বন বাঁচাতে স্ট্রবেরি

গত বছরের নভেম্বরের মাঝামাঝিতে ১৫ শতক জমিতে রোপণ করা হয় স্ট্রবেরির দেড় হাজার চারা। সব মিলিয়ে চাষের খরচ পড়েছে ৪০ হাজার টাকা। তিন মাসের মধ্যে পরিপক্ক হয়েছে ফল। ইতিমধ্যে বিক্রির আয় ৯০ হাজার টাকা। খেতে থাকা স্ট্রবেরি বিক্রি করে আরও ২০ হাজার টাকা পাওয়ার আশা চাষির। স্ট্রবেরি চাষে প্রথম বছরেই বাজিমাত। সাফল্যের এই গল্প কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা হুমায়ুন কবিরের।
গত ৩১ মার্চ সরেজমিনে দেখা যায়, হুমায়ুন কবির ও দুজন শ্রমিক খেত থেকে স্ট্রবেরি তুলছেন। এরপর ছোট ছোট বাক্সে ভরছেন। সেখানেই কথা হয় হুমায়ুনের সঙ্গে। তিনি বলেন, একসময় গাছ ও লাকড়ির ব্যবসা করতাম। পরে বুঝতে পারি এ ব্যবসার কারণে বন উজাড় হচ্ছে। জলবায়ু পরিবর্তনে প্রভাব পড়ছে। গত বছর পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ইউএসএইডের যৌথ প্রকল্প ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকো সিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের মাধ্যমে রাজশাহীর আকাফুজি এগ্রিকালচার টেকনোলজি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে স্ট্রবেরি চাষ শুরু করি।
হুমায়ুন কবির জানান, ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৪০০ কেজি স্ট্রবেরি বিক্রি করে ৯০ হাজার টাকা পেয়েছি। আরও অন্তত ২০ হাজার টাকার স্ট্রবেরি খেতে রয়েছে। এ ছাড়া খেত থেকে অন্তত ১২-১৫ হাজার চারাও উৎপাদন করা যাবে। এ চারা বিক্রি করে আরও বাড়তি আয় হবে। আগামী মৌসুমে চাষের পরিধি বাড়াবেন আশা করছেন তিনি।
শুধু হুমায়ুন নয়, বনের ওপর নির্ভরশীল আরও নয়জন নারী-পুরুষ প্রশিক্ষণ নিয়ে এখন স্ট্রবেরি চাষ করছেন। খুটাখালী এলাকায় রহিমা খাতুন, কামাল উদ্দিন, ডুলাহাজারা এলাকায় মো. ইসমাইল, সৈয়দ নূর, পারভিন আকতার, হামিদা বেগম, ফাঁসিয়াখালী এলাকায় মোহাম্মদ হোসেন, মো. মামুনুর রশিদ ও সৈয়দ হোসেন স্ট্রবেরি চাষ করছেন। তাঁরা একসময় বনের গাছ কেটে ও লাকড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। গত বছর ক্রেল প্রকল্পের মাধ্যমে রাজশাহীর আকাফুজি এগ্রিকালচার টেকনোলজি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের প্রশিক্ষণ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুরুল হোসেন। তাঁরা রাজশাহী থেকেই চারা এনে রোপণ করেছেন।
রহিমা খাতুন জানান, তাঁর স্বামী গাছ কেটে ও তিনি লাকড়ি সংগ্রহ করে সংসারের ব্যয় বহন করতেন। সংসারে অভাব লেগেই থাকত। এখন তিনি তিন শতক জমিতে স্ট্রবেরি চাষ করছেন। চলতি মৌসুমে তাঁর আয় হয়েছে ২৫ হাজার টাকা।
চাষিরা জানান, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্ট্রবেরি চারা রোপণের উপযুক্ত সময়। চারা রোপণের দেড় মাসের মধ্যে ফুল আসে। এর ১৫ দিন পরেই খেত থেকে ফল তোলা যায়।
ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলার সমন্বয়কারী মো. আবদুল কাইয়ুম বলেন, চকরিয়া উপজেলার বননির্ভর তিন হাজার মানুষকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব মানুষ কোনো না কোনোভাবে বন উজাড়ের সঙ্গে জড়িত। ১০ জন নারী-পুরুষ স্ট্রবেরি চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে প্রথম বছরেই বাজিমাত করেছেন। এখন তঁাদের দেখাদেখিতে অন্যরাও স্ট্রবেরি চাষে উৎসাহিত হচ্ছেন।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, চলতি বছর চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, ডুলাহাজারা, লক্ষ্যারচর, খুটাখালী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪০০ শতক জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে। নতুন অনেকে আগামী মৌসুমে স্ট্রবেরি চাষের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা নিচ্ছেন।