বনভূমিতে ১০ হাজার ঘরবাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সংরক্ষিত বনভূমি ও পাহাড় দখল করে স্থানীয় লোকজন অন্তত ১০ হাজার ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছে। পাহাড় কেটে এসব ঘরবাড়ি তৈরি করলেও তাদের উচ্ছেদে বন বিভাগ কোনো উদ্যোগ নিচ্ছে না। অভিযোগ রয়েছে, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আঁতাত করে এসব স্থাপনা গড়ে তোলা হচ্ছে।
বন বিভাগের মহেশখালী রেঞ্জ সূত্র জানায়, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার একরের সংরক্ষিত পাহাড়ি বনভূমিই রয়েছে অবৈধ দখলে। এসব বনভূমির দখল করে বসবাস করছে অন্তত ৬০ হাজার লোকজন।
জানা যায়, ১৯৭১ সালের পর থেকে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন সংরক্ষিত বনভূমির ভেতরে পাহাড়ে আশ্রয় নেয়।
পরে পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপন করা শুরু করে তারা। তাদের বেশির ভাগ ছিন্নমূল মানুষ। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকে বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বলে বন বিভাগের কর্মকর্তাদের দাবি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালামারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নে সংরক্ষিত বনভূমির ভেতরে হাজারো ঘরবাড়ি। পাহাড়ের পাদদেশ ও চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এখানকার বাসিন্দারা। পুরোনো ঘরের পাশের নতুন ঘরও দেখা গেছে কিছু কিছু স্থানে।
হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়ার পাহাড়ি এলাকায় বসবাসরত মোহাম্মদ আলম, নুরুল হাসেম ও মরিয়ম বেগম জানান, ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ের আঘাতে ধলঘাটার সরইতলায় তাঁদের ঘরবাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এরপর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে পরিবার-পরিজন নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। এখান থেকে সরে অন্যত্র বসতঘর করার সামার্থ্য তাঁদের নেই। তাই ঝুঁকি জেনেও পাহাড়ে বসবাস করছেন তাঁরা।
কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম জানান, এখানে বন বিভাগের পাহাড় দখল করা সহজ। এতে স্থানীয় বনকর্মীরাই সাহায্য করেন। বেশির ভাগ ঘর তৈরি করা হয় রাতের আঁধারে। এ পর্যন্ত কালারমারছড়ায় কখনো উচ্ছেদ অভিযান চালাতে দেখা যায়নি। ফলে, সংরক্ষিত বনভূমিতে নতুন নতুন ঘরবাড়ি গড়ে উঠছে।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, ‘অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য ইতিমধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে কাছে বেশ কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। কারণ, আমাদের একার পক্ষে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব নয়। এসব ঘরের বাসিন্দারা স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকে। তবে বন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আঁতাত থাকার কথা ঠিক নয়।’