বন রক্ষায় গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগ
বাঘাইছড়ির পাবলাখালীর সংরক্ষিত বনাঞ্চলের আয়তন কাগজে-কলমে ২৬ হাজার একর। তবে এর মধ্যে মাত্র ৮৬ একর এলাকা বন বিভাগের নিয়ন্ত্রণে আছে। সংরক্ষিত এই বনের বিশাল এলাকা একরকম অরক্ষিতই ছিল; বিশেষ করে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর দুর্ভেদ্য এই বনে বনদস্যুদের উৎপাত বেড়ে যায়। বন উজাড় হতে দেখে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বনের আশপাশে বসবাসকারী চার গ্রামের মানুষজন। আজ থেকে ১৪ বছর আগে তাঁরা গঠন করেন বন সংরক্ষণ কমিটি। সেই কমিটির সদস্যরা বুক দিয়ে বন আগলে রেখেছেন। চোরাশিকারি ও বনদস্যুদের সঙ্গে লড়াই করে টিকিয়ে রেখেছেন বনের গাছপালা ও পশুপাখি। চার গ্রামের মানুষজন প্রায় পাঁচ হাজার একর বনভূমি নিয়মিত পাহারা দেন। বন থেকে তাঁরা সংগ্রহ করেন মধু, শণ ও ফলমূল। এ ছাড়া প্রাকৃতিক এ বনটি তাঁদের বড় পানির উৎসও। চৈত্র মাসেও বনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঝিরি-ঝরনা শুকায় না। গ্রামবাসী বুঝতে পেরেছেন, বনের অস্তিত্বের সঙ্গে নিজেদের অস্তিত্ব জড়িত। তাই বন রক্ষার এমন ব্যতিক্রমী উদ্যোগ।বাঘাইছড়ির পাবলাখালীর সারোয়াতলী এলাকায় এই সুরক্ষিত বনের অবস্থান। বন সংরক্ষণ কমিটির নিয়মিত পাহারার কারণে এ বনে এখনো নানা প্রজাতির বড় বৃক্ষ, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ ও পাখি দেখা যায়। সম্প্রতি পাবলাখালী বনের সারোয়াতলী এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে। বনের এই অংশে প্রবেশ করলেই উল্লুকের ডাক শোনা যায়। গাছে গাছে হনুমান ও বানর চোখে পড়ে। একটু ভেতরে গেলে চোখে পড়ে হরিণের পাল। এ ছাড়া বন্যশূকর, বনছাগল, ভালুক, হাতি, বনবিড়ালেরও এই বনে সহজে দেখা মেলে। বনমোরগ, টিয়া, ধনেশ, ময়না, হরিয়াল, ঘুঘুসহ অসংখ্য পাখিও আছে এই বনে। আছে নানা প্রজাতির সাপ ও উভচর প্রাণী।বন সংরক্ষণ কমিটির সদস্যরা জানান, ১৯৯৮ সালের ১ জানুয়ারি বন সংরক্ষণ কমিটি গঠন করা হয়। সারোয়াতলী গ্রামের জ্ঞান প্রকাশ চাকমাকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি বন রক্ষার্থে চার গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষিত বন থেকে গাছ ও বাঁশ না কাটার জন্য সবাইকে অনুরোধ করেন এবং জনমত গড়ে তোলেন। পালা করে বন পাহারা দেওয়ার সিদ্ধান্তও হয়। কেউ গাছ বা বাঁশ কাটলে সামাজিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়। সারোয়াতলী, পেরাছড়া, মাউদতাং ও তাংগুমাছড়া গ্রাম ছাড়াও আশপাশের গ্রামের লোকজনের কাছে বন সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন কমিটির সদস্যরা।বন রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞান প্রকাশ চাকমা প্রথম আলোকে বলেন, ‘২৬ হাজার সংরক্ষিত বনের মধ্যে ২১ হাজার একর বন এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। আমরা অনেক কষ্ট করে নিজেরাই বন রক্ষার উদ্যোগ নিয়েছি। কিন্তু আগামী দিনে এই বন রক্ষা করতে পারব কি না, বুঝতে পারছি না। ভূমিদস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। বন্যপ্রাণীও নিধন হচ্ছে। সরকারি বা বন বিভাগের সহযোগিতা পেলে বনটি নিশ্চিতভাবে রক্ষা করা যাবে।’পাবলাখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘বন রক্ষা করতে আমরা ব্যর্থ হলেও গ্রামবাসী এখনো বনটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। বর্ষা মৌসুম চলে গেলে বনটি জরিপ করে বন সংরক্ষণ কমিটির সঙ্গে যৌথভাবে কাজ করার চিন্তাভাবনা আছে আমাদের। জেলা বন বিভাগকে এ বিষয়ে জানানো হয়েছে।’সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়নন্দ চাকমা বলেন, ‘ওই বনে পানির উৎস থাকায় আশপাশের সাড়ে ৪০০ একর তিন ফসলী জমিতে সেচ দেওয়া যাচ্ছে।’