বন রক্ষায় এগিয়ে এল শিশুরা
নানা ধরনের উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে গড়ে ওঠে একটি বন। কিন্তু মানুষের হস্তক্ষেপের কারণে নষ্ট হয় এই নির্ভরশীলতার সম্পর্ক। বিপন্ন হয় বনের পরিবেশ। পরিবেশবিষয়ক সচেতনতা ছাড়া বনভূমি টিকিয়ে রাখা কঠিন। এই বাস্তবতা সামনে রেখে বন ও বন্যপ্রাণী রক্ষার আন্দোলনে নেমেছে কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সমন্বিত সংরক্ষিত এলাকা সহব্যবস্থাপনা (আইপ্যাক) প্রকল্পের উদ্যোগে উপজেলার তিনটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৭ ফেব্রুয়ারি বন পরিদর্শন করে। ১৮৫৮ সালে সৃজন করা কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত ব্যাঙছড়ি বনাঞ্চলের গাছপালা ও বন্যপ্রাণীর সঙ্গে পরিচিত হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিয়ে ব্যাঙছড়ির গভীর বনে যান আইপ্যাকের কর্মকর্তারা। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জাহিদুর রহমান শিক্ষার্থীদের বনের গাছ ও বন্যপ্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি মানবজীবনে বন ও বন্যপ্রাণীর প্রয়োজনীয়তা এবং এসব সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় আইপ্যাক প্রকল্পের সমন্বয়ক জুলিয়া চৌধুরী, মোজাম্মেল হক, ব্যাঙছড়ি বনবিট কর্মকর্তা আব্দুস ছাত্তার, ইকো ট্যুরিজমের গাইড করিম উদ্দীন ও হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নেয় বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়, কাপ্তাই উচ্চবিদ্যালয় ও চিৎমরম উচ্চবিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী। বনে গাছ কীভাবে টিকে থাকে ও বংশ বিস্তার করে সে সম্পর্কে ধারণা পেয়েছে তারা। পাতাঝরা গাছ, মিশ্র পাতাঝরা গাছ, পরাশ্রয়ী গাছ ও অর্কিডসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রথমবারের মতো দেখার সুযোগও পেয়েছে তারা। পৃথিবীর ৩০ হাজার অর্কিডের মধ্যে বাংলাদেশে আছে ২৫০ রকমের। কাপ্তাইয়ের ব্যাঙছড়ি বনাঞ্চলে আছে ১৫ রকম অর্কিড। বাংলাদেশে প্রথম সেগুনগাছের বীজ তৎকালীন বার্মা থেকে এনে কাপ্তাইয়ের রাম পাহাড়ে লাগানো হয়েছিল ১৮৭১ সালে। রাজধানী ঢাকার অনেক শৌখিন বাড়ির দেয়ালে একধরনের সবুজ লতা বা গুল্ম দেখা যায়। ওই গুল্ম মূলত পাহাড়ি লতাবট যা ব্যাঙছড়ি বনের অনেক গাছেই আছে। বাংলাদেশের সবচেয়ে বড় বৃক্ষের নাম যে বৈলাম, এটা তারা বন দেখতে এসেই জানতে পেরেছে। শিক্ষার্থী সায়মন মারমা, সাংমা প্রু মারমা ও উম্মে হাবিবা জানায়, তারা উলট কম্বল, উরিআম, ভেরেন্ডা, চুন্দল, নিশিন্দা, হরীতকী ইত্যাদি গাছের নাম প্রথম শুনল এবং দেখল। তারা জানায়, ধনেশ পাখি, চিত্রাহরিণ, মায়াহরিণ, মথুরা, উল্লুক ইত্যাদি বন্যপ্রাণীর সঙ্গে এবার পরিচয় হয়েছে তাদের। শিক্ষার্থী আব্দুল মামুন, রবিউল হাসান ও রিপা আক্তার জানায়, ‘এখানে এসে বুঝতে পেরেছি বন ও বন্যপ্রাণী মানুষের অনেক উপকারে আসে। আর মানুষের কল্যাণেই বন ও বন্যপ্রাণী রক্ষা করতে হবে।’