বন-আসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর রমনা পার্কের একমাত্র বন-আসরা গাছটির নিচে শুকনো পাতায় কেউ যেন আগুন জ্বালিয়েছিল। তাতে গাছটির বেশ কিছু ডালপালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবু বৈশাখের শেষ অবধি অপেক্ষায় ছিলাম হয়তো দু-একগুচ্ছ ফুল ফুটবে। কিন্তু গাছটির করুণ অবস্থা দেখে ফুলের পরিবর্তে তার দ্রুত সুস্থতা কামনা করি। জানামতে, ঢাকায় একটিই গাছ আছে রমনা চায়নিজ রেস্তোরাঁর লেকের ধারে। পার্কের আরেকটি গাছ কয়েক বছর আগে কেটে ফেলা হয়। এখন এই একটি গাছই সবেধন নীলমণি। অথচ পার্ক কর্তৃপক্ষ নির্বিকার। ঢাকায় যে এ গাছ আর দ্বিতীয়টি নেই, তারা সম্ভবত সে খবরটিও রাখে না। এ বছর গ্রীষ্মের প্রথম থেকেই চোখে চোখে রেখেছি; কখন ফুল ফোটে আবার শেষ হয়ে যায়। মার্চের শেষভাগে প্রস্ফুটন-প্রস্তুতি দেখে নিশ্চিত হলাম, এবার নিশ্চয় ফুলের ছবি পাওয়া যাবে। এ ফুলের প্রস্তুতি পর্ব বেশ মজার। কলি আসার আগে ডালের আগায় ঝালরের মতো একটি আবরণ তৈরি হয়। তার কয়েক দিন পর কচি ঢ্যাঁড়সের মতো কলি দেখা যায়। এ দুই প্রক্রিয়ায় বেশ সময় লাগে। এ ফাঁকে একদিন উদ্যানতত্ত্ব বিভাগের জিয়াউল হাসান পাখি জানান, দু-একটি করে ফুল ফুটতে শুরু করেছে।বন-আসরা (Pterospermum semisagittatum) মূলত বাংলাদেশ, পূর্ব ভারত ও মিয়ানমারের বুনো প্রজাতি। পত্রমোচী এ গাছ মাঝারি আকৃতির, ১০ থেকে ১৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা প্রায় বোঁটাহীন, ১০ থেকে ২০ সেমি পর্যন্ত লম্বা, ওপরে সবুজ, নিচে সাদাটে, রোমশ, আগা চোখা। ফুল আকারে বড়, প্রায় আট সেমি চওড়া, গুচ্ছবদ্ধ বা একক, সাদা ও সুগন্ধি। সবুজ রঙের রোমশ ঝালরগুলো আদতে উপবৃত্তি। ফল প্রায় ছয় সেমি, শক্ত ও রোমশ। বংশবৃদ্ধি বীজ ও কলমে।