বনভূমিতে তামাকের বিষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক বনায়নের জমি ও বনভূমিতেও চলছে তামাক চাষ। এ ছাড়া সরকারি খাসজমি এবং নদীর পারে এ বছর তামাক চাষ আশঙ্কাজনক হারে বেড়েছে। এ নিয়ে বন বিভাগ কয়েকবার অভিযান চালালেও উপজেলা প্রশাসন নিশ্চুপ।চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর রামুতে প্রায় চার হাজার একর জমিতে তামাক চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার একর সরকারি খাসজমি ও বনভূমি। ফলে হুমকির মুখে পড়ছে বন ও পরিবেশ। এসব জমিতে উৎপাদিত তামাক পোড়ানোর জন্যও প্রায় দুই হাজার তামাক চুল্লি তৈরির প্রস্তুতি চলছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড়, রাজারকুল ও ফতেখাঁরকুল ইউনিয়নের বিভিন্ন স্থানে তামাক চাষ করা হয়েছে। এসব এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি সরকারি খাস ও পতিত জমি, বাঁকখালী নদীরপার এবং সামাজিক বনায়নের জমিতে তামাকের আবাদ করা হয়েছে।গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, কচ্ছপিয়া ও গর্জনিয়ায় বনভূমি ও সরকারি খাস জমিতে এবার ব্যাপক হারে তামাক চাষ হয়েছে। এমনকি সামাজিক বনায়নের জমিতেও চাষ হয়েছে। অথচ তামাক চাষ বন্ধে সরকারি কোনো তৎপরতা নেই।গর্জনিয়ার তামাকচাষি আবদুল হালিম ও নুরুল আমিন বলেন, ‘সবজি বা অন্যান্য ফসলের আবাদ করলে প্রয়োজনমতো সার মেলে না। এ ছাড়া তামাক চাষে কোনো ভোগান্তি নেই, লাভ বেশি। আর সবজি চাষে নানা ঝামেলা।’কাউয়ারখোপের মনিরঝিল এলাকার বাসিন্দা এম সোলতান আহম্মদ মনিরী জানান, তামাক চাষ স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও গ্রামের সহজ-সরল মানুষ বেশি লাভের আশায় তামাক চাষের দিকে ঝুঁকছেন। তা ছাড়া তামাকখেতের জন্য বিভিন্ন তামাক কোম্পানি সহজ শর্তে ঋণ দেওয়ায় চাষিরা উদ্বুদ্ধ হচ্ছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলার সভাপতি মোহাম্মদ আলম জানান, রামুতে নদীর পার, সরকারি খাসজমি ও বনাঞ্চলের ভেতরেও তামাক চাষ করা হয়েছে। এটা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অশনি সংকেত। সরকারি ভূমিতে তামাক চাষ বন্ধে আগে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের তৎপরতা দেখা গেলেও এ বছর তা দেখা যাচ্ছে না । বিষয়টি রহস্যজনক। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন জানান, তামাকের গাছ থেকে শুধু পাতা সংগ্রহ করা হয়, তাই পাতা বড় করার জন্য খেতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন চাষিরা। অতিরিক্ত সার ব্যবহারের কারণে একদিকে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়, অন্যদিকে সার সংকট দেখা দেয়। আবার তামাক পোড়ানোর চুল্লিতে কাঠ পোড়ানোর কারণে বনাঞ্চলও উজাড় হয়ে যাচ্ছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বনাঞ্চলে তামাকের আবাদ করার কথা স্বীকার করে কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল ওহাব জানান, সামাজিক বনায়নের জমিতে তামাকের আবাদ করায় গত তিন মাসে প্রায় ২০ একর তামাকখেত ও বীজতলা ধ্বংস করা হয়েছে। মামলাও করা হয়েছে পাঁচটি। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বন বিভাগের নিষ্ক্রিয়তার কারণে বনের ভেতরে তামাক চাষ বাড়ছে। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিগগির অভিযান চালানো হবে।’