
চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল থেকে সামান্য কয়েক মাইল দূরত্বে পাহাড়তলী। ছোট ছোট টিলা, জঙ্গল আর ঝোপঝাড়—গা ছম ছম করা পরিবেশ। ফয়’স লেকের পাশের নির্জন এই জায়গায় পাকিস্তানি হানাদারেরা গড়ে তুলেছিল বধ্যভূমি। জুন মাস থেকে বধ্যভূমিতে প্রতিদিন বাঙালিদের এনে নৃশংস কায়দায় হত্যা করা হতো। এই বধ্যভূমির জানা-অজানা কাহিনি নিয়ে রচিত হয়েছে নাটক বধ্যভূমি। জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম প্রযোজিত এ নাটকটি ১৩ ও ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শিত হয়। নাটকটির তথ্যায়ন ও বিন্যাস করেছেন প্রদীপ দেওয়ানজী। নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার।
নাটকে উঠে আসে পাকিস্তানি সেনা ও অবাঙালি ঘাতকদের নির্বিচারে বাঙালি নিধনের চিত্র। একে একে পাহাড়তলী এলাকার সব বাঙালিকে হত্যাযজ্ঞে মেতে ওঠে অবাঙালিরা। শুধু তা-ই নয়, যাত্রীবোঝাই দুটি ট্রেন থামিয়ে হত্যা করা হয় সব যাত্রীকে। বইয়ে দেয় রক্তগঙ্গা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এ দেশের মাটিতেই শাস্তির বদলে পুরস্কার দেওয়া হয় হানাদারের দোসরদের। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন সুজিত দাশ, শাহিনুর সরওয়ার, বাপ্পা চৌধুরী, সাইফুল আলম, তৌহিদ হাসান ইকবাল, সাইফুল ইসলাম, বিটু ভৌমিক, মুহাম্মদ শাহ আলম, জেরিন মিলি ও কংকন দাশ।