কক্সবাজারের রামু উপজেলার বন বিভাগের বাঁকখালী রেঞ্জের অধীনে প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর বন আছে। পাহারায় আছেন মাত্র সাতজন প্রহরী। তাঁরা ঠিকমতো টহলে যেতে পারেন না। জনবল-সংকটের কারণে প্রহরীদের পাহারা দিতে হয় কার্যালয় ও কাঠের গুদাম (ডিপো)। বাঁকখালী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এ রেঞ্জের অধীনে তিনটি বিট কার্যালয়ের মধ্যে বাঁকখালী বিটে ১৫৯০.১৮ হেক্টর, গিলাতলী বিটে ১৮৯১.১৩ হেক্টর এবং কচ্ছপিয়া বিটে ১৮৬৩.৬২ হেক্টর সংরক্ষিত বনভূমি রয়েছে। এসব বন পাহারার জন্য ১১ জন প্রহরীর মধ্যে কর্মরত আছেন সাতজন। এ ছাড়া বন কর্মকর্তা (ফরেস্টার) ছয়জনের মধ্যে কর্মরত আছেন তিনজন। ডেপুটি রেঞ্জারের তিনটি পদই শূন্য।রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল ওহাব জানান, বাঁকখালী বিটে পাঁচজন প্রহরীর মধ্যে কর্মরত আছেন দুজন। তাঁরা গেট, নদী ও ডিপো পাহারা দেন। তাই বন পাহারা তেমন একটা হয় না। জনবলের অভাবে যন্ত্রের মতো দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করলেও কাজের শেষ নেই।প্রহরীরা জানান, এ রেঞ্জে যানবাহন-সংকটও দীর্ঘদিনের। বাঁকখালী বিটে একটি মোটরসাইকেল আছে, তা-ও প্রায় সময় বিকল থাকে। বাকি দুই বিটে কোনো যানবাহন নেই। তাই প্রতিদিন আট থেকে ১০ কিলোমিটার পাহাড়ি ও কাঁচা পথে হেঁটে টহল দিতে হয়। বিভিন্ন সময় খবর পেলেও যানবাহনের অভাবে অভিযানে যাওয়া সম্ভব হয় না। গেলেও উদ্ধার করা কাঠ আনা-নেওয়ায় ভোগান্তির শেষ নেই। এ ছাড়া যে সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আছে এর বেশির ভাগ অকেজো। বিট কর্মকর্তা মো. আল ইয়াদুল বারী জানান, তাঁর এবং রেঞ্জ কর্মকর্তার বাসা দুটি অনেক আগেই পরিত্যক্ত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে দুটি ঘর এতই জরাজীর্ণ যে বৃষ্টির সময় পানি পড়ে। সামান্য বৃষ্টি এবং নদীতে পানি বাড়লেই ঘরের ভেতর পানি ঢোকে। কচ্ছপিয়া বিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বলেন, ‘এ বিটে প্রায় দুই হাজার হেক্টর বনরক্ষায় তিনি ছাড়া আছেন একজন প্রহরী ও একজন নৌকাচালক। বন পাহারা তো দূরের কথা, যানবাহন না থাকায় ঠিকমতো অভিযানেও যাওয়া যায় না। তিনি জানান, কচ্ছপিয়া বিট কার্যালয় থেকে দোছড়ি নারকেল বাগান এলাকায় টইল দিতে প্রতিদিন আট থেকে ১০ কিলোমিটার পথ হেঁটে আসা-যাওয়া করতে হয়। এতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়।’ কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আহম্মদ নিয়ামুর রহমান বলেন, ‘উত্তর বন বিভাগে প্রায় ১০০টি পদ শূন্য। কর্মকর্তা-কর্মচারীদের বাসগৃহগুলো বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। জনবল বাড়ানোসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি।’