প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়গুরু বনভান্তেখ্যাত সাধনানন্দ মহাস্থবিরের মৃত্যুতে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ শোকাহত হয়েছে। সোমবার বিকেলে মুঠোফোনে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছালে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে আসে। খাগড়াছড়ির ধর্মপুরস্থ আর্য বন বিহারে বনভান্তের উদ্দেশে নিবেদিত ধর্মীয় অনুষ্ঠান আগে থেকেই নির্ধারিত ছিল। বনভান্তের মৃত্যুসংবাদ পৌঁছার পর পুণ্যার্থীরা কান্নায় ভেঙে পড়েন। বিভিন্ন জায়গা থেকে শোকার্ত মানুষজন বনভান্তের প্রতিষ্ঠিত আর্য বন বিহারে এসে জড়ো হতে থাকে। আর্য বন বিহারের অধ্যক্ষ ও বনভান্তের শিষ্য প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে এক বক্তৃতায় বলেন, ‘এই সময়ে সুজ্ঞান, সুচিন্তা, সত্য চিন্তা ও সুশৃঙ্খল চিন্তা দিয়ে আমাদের চলতে হবে।’