
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শত বছরের পুরোনো জাহাজপুরা গর্জন বনের পাশে শিলখালী সংরক্ষিত বনভূমি দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। এক পক্ষ বনভূমি দখল করলে অন্য পক্ষ হামলা চালিয়ে পুনর্দখল করছে।
গত ২৬ আগস্ট বনভূমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে ওই বনের ৪০ একর বনভূমি বিএনপির নেতা-কর্মীদের দখলে রয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত ১ আগস্ট রাতে আওয়ামী লীগের ৫০-৬০ জন নেতা-কর্মী ওই বনের ১৫ একর বনভূমি দখল করে তাতে কয়েকটি ঘরবাড়ি তৈরি করেন। প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে লেখালেখি হলে ১২ আগস্ট সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজির নেতৃত্বে পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দখলদারদের উচ্ছেদ করে। কিন্তু অভিযান শেষ হওয়ার পর বাহারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম ওরফে আবুর নেতৃত্বে ৪০-৫০ জন লোক ওই বনভূমি পুনরায় দখল করে নেন।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম চৌধুরী বলেন, আগের দখলদারদের উচ্ছেদ করে ১৫ একর বনভূমি বিএনপির নেতা আবুল কালামসহ ৪০ জনকে বুঝিয়ে দিয়েছেন স্থানীয় বনকর্মীরা। এর বিপরীতে ছয় লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ফলে দখলদাররা ১৫ একরের পাশে আরও ২৫ একর বনভূমি দখল করে সরকারি গাছপালা উজাড় করলেও বনকর্মীরা নীরব ভূমিকা পালন করছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজনকে বনভূমি থেকে উচ্ছেদ করে বনকর্মীরা জমিটি নিজেদের দখলে না নিয়ে টাকার বিনিময়ে বিএনপি নেতা-কর্মীদের হাতে তুলে দিয়েছেন। দখলদার উচ্ছেদ ও বনকর্মীদের ঘুষ গ্রহণের ব্যাপারে বনমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবরে অভিযোগপত্র প্রেরণ করা হয়েছে।
১ সেপ্টেম্বর সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, স্থানীয় বিএনপি সমর্থক ছৈয়দুল ইসলাম, মো. হোছনসহ অন্তত ৩০ জন লোক বনভূমি পাহারা দিচ্ছেন। তাঁদের অনেকের হাতে রয়েছে লাঠি। কিছু লোক বনের জমিতে ঘরবাড়ি তৈরি করছেন।
বনভূমিতে অবৈধভাবে ঘরবাড়ি তৈরির কারণ জানতে চাইলে ছৈয়দুল ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন, আগে এই বনভূমি আওয়ামী লীগের লোকজন ভোগ করত। এখন আমরা করছি। এ জন্য বনকর্মীদের ম্যানেজ করা হয়েছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় শিলখালী বন রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১২ আগস্ট বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হলেও পরবর্তী সময়ে ওই বনভূমি আরেকটি দল পুনরায় দখলে নেয়। এর বিপরীতে ছয় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সত্য নয়। ওই এলাকার ৭০ একর বনভূমির মধ্যে বর্তমানে ৪০ একর অবৈধ দখলে চলে গেছে। এখন আওয়ামী লীগ-বিএনপি (দুই পক্ষের) ৭০ জনকে ( জনপ্রতি এক একর করে) ৭০ একর বনভূমি ইজারা দিয়ে সামাজিক বনায়ন সৃজনের উদ্যোগ চলছে। এ ছাড়া বনভূমি রক্ষা সম্ভব হচ্ছে না।
বনভূমি দখল প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও বিএনপির নেতা আবুল কালামকে পাওয়া যায়নি।
সহকারী বন-সংরক্ষক রেজাউল করিম চৌধুরী বলেন, দখলদােররা রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় বারবার বনভূমি দখলের সাহস পাচ্ছে। এ ব্যাপারের ২০ জন দখলদারের বিরুদ্ধে কক্সবাজার আদালতে স্থানীয় শিলখালী বনবিট কর্মকর্তা ওমর আলী গাজী বাদী হয়ে একটি মামলা করেছেন।
মামলার বাদী ওমর আলী গাজী বলেন, ৪০ একর বনভূমি দখলের পাশাপাশি দখলদােররা পাশের দেড় শ বছরের পুরোনো ২৫০ একরের (মাদার ট্রি) ধলি গর্জন বন ধ্বংসের চক্রান্ত করছে। এই বনে শতবর্ষী গর্জনগাছ রয়েছে প্রায় সাত হাজার। প্রতিটি গাছের বাজারমূল্য তিন থেকে চার লাখ টাকা।