বন বিভাগের জায়গায় মুরগির খামার কমিউনিটি সেন্টার
রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় বন বিভাগের জায়গায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার ও কমিউনিটি সেন্টার। অথচ সংরক্ষিত বনের ওই জায়গা ইজারা দেওয়া হয়েছিল বনায়নের জন্য। তাও এখন নয়, স্বাধীনতার আগে ১৯৬৫ সালে। পরে ১৯৭৫ সালে এসে বন বিভাগ বাতিল করে ইজারা। কিন্তু জায়গা থেকে যায় ইজারাগ্রহীতার দখলে। খোঁজ নিয়ে জানা যায়, মুরগির খামার ও কমিউনিটি সেন্টারের মালিক রাউজান উপজেলার পাহাড়তলি এলাকার কামাল হোসেন। তিনি জমিটি ভাড়া নিয়ে এসব স্থাপনা নির্মাণ করেছেন। কামাল হোসেন জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উত্তর পাশে প্রায় সাত একর পরিমাণ ওই জমির ইজারাগ্রহীতা রাউজানের পাহাড়তলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের ফোরকান হোসেন। সরেজমিনে দেখা যায়, পাহাড়ের পাশ ঘেঁষে মুরগির খামারের জন্য ওই জমিতে সাতটি বিশাল শেড (ঘর) নির্মাণ করা হয়েছে। তার পশ্চিম পাশে গড়ে তোলা হয়েছে কমিউনিটি সেন্টার। এদিকে খামারের বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে কয়েকটি স্থানে। এসবের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সবখানে। পাশে রয়েছে তাপ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা ও আশ্রয়ণ প্রকল্প। তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, জমিটি সংরক্ষিত বনাঞ্চলের হলেও চারপাশে রয়েছে লোকালয়। লোকালয়ে খামার গড়ে তুলতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। যা নেননি তিনি। এ ছাড়া কোনো রকম অনুমোদন ছাড়াই পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন। জানতে চাইলে কামাল হোসেন বলেন, ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নিয়েছি। এ ছাড়া পরিবেশের কী ক্ষতি হচ্ছে তা বুঝলাম না। তাই ছাড়পত্র নিইনি। বরং পরিবেশ রক্ষায় বনায়নও করেছি। চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ কর্মকর্তা আবদুস সবুর জানান, দেশ স্বাধীন হওয়ার আগে বন বিভাগ বনায়নের জন্য বনের জমি ইজারা দেয়। কিন্তু বনায়ন না করায় সরকার ১৯৭৫ সালে ওই ইজারা বাতিল করে। যার ভিত্তিতে কোনো ইজারা চুক্তি বলবৎ নেই। সেই হিসেবে ওই জমি দখল সম্পূর্ণ অবৈধ। সেখানে কমিউনিটি সেন্টার ও মুরগির খামার গড়ে তোলা হয়েছে, সেটা আমাদের জানা নেই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।এ ব্যাপারে ইজারাগ্রহীতা দাবিদার মোহাম্মদ ফোরকান বলেন, ‘১৯৬৫ সালে বন বিভাগ থেকে বনায়নের শর্তে ৯০ বছরের জন্য এ জমি ইজারা নিয়েছি আমি। কিন্তু অর্থাভাবে ওই জমিতে বনায়ন করতে পারেননি। ফলে কামাল হোসেনকে বার্ষিক খাজনার ভিত্তিতে ভাড়া দিয়েছি। এতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললেও বন বিভাগের শর্ত পূরণে বনায়নও করেছেন।’ জানতে চাইলে উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মামুনুল ইসলাম বলেন, জমিটি বন বিভাগের। বনের জমি দখল করে পাহাড় কেটে কমিউনিটি সেন্টার ও মুরগির খামার গড়ে তোলা সম্পূর্ণ বেআইনি। এসব স্থাপনা গুঁড়িয়ে ওই জমি বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হবে শিগগির।