বন রক্ষায় হাতে হাত ধরে শপথ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফে নেচার পার্কে প্রকৃতি পর্যবেক্ষণে শিক্ষার্থীদের দল l প্রথম আলো
টেকনাফে নেচার পার্কে প্রকৃতি পর্যবেক্ষণে শিক্ষার্থীদের দল l প্রথম আলো

বন রক্ষায় হাতে হাত ধরে শপথ নিল কক্সবাজারের টেকনাফের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী। ১৯ জানুয়ারি সকালে টেকনাফের মোচনি এলাকার সংরক্ষিত বন টেকনাফ নেচার পার্কে শিক্ষার্থীদের এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা ক্লাইমেট রিজিলিয়েন্ট ইকোসিস্টেম আ লাইভলিহুড (ক্রেল)।
‘তারুণ্যের প্রকৃতি অন্বেষণ’ স্লোগান নিয়ে শুরু হওয়া কর্মসূচিতে ছিল প্রকৃতি পর্যবেক্ষণও। এতে অংশ নেয় টেকনাফ ডিগ্রি কলেজ ও হ্নীলার মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা। শপথগ্রহণের আগে শিক্ষার্থীরা পরিচিত হয় বনের গাছপালা ও পশুপাখির সঙ্গে। তাদের সঙ্গে ছিলেন বন কর্মকর্তা, ক্রেল কর্মকর্তা ও সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সফরে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির গাছ ও পশুপাখির স্থানীয় ও বৈজ্ঞানিক নাম, স্বভাব ও খাদ্যাভ্যাস খাতায় লিখে নেয়। এরপর নেচার পার্কের বিশ্রামাগারে এসে হাতে হাত ধরে প্রকৃতিকে রক্ষায় শপথ নেয় তারা।
প্রকৃতি রক্ষার এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন জেলা ক্রেল প্রকল্পের যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সেন, রেডিও নাফের ব্যবস্থাপক মো. ছিদ্দিকুর রহমান, টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষক আবু তাহের, হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক সাহাব উদ্দিন, মোচনি বিট কর্মকর্তা মো. জসিম উদ্দিন এলাহী, ক্রেলের টেকনাফের সমন্বয়কারী খান মুহাম্মদ মুজাহিদ ইবনে হাবিব।
তারুণ্যের প্রকৃতি অন্বেষণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বনের উদ্ভিদ ও পশুপাখির ছবি এঁকে জমা দেবে ক্রেল কার্যালয়ে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ছবি। পরে আঁকিয়েদের পুরস্কৃতও করা হবে।