সংগীত ভবনের অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী বনবীথি সেনগুপ্তা। ২১ মে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গান ও কথামালায় এই শিল্পীকে স্মরণ করা হয়। বনবীথি সেনগুপ্তার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে সংগীত ভবন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পীর জীবনী পাঠের মাধ্যমে শুরু হয় আয়োজন। জীবনী পাঠ করেন সাদিয়া কবির। এরপর ছিল রাগ ভূপালীর পরিবেশনায় মুগ্ধ হওয়ার পালা। আহমেদ সাওয়াদ, তওসিফ তামিম এবং আশাবরী ইরাবান এই তিন শিল্পীর রাগ ভূপালীর পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। এরপর কথামালায় তুলে ধরা হয় শিল্পী বনবীথি সেনগুপ্তার কর্ম। বক্তব্য দেন সাংবাদিক এজাজ ইউসুফী ও শিল্পী দিলরুবা আহমেদ। আলোচনার পর কলাবতি রাগে খেয়াল ও তারানা পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সভাপতি অসিত রায়। শেষে পদ্মিনী দে-র একক সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।