বন নিধন না করার অঙ্গীকার কাঠুরিয়াদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসময় জীবিকা নির্বাহের জন্য উখিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল থেকে আমরা কাঠ কেটেছি। এটা আমাদের ভুল হয়েছে। কিন্তু এখন থেকে আর বনের কাঠ নিধন করব না। পরিবেশ রক্ষা ও নিজেদের স্বার্থে বনাঞ্চল রক্ষায় প্রহরী হিসেবেই দায়িত্ব পালন করব।’বনের কাঠ কাটার কুফল সম্পর্কে উপলব্ধি থেকে এমন অঙ্গীকার করলেন উখিয়ার কাঠুরিয়া সব্বির আহাম্মদ (৩৫)। তাঁর সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দুই শতাধিক কাঠুরিয়াসহ অন্য পেশার লোকজন। কক্সবাজারের উখিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো বন বিভাগ, প্রশাসন, রাজনৈতিক নেতা-কর্মী, দিনমজুর এবং কাঠুরিয়াদের সমন্বয়ে সচেতনতামূলক সমাবেশ। ১৭ জানুয়ারি ইনানী রক্ষিত বনাঞ্চল সহব্যবস্থাপনা কাউন্সিলের উদ্যোগে উখিয়া বন বিভাগের বিশ্রামাগার প্রাঙ্গণে সমাবেশে উপজেলার দুই শতাধিক কাঠুরিয়া, দিনমজুর, রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে সভাপতি, অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীকে সহসভাপতি, ইনানী বনরেঞ্জ কর্মকর্তা সুনীল কুমার দেব রায়কে সদস্যসচিব করে গঠন করা হয় ১০১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি উখিয়া বনাঞ্চল রক্ষা কমিটি। হামিদুল হক চৌধুরী এ সময় কাঠুরিয়াদের উদ্দেশে বলেন, ‘এখন থেকে কাঠুরিয়ারা কাঠ কাটা ও বিক্রির পেশা পরিবর্তন করে অন্য পেশার সন্ধান করবে। এতে আমাদের সবার সহযোগিতা থাকবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘করাত কল বসিয়ে বন উজাড় এবং বন বিভাগের জমি জবরদখল করে অবৈধ বাড়িঘর নির্মাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় জনগণকে কাঠ নিধনে নিরুৎসাহিত করতে গ্রামে গ্রামে উদ্বুদ্ধকরণ সভা করার জন্য বন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান তিনি।