বন বাঁচাতে বুটিক প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বাঁচাতে লোহাগাড়ায় শুরু হয়েছে বুটিক প্রশিক্ষণ কার্যক্রম। বনসম্পদের ওপর নির্ভরশীল দরিদ্রদের অন্য জীবিকায় উৎ সাহিত করতে এ প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে। উল্লেখ্য, লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যের বৃক্ষ উজাড় হচ্ছে দিনের পর দিন। এতে এশিয়ার অন্যতম হাতির প্রজননক্ষেত্র চুনতি অভয়ারণ্যের প্রাকৃতিক পরিবেশ হচ্ছে বিপন্ন। জানা যায়, অভয়ারণ্যের আশপাশ এবং ভেতরে থাকা লোকজনের অধিকাংশই দরিদ্র। বেঁচে থাকার তাগিদে বিশেষ করে মহিলা ও শিশুরা চুনতি অভয়ারণ্যের কাঠ কেটে তা জ্বালানি হিসেবে বাজারে বিক্রি করে। এ জ্বালানি কাঠ সংগ্রহ করা থেকে লোকজনকে নিরুৎ সাহিত করতে ইউএসএইডের আর্থিক সহযোগিতায় এবং বন ও পরিবেশ, মৎ স্য বিভাগের সহযোগী সংস্থা আইপেকের (সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা) উদ্যোগে অভয়ারণ্যের প্রকৃতি পর্যবেক্ষণকেন্দ্র থেকে শুরু হয় ২১ দিনের স্থানীয় মহিলাদের বুটিক-বাটিক কাজের ওপর প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণার্থী রাজিয়া আক্তার বলেন, ‘অভাব-অনটনের কারণে সপ্তম শ্রেণীর পর আর লেখাপড়া করতে পারিনি। অলস সময় কাটাতাম। এখন বুটিক-বাটিক প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব।’ ১৪ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে ২১ জনকে দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রশিক্ষণার্থী রোখসানা, সালমা, আঁখি ও তসলিমা জানান, এ প্রশিক্ষণ শেষে তাঁরা নিজেরা কাজ করতে পারলে পরিবারের অভাব কমবে, পাশাপাশি স্বামী বা স্বজনদের বন নষ্ট না করতে বাধ্য করবেন। প্রশিক্ষক শাকেরা বেগম জানান, ‘শিক্ষার হার কম হলেও প্রশিক্ষণার্থীরা খুব আগ্রহ নিয়ে শিখছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা পেলে অবশ্যই সফল হবেন তাঁরা।’ অভিভাবক মিনু আরা ও সৈয়দ আহমদ বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ অবশ্যই তাঁদের স্বাবলম্বী হতে সহায়ক হবে। বনের কাঠ কাটাকে নিরুৎ সাহিত করবে। এ ব্যাপারে আইপ্যাক কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘ঢাকায় আইপ্যাকের রয়েছে নিজস্ব প্রদর্শনকেন্দ্র। প্রশিক্ষণার্থীদের কাজ ভালো মানের হলে তা আমরা নিজেরা কিনে নেব। পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি করতে সহায়তা দেওয়া হবে।’চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহবুবর রহমান প্রথম আলোকে জানান, ‘অভয়ারণ্যকে বাঁচাতে বনবান্ধব উন্নত চুলা বানানো ও নার্সারির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুটিক-বাটিক প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটলে সাধারণ মানুষ বন ধ্বংস করবে না।’ চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান বলেন, ‘এ প্রশিক্ষণ দরিদ্র মানুষকে বনের ওপর নির্ভরশীলতা কমাবে।’