বন ও পরিবেশ রক্ষায় শপথ
‘সবুজ বন ও প্রকৃতি বাঁচাও’ স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান মাঠে সম্প্রতি ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের উদ্যোগে বন ও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বন ও পরিবেশ রক্ষার এই সভায় সহব্যবস্থাপনা কমিটি, বন সংরক্ষণ ক্লাব, যৌথ টহল দল, গ্রাম সংরক্ষণ ফোরাম ও জনতার মঞ্চের অন্তত চার শতাধিক সদস্য অংশ নেন। সভা শেষে উপস্থিত সবাই বন ও পরিবেশ রক্ষার শপথ নেন।
মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. এস এম আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহ-ই আলম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ ইউসুফ, ক্রেলের জলবায়ুবিষয়ক কর্মকর্তা মো. আলম খান, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, মেধাকচ্ছপিয়া সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি বাহাদুর হক, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবির প্রমুখ।
সভায় শাহ-ই আলম বলেন, বন বিভাগের একার পক্ষে বন রক্ষা করা সম্ভব নয়। বনের আশপাশের এলাকার লোকজন ও পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।