সকাল সোয়া নয়টার দিকে বনের কিছু ভেতরে পৌঁছেই দেখি লম্বা গাছের সারির ওপর লাফ দিয়ে কয়েকটি বানর খেলা করছে। আরে! বনমোরগ ডাকছে! পাখিরাও যেন শুনিয়ে ছাড়বে তাদের গান! রাস্তায় হাতির পদচিহ্ন! এরপর শিক্ষার্থীদের দিকে দিতে হয় মন। ছোট লতাগুল্ম থেকে বড় বড় গাছ সম্পর্কে প্রশ্ন—কোনটির নাম কী, কোনটি দেশি, কোনটি প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে আর কোনটি কোথা থেকে এনে লাগানো হয়েছে। ছাতিয়ান, সুরুজবেত, দাড়মারা, বুড়াগাছ, চুণ্ডুল, জারুল, পিথরাজ, ছাউড়া, চন্দন, বহেরা, হরীতকী, চাপালিশ, চিপা, ঝুমুরিয়া কত না গাছের সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হলো! রাঙামাটি ও কাপ্তাইয়ের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী কাপ্তাই জাতীয় উদ্যান পরিদর্শন করে। প্রাকৃতিক পরিবেশ, বনের বিভিন্ন গাছ ও বন্যপ্রাণীর আবাসস্থল সম্পর্কে জানতে শিক্ষার্থীদের হাইকিংয়ের ব্যবস্থা করেছিল আইপ্যাক (সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা প্রকল্প)। সেটা নিয়েই কথা বলছি। হাইকিং বলতে সাধারণত পাহাড়ে ওঠানামা বা বনাঞ্চলে চলাচলকে বোঝায়।সেদিন ১৭ ফেব্রুয়ারি। রাঙামাটি থেকে সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের ১৬ জন ছাত্রছাত্রী দুটি মাইক্রোবাসে করে সকাল সাড়ে আটটায় কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী নদীর তীরবর্তী আইপ্যাক কার্যালয়ে হাজির। কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীও এর আগেই পৌঁছে গেছে। আরও এলেন জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুদ আকতার আহমেদ, কাপ্তাই পরিবেশ সংরক্ষণ ক্লাবের উপদেষ্টা মাহাবুব হাসান। শুরু হয় পরিচিতি পর্ব ও হাইকিং সম্পর্কে নির্দেশনা দেওয়ার পালা। এরপর আইপ্যাকের মিডিয়া কমিউনিকেশনস কর্মকর্তা সেলিনা সুলতানা বলেন, বনকে বিরক্ত করলে বনও বিরূপ হয়। আর বনে উচ্ছৃঙ্খল আচরণ বা চিত্কার-চেঁচামিচি করলে বনে বসবাসকারী পশুপাখি বিরক্ত বোধ করে। তাতে তোমরা জীববৈচিত্র্য দেখা থেকে বঞ্চিত হবে। বনে হাঁটতে হবে সারিবদ্ধভাবে। কথা বলতে হবে যতটুকু না বললে নয়, ততটুকু।এরপর জাতীয় উদ্যানের কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের প্রবেশমুখের দিকে যাত্রা। সেখানে অপেক্ষা করছিলেন কয়েকজন বনকর্মী, রেঞ্জ কর্মকর্তা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব রফিকুল হোসাইন। তিনি বললেন, বনে ঢুকলে চোখ, কান, নাক সজাগ রাখতে হয়। চোখ দিয়ে দেখতে হয় জীবজন্তু, গাছপালা। কান দিয়ে শুনতে হয় জীবজন্তুর পদচারণ, অচেনা পশুপাখির ডাক। আর নাক দিয়ে নিতে হয় বনের নানা ফুল-ফলের গন্ধ। হিংস্র জন্তুর গন্ধ শুঁকে সাবধান হতে হয়।তিনি জানান, জাতীয় উদ্যানে কমপক্ষে ২৫ থেকে ৩০ প্রকার বড়, শক্ত ও দীর্ঘজীবী গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে অনেক বনৌষধি ও লতাগুল্ম। গাছের নাম, বন্যপ্রাণীর বিচরণক্ষেত্র সম্পর্কে কোনো পরিচিতি বা সাংকেতিক চিহ্ন না থাকার বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করলে রেঞ্জ কর্মকর্তা বলেন, আগামী কয়েক মাসের মধ্যে উদ্ভিদবিদ্যা বিষয়ে বিশেষজ্ঞ কাউকে এনে গাছগুলোর পরিচিতি নিশ্চিত হয়ে নাম লেখা হবে। তা ছাড়া হাতির পালের চলাচলের পথসহ বন্য জীবজন্তুর বিচরণক্ষেত্রগুলোতে সাংকেতিক চিহ্ন বসানোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল রিসোর্স গ্রুপ ও ইউএসএআইডি বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়ন করছে।শিক্ষার্থীরা বনে বসবাসকারী (ফরেস্ট ভিলেজার) মারমাদের একটি গ্রামে গিয়ে কথা বলেছে। তারা বনের সঙ্গে তাদের সম্পর্ক, জীবনযাপন, চলাফেরা, ছোট ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে প্রশ্ন করেছে। রাঙামাটি সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন এবং সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী সেলিনা আকতার জানান, হাইকিংয়ে এসে বন সংরক্ষণ সম্পর্কে অনেক সচেতন হলাম, আমাদের সহপাঠীদেরও এখানে আসতে বলব।রাঙামাটি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ক্রানুচিং মারমা অনেক আগে থেকে গাছপালা সম্পর্কে আগ্রহী। বাগান করারও তার খুব ইচ্ছা। কিন্তু বাবা-মা এসব চিন্তা না করে শুধু পড়তে বলেন। ভবিষ্যতে শিক্ষক হতে আগ্রহী ক্রানুুচিং বলে, এবার মা-বাবার কাছে এ অভিজ্ঞতার কথা বলব আর আমার স্বপ্ন পূরণ করতে চেষ্টা করব। একই কলেজের উ এ সি রাখাইন, সেলিনা আক্তার, উমা সিং মারমা, মেনি চাকমা, জুলিও মার্গারেট, রূপালী চাকমা, সেলিনা আক্তার, রিলিফা আফরিন জানায়, একসঙ্গে বন ঘুরতে যে এত মজা, আগে চিন্তাই করিনি। তাদের মধ্যে কে কত গাছ আর লতাগুল্মের নাম লিপিবদ্ধ করতে পারে আর পাহাড়ে আগে উঠতে পারে তার প্রতিযোগিতাও চলছে বলে তারা জানায়।কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হ্যাপী দাস জানায়, চা বাগানে বেড়ানো পর্যন্তই ছিল তার অভিজ্ঞতা। জাতীয় উদ্যানের এত ভেতরে ঘোরা তার জন্য ছিল ‘এত কাছে, তবু কত দূর!’কাপ্তাই পরিবেশ সংরক্ষণ ক্লাবের সদস্য কাপ্তাই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী কাওছার আহমেদ, এম আশেক ই এলাহী, নুসরাত ফৌজিয়া, কাজী ইফফাত জাহান, চিত্মরম উচ্চবিদ্যালয়ের আসিমা আক্তার, হ্লামে থুই মারমা, নুং মেচিং মারমা, শাকিল আহমেদ এবং কাপ্তাই কর্ণফুলী উচ্চবিদ্যালয়ের বিফা আক্তার, হ্যাপী দাস, সুমন মারমা, হ্লাচিং মারমা ও কামরুল ইসলাম জানায়, তাদের পরিবেশ সংরক্ষণ ক্লাবে প্রতি সপ্তাহে কমপক্ষে একবার পরিবেশ, বন্যপ্রাণী ও বন রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তাতে তাদের পরিবেশ প্রতিবেশ সম্পর্কে অনেক জ্ঞান বাড়ছে।ইকো ট্যুরিস্ট গাইড চিত্মরম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নান্টু চাকমার প্রত্যাশা, কাপ্তাই জাতীয় উদ্যান যেন দেশের সবচেয়ে ও বৈচিত্র্যপূর্ণ উদ্যান হয়। সে জানায়, তাদের বাড়ি উদ্যানের কাছাকাছি হওয়ায় এ সম্পর্কে সে অনেক কিছু শুনেছিল। কিন্তু ইকো ট্যুরিস্ট গাইড প্রশিক্ষণে বিস্তারিতভাবে অনেক কিছু জেনেছে। তার ইচ্ছা পড়াশোনার পাশাপাশি গাইড হিসেবে কাজ করার।