বন কেটে বিদ্যুৎকেন্দ্রের কোনো প্রয়োজনীয়তা দেখি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একান্ত সাক্ষাৎকারে রয়েল বেঙ্গল টাইগার
একান্ত সাক্ষাৎকারে রয়েল বেঙ্গল টাইগার

আলোকিত সুন্দরবন: সুন্দরবনে বিশাল বিদ্যুৎকেন্দ্র হতে চলেছে। বনের সভাপতি হিসেবে আপনার অনুভূতি কী?
টাইগার: আমি ক্ষুুব্ধ। আমি কোনোভাবেই সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র বসানো সমর্থন করতে পারছি না। বন কেটে বিদ্যুৎকেন্দ্রের কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না।
আসু: কিন্তু কেন? বিদ্যুৎকেন্দ্র হলে আপনার সমস্যা কী?
টাইগার: দেখেন, এমনিতেই আমাদের বিচরণক্ষেত্র কমে গেছে। আপনি জানেন, একটা বাঘ তার নির্দিষ্ট এলাকায় একাই বিচরণ করে। সঙ্গে থাকে একাধিক বাঘিনী। এখন, সুন্দরবন ছোট হয়ে গেলে, বাঘের বিচরণ এলাকাও কমে আসবে। তখন কি একাধিক বাঘিনী নিয়ে বিশাল এলাকায় থাকা সম্ভব? তা ছাড়া, বনে অনেক নিশাচর প্রাণী আছে, যারা দিনে ঘুমায়। বিদ্যুৎকেন্দ্রের প্রচণ্ড শব্দে তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে।
আসু: কিন্তু দেশে তো বিদ্যুতেরও দরকার আছে। এখনো অনেক গ্রামে বিদ্যুৎ নেই। এ বিষয়ে কী বলবেন?
টাইগার: অনেক গ্রামে তো বাঘও নেই। তাতে কি গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে?
আসু: কিন্তু বিদ্যুৎ ছাড়া তো উন্নয়ন সম্ভব নয়।
টাইগার: ভুল কথা। উন্নয়নের জন্য প্রথমে দরকার সদিচ্ছা। সততা, দেশপ্রেম। দেশপ্রেম থাকলে তো আমাদের ওপর এমন অত্যাচার কেউ মেনে নিত না। তাই, বিদ্যুৎ থাকলেই যে উন্নয়ন হবে, এমন কথা বলা যায় না। বরং আরও ক্ষতিই হবে।
আসু: কী ক্ষতি?
টাইগার: মানুষ প্রকৃতির কথা ভুলে যাবে। দিনরাত টিভি-ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকবে। হিন্দি সিরিয়াল দেখবে। এগুলো ক্ষতি না? মাঝে মাঝে আমাদের দু-একজন নবীন বাঘ ভুলে লোকালয়ে চলে যায়। তাদের কাছ থেকেই এসব তথ্য পাই।
সম্পাদক: চিত্রা হরিণ, ম্যানগ্রোভ লিমিটেডের পক্ষে প্রকাশক নোনা পানির কুমির কর্তৃক শরণখোলা এলাকা থেকে প্রকাশিত।