বন ও শোভা সাইপ্রাস যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইহাটে বিএফআইডিসি কার্যালয়ে বাচ্চা হাতি দুটিকে বিশেষ কায়দায় খাওয়াচ্ছেন মাহুতেরা   প্রথম আলো
বাঘাইহাটে বিএফআইডিসি কার্যালয়ে বাচ্চা হাতি দুটিকে বিশেষ কায়দায় খাওয়াচ্ছেন মাহুতেরা প্রথম আলো

হাঁটু গেড়ে বসে কপালে শুঁড় ঠেকিয়ে কায়দা করে সালাম দিতে জানে বন রানী ও শোভা রানী। কেবল সালাম নয়, অভিজাত হাতি সমাজের প্রায় সব আদব-কায়দা শেখানো হয়েছে এই দুই বোনকে। এ জন্য রাখা হয়েছে দুজন মাহুত। চার বছর বয়সের বাচ্চা হাতি দুটির প্রশিক্ষণের পেছনে খরচ হয়েছে ১৫ লাখ টাকা। এমন তোড়জোড়ের পেছনের কারণ হলো, বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপের দেশ সাইপ্রাসকে উপহার হিসেবে পাঠানো হবে বন ও শোভাকে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) স্টেশনে তিনটি বয়স্ক হাতির সঙ্গে বাচ্চা হাতি দুটিকে রাখা হয়েছে। এই পাঁচটি হাতিই এক পরিবারের সদস্য। পরিবারের কর্তা সেন বাহাদুর এই পালের একমাত্র পুরুষ হাতি।
বিএফআইডিসি কার্যালয় সূত্রে জানা গেছে, সেন বাহাদুরের পরিবারের দুটি বাচ্চা হাতিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য গত বছরের ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ফালকন ট্রেডার্স। হাতির প্রশিক্ষণের পেছনে ব্যয় ধরা হয় ১৫ লাখ টাকা। ইতিমধ্যে হাতিগুলোর প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে। বিএফআইডিসির কর্মকর্তারা জানান, ১৯৬২ সালে কাঠ সংগ্রহের জন্য বন বিভাগের সঙ্গে চুক্তির ভিত্তিতে বিএফআইডিসি বাঘাইহাট এলাকায় স্টেশন স্থাপন করে। বনের গাছ টেনে আনার জন্য ওই সময় সংগ্রহ করা হয় ২২টি হাতি। ১৯৮৮ সালে শান্তিবাহিনী ও বাংলাদেশ সরকারের চলা বিরোধের মধ্যে পড়ে প্রাণ হারায় সাতটি হাতি। ১৯৯০ সালে ঝরনা থেকে পড়ে আরও দুটি হাতির মৃত্যু হয়। ১৯৯৭ সালে আরও ছয়টি হাতির মৃত্যু হয়। সর্বশেষ ২০০৪ সালে বাচ্চাসহ ১০টি হাতি ছিল এই স্টেশনে। এর মধ্যে সেন বাহাদুরের পরিবারটি রেখে সাতটি হাতিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।
মাহুতেরা জানান, আজ থেকে ২০ বছর আগে সেন বাহাদুরের সঙ্গে মুক্তি রানীর দেখা হয়। তখন থেকেই দুজন দুজনার। কয়েকবার দুজনকে আলাদা করার চেষ্টা করা হলেও সাফল্য আসেনি। দুই বছর পর মেয়েসন্তান প্রসব করে মুক্তি রানী। হাতির বাচ্চাটির নাম রাখা হয় বিজয় রানী। ২০১০ সালে মা মুক্তি ও মেয়ে বিজয় দুটি মেয়েসন্তান প্রসব করে। তারাই বন রানী ও শোভা রানী।
মহুত বাদি চান চাকমা ও বীরসেন চাকমা এই হাতিগুলো দেখাশোনা করেন। তাঁরা বলেন, হাতিগুলো একই পরিবারের সদস্য। মানুষের বাচ্চার মতোই প্রশিক্ষকদের কাছ থেকে দ্রুত আদব-কায়দা শিখছে ওরা। ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মালিক সোহেল আহম্মেদ বলেন, সপ্তাহ খানেক আগে প্রশিক্ষণ শেষ করে হাতিগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিএফআইডিসির কাপ্তাই কার্যালয়ের প্রধান মো. মোস্তফা আহম্মেদ বলেন, বাঘাইহাটে পাঁচটি হাতি থেকে দুটি বাচ্চা হাতি বিদেশে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। বিদেশে পাঠানোর জন্য বন মন্ত্রণালয় সব ব্যবস্থা করছে।