‘অপরিকল্পিতভাবে বন উজাড় ও পাহাড় কাটার কারণে পার্বত্য চট্টগ্রামে যেকোনো সময় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। এমনটি হলে এই দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ চালানো আর ত্রাণ পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে।’গত বুধবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গ্লোবাল ভিলেজের নির্বাহী পরিচালক ফজলে এলাহীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) পরিচালক তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, প্যানেল মেয়র রবিউল আলম ও জয়েস খীসা। আরও বক্তব্য দেন উপমা চাকমা, সৈয়দ হেফাজত উল বারি প্রমুখ। সকালে পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা। আয়োজকেরা জানান, ‘তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করে দুর্যোগে নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বস্তরের মানুষকে সচেতন করতে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতিসংঘ উন্নয়ন সহায়তা কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রামের ভূমিকম্প ঝুঁকি প্রশমন কর্মসূচি ও পৌরসভার সহযোগিতায় এসব কর্মসূচি শুরু হয় শোভাযাত্রার মাধ্যমে। এতে জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উপজেলা চেয়ারম্যান মো. মুছা, নির্বাহী প্রকৌশলী আশীষ কুমার পাল অংশ নেন। জেলা শিল্পকলা একাডেমীতে বিকেলে আয়োজন করা হয় বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রকৃতি নয়, মানুষই দায়ী’ এবং ‘সরকারি উদ্যোগ নয়, কার্যকর বেসরকারি উদ্যোগই দুর্যোগ প্রশমনে ভূমিকা রাখে’ শীর্ষক বিতর্কে অংশ নেয় শিক্ষার্থীরা। বিতর্কে বিজয়ী হয় লেকার্স পাবলিক স্কুল ও শাহ উচ্চবিদ্যালয়। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা, নাচ করেন গ্লোবাল ভিলেজের সাংস্কৃতিক দল ও স্কুলবেলা বন্ধু ফোরামের বন্ধুরা।