাসের (ইউএনএএইচ) প্রকৌশল অনুষদের অধ্যাপক ইয়েনি কারিয়াস আর একদল পেশাদারের হাত ধরে। ইয়েনির নেতৃত্বে এই পেশাদার দলটি হাইপোঅ্যাকিউসিসে (শব্দ শোনার ক্ষমতা হ্রাসের এক ধরনের রোগ) আক্রান্ত ব্যক্তিদের শিক্ষার ব্যাপারে সহযোগিতা করার পথ বের করার কথা ভাবছিল। এ জন্য তারা বেছে নিয়েছিল তথ্যপ্রযুক্তি। কথা বলতে পারে এমন মানুষ এবং কানে শোনে না এমন একজনের মধ্যে মধ্যস্থতার কাজটা করে দেয় এই সফটওয়্যার, মন্তব্য কারিয়াসের।
শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য প্রয়োজন ইন্টারনেট সংযোগওয়ালা একটি কম্পিউটার আর মাইক্রোফোন। আর যিনি শেখাবেন তাঁর লাগবে শুধু শুদ্ধ উচ্চারণ। কারণ, অবতারকে কথাগুলো ঠিকঠাক বুঝে নিয়ে ইশারা ভাষায় তা রূপান্তর করে দিতে হবে।
ইয়েনি কারিয়াসের এক ছাত্র হাইপোঅ্যাকিউসিসে আক্রান্ত হয়েছিল। এরপর থেকে শিক্ষকের সঙ্গে তার স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হতে থাকে। এই অভিজ্ঞতা থেকে ‘অবতার’ তৈরির প্রাথমিক ধারণা আসে এবং কারিয়াসকে দোভাষী সফটওয়্যার তৈরির ব্যাপারে এগিয়ে নিয়ে যায়।
ইউএনএএইচের আর্থিক ও বাস্তব সাহায্য পাওয়া এই সফটওয়্যার নির্মাতা দল খুব কাছে থেকে শ্রবণপ্রতিবন্ধীদের সঙ্গে কাজ করেছে। ইশারা ভাষায় তাদের আলাপচারিতার ছোট ছোট ভিডিও ধারণ করেছে দলটি। এই ভিডিওগুলো পরে সফটওয়্যারে ব্যবহার করা হয়েছে।
এই প্রকল্পের প্রোগ্রামিং প্রধান এমিলসন আকোস্তা বলেছেন, এই সফটওয়্যারের প্ল্যাটফর্ম খুবই উন্নত। ‘আমরা ইশারা ভাষার ৭০০-এর বেশি সংকেত ভিডিওতে ধারণ করেছি, এর মধ্যে ৩৫০টি গ্রাফিক ডিজাইন প্রোগ্রামে যুক্ত করে দেওয়া হয়েছে।’

অনেকে মিলে
অধ্যাপক ও প্রকৌশলী ইয়েনি কারিয়াস বহুমাত্রিক প্রযুক্তি-সংবলিত এই সফটওয়্যার নিয়ে কাজ করছেন ২০১৩ সাল থেকে। কারিয়াস এ প্রকল্পের জটিল কর্মযজ্ঞও ব্যাখ্যা করেন। তাঁর মতে, শুধু প্রযুক্তি তৈরি করাই নয়, বরং এর প্রয়োগ করতে হয়েছে গবেষণার মধ্য দিয়ে।
শ্রবণপ্রতিবন্ধী মানুষের সঙ্গে মিশে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের অসুবিধাগুলো শনাক্ত করেছেন তিনি। আর সে অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বেছে নিয়েছে ইশারা ভাষার তিনটি ধরন বা মডিউল।
কিন্তু সফটওয়্যারটি উন্নয়নের জন্য হন্ডুরাসের এই উদ্ভাবককে শুধু যে ইশারা ভাষা লেশোই শিখতে হয়েছে তা নয়, তাঁকে অপরাধীদের সঙ্গেও যুদ্ধ করতে হয়েছে। তিনি নিজের বাসায় সফটওয়্যার নিয়ে কাজ করছিলেন, আর সেখানে হানা দিয়ে চোরেরা সফটওয়্যার চুরি করে নিয়ে যায়। ফলে তাঁকে আবার নতুন করে শুরু করতে হয় সফটওয়্যারের কাজ। এত কিছুর পরও কারিয়াস এই প্রকল্প এগিয়ে নিয়ে গেছেন শুধু শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের মা-বাবার দৃষ্টিতে আশার আলো দেখে। ‘মা-বাবারা কলেজে তাঁদের সঙ্গে আসতেন। মন দিয়ে ক্লাসের পড়াশোনাও শুনতেন, যাতে বাসায় ফিরে সন্তানদের যেকোনো বিষয় ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন। ছেলেমেয়েরা যাতে কলেজের পড়াশোনায় দিন দিন আরও ভালো করে সে বিষয়ে পুরোই সচেতন তাদের মা-বাবারা।’ বলেন ইয়েনি কারিয়াস।

কোথায় ব্যবহার করা হবে
একই রকম সফটওয়্যার তৈরি হয়েছে কলম্বিয়া ও স্পেনে। তবে তারা অন্য কোনো দেশে সেগুলো ব্যবহার করতে দিতে চায়নি। এই একই কারণে হন্ডুরাসের সফটওয়্যারটির বাস্তব প্রয়োগ শুধু এ দেশটিতেই হবে।
উচ্চশিক্ষায় ব্যবহারোপযোগী করেই সাজানো হয়েছিল এই সফটওয়্যার প্রকল্প। ক্যারিয়াস জানান, গণিত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল—এই বিষয়গুলোর জন্যই প্রকল্পটা নির্দিষ্ট ছিল। এখনো এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। তবে ভবিষ্যতে স্কুল ও কলেজেও এ সফটওয়্যার ব্যবহার করা যাবে। কানে শুনতে সমস্যা হয় হন্ডুরাসের এমন ৭০ হাজার মানুষের বড় অংশ এর ফলে উপকার পাবে।

পরীক্ষা-নিরীক্ষা পর্ব
কারিয়াস বলেন, ‘আমরা এখন পর্যন্ত মোটামুটিভাবে সফটওয়্যারটির একটি প্রতিলিপি প্রকাশ করেছি। প্রোগ্রামিংটা চূড়ান্ত করার কাজ করছি। যাচাই ও পরীক্ষার মাধ্যমে এটা চূড়ান্ত হবে। আর তখন আমরা বুঝতে পারব কলেজ পর্যায়ে এটি ব্যবহার করা যাবে কি না।’
অবতার ত্রিমাত্রিক। সামনে থেকে একে দেখা যাবে। ফলে মনে হবে আপনি সত্যিকারের কোনো মানুষই দেখছেন। অবতারের দেহের ঊর্ধ্বাংশ দেখা যাবে কম্পিউটার পর্দায়, কেননা ইশারা ভাষার জন্য এটুকুই যথেষ্ট। সত্যিকারের শ্রেণিকক্ষে এই ভারচুয়াল সহকারী ঠিকঠাক মতো কাজ করতে পারলেই এটি ব্যবহার করা যাবে।
অবতারের নির্মাতা দল আশা করছে, চলতি বছরের সেপ্টেম্বরে এই সফটওয়্যারে বাস্তব প্রয়োগ করা যাবে। তবে এর ব্যবহার শুরু মানেই এই সফটওয়্যার প্রকল্পের কাজ শেষ, এমন মনে করছেন না কারিয়াস। এর দেখভাল করতে হবে এবং নিয়মিত এতে নতুন নতুন শব্দ যোগ করতে হবে।
কারিয়াসের ভাষায়, ‘আমি সব সময় আমার শিক্ষার্থীদের বলি, প্রযুক্তিই এর সবকিছু নয়। এর ব্যবহার ভালো কাজের জন্য, এটাই বড় কথা। কেউ এর অপব্যবহার করতে পারে, কিন্তু আমরা অবশ্যই এক ভালো কাজে লাগাব।’
আশপাশের কোনো শব্দই শুনতে পায় না, এমন শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীরা জানে যে এই সফটওয়্যার তাদের দিতে পারে সেরা ‘শব্দ’। এ যেন তাদের পুনর্জাগরণ।