কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল দিন দিন উজাড় হয়ে যাচ্ছে। লোকবলের অভাবে বনদস্যুদের কবল থেকে বনাঞ্চল রক্ষা করতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে বন বিভাগ। দিনদুপুরে পাহাড়ি বনাঞ্চলের গাছ কাটা হচ্ছে। কিন্তু এ নিয়ে বন বিভাগের স্থানীয় বিট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা রহস্যজনকভাবে নীরব। এদিকে নির্বিচারে গাছ কাটার ফলে বনাঞ্চল ন্যাড়া পাহাড়ে পরিণত হচ্ছে। মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বড়মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ও ছোটমহেশখালী ইউনিয়নের বন বিভাগের পাঁচটি বিটের আওতায় পাহাড়ের সরকারি বনাঞ্চল থেকে গাছ কেটে বাইরে পাচার করছে স্থানীয় বনদস্যুরা। সরকারি বাগানের সেগুন, গর্জন, কড়ই, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে রাতের অন্ধকারে উপকূলীয় দ্বীপ মহেশখালী চ্যানেল ও সড়কপথে বদরখালি হয়ে চকরিয়া পাচার করা হচ্ছে। বন বিভাগের কর্মচারীরা তা বন্ধ করতে পারছেন না। বনাঞ্চল পাহারা দিতে গিয়ে গত দুই মাসে বনদস্যু ও বনকর্মীদের মধ্যে চারবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং চারজন বনদস্যুকে আটক এবং প্রায় ৫০০ ফুট সরকারি বাগানের গাছ উদ্ধার করেছেন বনকর্মীরা। লোকবল সংকটের কারণেই বনদস্যুদের হাত থেকে বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না বলে জানালেন বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান। ১২ আগস্ট সরেজমিনে দেখা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া বিটের আওতায় কড়াই বনিয়া বনাঞ্চল থেকে শতাধিক গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। আর অনেক গাছ কাটা অবস্থায় পাহাড়ের ঢালুতে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া একই এলাকার মিথিয়ারছড়া বাগানের অবস্থা আরও করুণ। এখান থেকে সেগুন, গর্জনসহ বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছ বনদস্যুরা কেটে নিয়ে গেছে। ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহির পাড়ার বাসিন্দা নবীর হোছাইন বলেন, ‘কড়াই বনিয়া সরকারি বনাঞ্চলের গাছ দীর্ঘদিন ধরে পাহারাসহ রক্ষণাবেক্ষণ করে আসছি। কিন্তু দিনদুপুরে একদল বনদস্যু শতাধিক গাছ কেটে নিয়ে গেলেও এ নিয়ে স্থানীয় বিট অফিস কোনো ব্যবস্থা নেয়নি।’বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে জানান, উপকূলীয় বন বিভাগ মহেশখালী রেঞ্জের অধীনে পাঁচটি বিট অফিসে ৫০ জন লোক থাকার কথা। আছে শুধু ২০ জন। তার মধ্যে বনপ্রহরী রয়েছেন মাত্র আটজন। এ কারণে ১২ হাজার একর বনাঞ্চল পাহারা দিতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, বনাঞ্চল রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া দরকার। এ ব্যাপারে বহু লেখালেখি করেও কাজ হয়নি। এ প্রসঙ্গে মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বনদস্যুরা গাছ কেটে নিয়ে পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে।