ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি—এই তিন মাস অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল। বুশ ফায়ার বা বনবহ্নি নিত্যকার ঘটনা। কারণ, দিনের সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ২৬ থেকে ২৮ ডিগ্রি হলেও মাঝেমধ্যে মা-প্রকৃতি রুদ্রাঙ্গিনীর রূপ ধারণ করে। বাতাস একেবারে শুষ্ক, তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, সেই সঙ্গে ঝোড়ো বাতাস। আর এই তিন জিনিস একসঙ্গে হলে বনাঞ্চলে আগুন ধরে যেতে বেশি সময় লাগে না এবং তা চারদিকে ছড়িয়ে যায় আরও কম সময়ে। এখানে এটাই নিয়ম হয়ে গেছে, বাড়ির কাছাকাছি আগুন ধরে যাওয়ার আশঙ্কায় দিন গোনা। তা ছাড়া অসহনীয় গরম তো আছেই। ২০০৯ সালের ৭ ফেব্রুয়ারি, শনিবার, ভয়াবহ বনবহ্নিতে মেলবোর্নের অদূরে দুটি শহর—কিং লেইক আর ম্যারিসভিল— নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেই সঙ্গে গিয়েছিল ১৭৩টি প্রাণ, অগুনতি পশুপাখি, হাজার হাজার একরের গাছগাছালি। সেদিনটি কালো শনিবার হিসেবে অপরিসীম দুঃখের সঙ্গে সবার স্মৃতিতে অম্লান। সেই সঙ্গে কিন্তু এ বছর মা-প্রকৃতির মনে ছিল অন্য কিছু। দিনটি ছিল ৪ ফেব্রুয়ারি, শুক্রবার। মেলবোর্ন একই দিনে চার ঋতুর জন্য বিখ্যাত। সুতরাং, প্রতিদিনের আবহাওয়া জেনে রাখতে হয়। জেনেছি বৃষ্টি হবে, সেটা মাথায় রেখেই তৈরি হয়ে নিলাম বিকেলবেলায় এক জায়গায় জরুরি মিটিংয়ে যোগ দেব বলে। প্রায় সোয়া এক ঘণ্টা গাড়িচলা দূরত্ব। সোয়া এক ঘণ্টার দূরত্ব এ দেশে খুব কম নয়, প্রায় ৫০ কিলোমিটার। ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই এক-দুই ফোঁটা বৃষ্টি পড়ল গায়ে। যথেষ্ট আলো থাকায় ওই কয়েক ফোঁটা বৃষ্টিকে অগ্রাহ্য করে আমাদের যাত্রা শুরু হলো। গাড়ির সামনের জানালার বাইরে ওয়াইপার ঢিমেতালে ডানে-বাঁয়ে দুলছে—হুস হুস। আকাশে শেষ বেলার সূর্য বিশাল কালো মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে এবং মেঘের জয়ই হচ্ছে অনুক্ষণ; সূর্যদেব ঠিক পেরে উঠছে না। মিনিট দশেক পরে হাইওয়েতে যখন উঠেছি, ততক্ষণে সূর্যদেব পুরোপুরি হার মেনেছে। ঘন কালো অন্ধকার, ঝোড়ো হাওয়া, ঝুমবৃষ্টি, মেঘের গর্জন আর সেই সঙ্গে বিজলির চমক। এবার ওয়াইপার দুলছে দ্রুত তালে, তবু সামনে ভালো করে দেখা যাচ্ছে না। মেঘে মেঘে যেন মল্লযুদ্ধ বেধে গেছে। এত বছর মেলবোর্নে আছি, বৃষ্টির এমন ঘনঘটা দেখিনি। আমাদের গাড়ি তবু ছুটে চলেছে ১০০ গতিসীমার সড়কে ৫০ কিলোমিটার গতিতে। পথের দুই ধারে বেশির ভাগ গাড়ি থেমে গেছে, এই বুনো বৃষ্টি থামবে এই আশায়। ভাবছিলাম, তারা নিশ্চয় সবাই আমার মতো আনাড়ি চালক। কেননা, আমাদের গাড়িটি তো দিব্যি মসৃণভাবে এগিয়ে চলেছে, যেহেতু আমি ড্রাইভিং সিটের পাশে বসেছি। হাইওয়ের এই সময়টুকু ক্রান্তিকাল মনে হতে লাগল, কখন শেষ হবে সেই ক্ষণ গুনছি। বৃষ্টির প্রতি ভালোবাসা ইতিমধ্যে ভীতিতে রূপান্তরিত হয়েছে। বৃষ্টি আর থামতেই চায় না, যেন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে।যে বন্ধুর বাড়িতে মিটিং ডাকা হয়েছিল, তাদের এলাকায় ঢোকার আগেই বড় রাস্তায় অনেক পানি জমে গেছে। কয়েক কিলোমিটার লম্বা যানজট তৈরি হয়েছে। মোটামুটি শম্বুকগতিতেই চলছি, বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী। দুই মিনিটের পথ ২০ মিনিটে এসে দেখলাম, প্রায় ৫০ মিটার অবতল পথে অর্ধগাড়ি সমান উঁচু পানি জমেছে। এক-আধজন সাহস করে সেটা পাড়ি দিচ্ছে, অবশ্য ইন্স্যুরেন্স করা থাকলে এমন সাহস করতে খুব বেশি বীরত্বের প্রয়োজন হয় না। অনতিদূরে একটি গাড়ি দেখা গেল, এই সাহসের পরিণতিতে বিশাল জলময় পথে আটকে গেছে। আমরা আমাদের ছোট্ট সাহিত্য দলের অদম্য সদস্য, আমরা মিটিংয়ে যাবই। সুতরাং গাড়ি ঘুরিয়ে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। লোকজন, এমনকি ১০-১২ বছরের শিশুরাও—ছাতা মাথায় এই ঝড়-জলের সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে, অলিগলির কোনায় দাঁড়িয়ে আমাদের মতো ওই এলাকায় অনভ্যস্ত লোকজনকে দিকনির্দেশনা দিচ্ছে। এত সহযোগিতা সত্ত্বেও গোল বাধাল আমাদের জিপিএস যন্ত্র। এর ভেতর যে ভদ্রমহিলা অনবরত ডানে-বাঁয়ে যেতে বলেন, তিনি ভাবলেন আমরা পথ হারিয়েছি। একটু সম্পূর্ণ ভিন্নপথে গিয়ে অন্য দিক থেকে যাওয়ার চেষ্টা করলাম; এবার জিপিএস ঠিক জায়গামতো নিয়ে এল বটে, কিন্তু গলির মুখে এমন পানি জমেছে যে একটু থমকে যেতে হলো। আবার সভাপতির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলাম, তিনি পাঁচ কিলোমিটার দূরে থাকেন, বৃষ্টির জন্য এখনো মিটিংয়ের পথে বের হননি। বললেন তাঁর বাড়িতে চলে যেতে এবং সবাইকে বলবেন, মিটিংয়ের জায়গা বদল হয়েছে আবহাওয়াজনিত কারণে। আবার গাড়ি ঘোরানো হলো, খানিকটা যেতেই সামনে দেখি বিশাল জলরাশি, ঠিক কতটা গভীর গাড়ির ভেতর থেকে ঠাওর করা যাচ্ছে না। আশপাশে কোনো সুহূদ বা পুলিশ চোখে পড়ল না। আমরা সাহস করে নেমে পড়লাম, আর তখনই বুঝলাম গভীরতা কম নয়, অর্ধগাড়িসম, আর ফেরাও সম্ভব নয়। তখন রাত হয়ে গেছে, আরও বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। গাড়ি যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, কী করব তাই ভাবছি; সাঁতারটাও ভালো করে জানি না। হঠাৎ একটা ঘটাং শব্দ হলো। কী হলো ঠিক বুঝলাম না। মনে হলো নিথুয়া পাথার। এই প্রথম বাড়িতে নিরাপদে রেখে আসা ছেলেমেয়েদের কথা মনে পড়ল। ওরা কেমন আছে! ঝড়ঝঞ্ঝায় ভয় পায়নি তো! যদি আজ আমার কিছু একটা ভালোমন্দ হয়ে যায়, ওদের সামনে তো অকূল পাথার। তিন মিনিটে আমি আকাশ-পাতাল ভেবে ফেললাম, পথটা ছিল তিন সেকেন্ডের। আমার সুনিপুণ চালক অত্যন্ত সাবধানতার সঙ্গে এই সমুদ্র পেরিয়ে এলেন। গাড়ির কোনো ক্ষতি হয়নি, আমরা দুজন অক্ষত অবস্থায় সভাপতির বাড়ির সামনে নেমে দেখলাম, পানির তোড়ে গাড়ির নম্বরপ্লেট খুলে গিয়ে এক কোনা থেকে কোনোমতে ঝুলছে। মাত্র দুই বছরের পুরোনো গাড়িতে এই ক্ষতি আজ অতি সামান্য মনে হলো।