বনরূপসী দেবলছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশে চায়ের বাগান। চায়ের পাতায় কোথাও হালকা ধুলার স্তর, কোথাও রোদ ঝলমল করছে। কোনো কোনো টিলায় চা-গাছের পাতা ছাঁটা হয়েছে। দূর থেকে দেখাচ্ছে লালচে ধূসর। মৃদু হাওয়ায় ছায়াবৃক্ষ, কিংবা বিভিন্ন গাছের শুকনো পাতা দোল খেয়ে পড়ছে। অনেক স্থানে বিন্যস্ত শুকনো পাতা। যাচ্ছি দেবলছড়া। চা-বাগান, পানপুঞ্জি অর্থাৎ পানের বাগান ও পাহাড় দেখতে।শমশেরনগর থেকে দেবলছড়ার পথে এগোলেই চা-বাগান। শমশেরনগর হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। বিমানবন্দর, রেলস্টেশন ও চা-বাগান-অধ্যুষিত বলে এলাকাটি বেশ জমজমাট। বলতে গেলে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত চা-বাগানের ভেতর দিয়েই পথ গেছে সামনে। কিছুটা পাকা, তারপর কাঁচা ও উঁচুনিচু পথ। শমশেরনগর চা-বাগানের ভেতর অবস্থিত ঝকঝকে-চকচকে ক্যামেলিয়া হাসপাতালের কাছ থেকেই দেবলছড়ার দিকে পথ গেছে। দুই দিকে শান্ত প্রকৃতি। কোথাও একপাশে চা-বাগান আর অন্য পাশে বুনো জঙ্গল। চুপচাপ চারদিক। পথে পথে দেখা যায় শুধু চা-শ্রমিকদের। তাঁরা যাঁর যাঁর মতো কাজ করছেন। কেউ বা বসে একটু জিরিয়ে নিচ্ছেন। রাস্তার দুই পাশের নির্জন চা-বাগানের রূপ দেখতে দেখতে, অনেকটা আঁকাবাঁকা পথ পার হয়ে একসময় গাড়ি থামে। এই পথে নিয়মিত চলাচলের কোনো গাড়ি নেই। আগে থেকেই নিজস্ব কোনো বাহন নিয়ে যাওয়া যেতে পারে। শমশেরনগর থেকে যাত্রী অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশা অথবা জিপ গাড়ি ভাড়া পাওয়া যায়। গন্তব্যে পৌঁছার আগে পথে পড়ে বাংলাদেশ বর্ডার গার্ডের (সাবেক বিডিআর) দেবলছড়া সীমান্ত ফাঁড়ি। যেখানে গাড়ি থামে, সেই স্থানটি দেবলছড়া চা-বাগানের সম্ভবত দক্ষিণের শেষ প্রান্ত। এখান থেকে দেবলছড়া পানপুঞ্জির দিকে হাঁটা। পাঁচ-সাত মিনিটের দূরত্ব।দেবলছড়া পানপুঞ্জিতে ঢোকার মুখেই একটি ছড়া বা খাল। এর নামও দেবলছড়া। লাল বালুর ওপর দিয়ে কলকল করে পানির ক্ষীণ একটি ধারা ছুটছে। ছড়া পার হয়েই পথের ডানে দেবলছড়া পুঞ্জি। পাকা সিঁড়ি তৈরি করা হয়েছে পুঞ্জির টিলাতে ওঠার জন্য। টিলার ওপর পানপুঞ্জির মান্ত্রি (পুঞ্জিপ্রধান) ও আদিবাসী খাসিয়াদের (খাসি) ঘরবাড়ি। চমৎকার সাজানো-গোছানো, ঝকঝকে উঠান ও ঘরদোর। খাসিয়া নারীদের কেউ বসে পানের আঁটি বাঁধছেন। কেউ অন্য কোনো কাজে ব্যস্ত। শিশুরা খেলছে। টিলার ওপর একেকটি ঘর দেখেই মনে হতে পারে শান্তির নীড়। পুঞ্জির মুখেই চোখে পড়বে আদিবাসী শিশুদের দেবলছড়া জুনিয়র স্কুল। ছোটখাটো ঘরটিতেই প্রাথমিক বিদ্যালয়-উত্তীর্ণ শিশুরা শিক্ষা গ্রহণ করে।পুঞ্জি থেকে একটু সামনে এগোলেই আছে একটি খোলা মাঠ। বনের ভেতর এমন খোলা মাঠ সচরাচর চোখে পড়ে না। মাঠের একপাশে ছড়া (খাল), সেই ছড়া পেরিয়ে চা-বাগান। আরেক পাশে টিলা। সেই টিলার গাছের ছায়ায় বসে কাটানো যায় দুপুর, বিকেল। আবার এখান থেকে আরেকটু সামনে এগোতে থাকলে পুরোটাই বন। পথের পাশে মনভোলানো অন্য সব বন্য ঝোপঝাড়; গাছপালার পাশেই চোখে পড়বে বাঁশঝাড়। পথে পথে ফুটে আছে নানা জাতের বুনো ফুল। তাতে হলুদ ও খয়েরি রঙের প্রজাপতির ওড়াউড়ি।বুনো পথে হাঁটতে হাঁটতে একসময় দেখা যেতে পারে পানের জুম। সেখানে গাছের শরীর জড়িয়ে ওপরের দিকে লতিয়ে উঠেছে পানের গাছ। সবুজ, পুষ্ট, চকচকে পাতা পালক মেলে আছে যেন। কোথাও রোদ পড়ে রুপালি রং ছলকে পড়ছে। হয়তো কেউ সে গাছ বেয়ে পান পাতা তুলছে। কেউ অন্য কোনো কাজে ব্যস্ত। দেখা যেতে পারে, পানের ঝাঁপি পিঠে নিয়ে কোনো আদিবাসী যুবক ঘরে ফিরছেন। নারীরা সেই পান বিন্যস্ত করে সাজিয়ে তুলবেন। তারপর তা দশ ঘাট ঘুরে কোনো শহর বা বন্দরে পৌঁছাবে, যা ‘খাসিয়া পান’ নামে পরিচিত। সূর্য পশ্চিম দিকে হেলা শুরু হলেই যেন পুঞ্জিতে ফিরে আসার ডাক পড়ে। অনেক আদিবাসী খাসিয়া ও চা-শ্রমিক তখন কাঁধে পানের খাঁচা, নয়তো শুকনো কাঠ, গরুর জন্য বুনো ঘাস এবং ঝাড়ু তৈরির ফুল কাঁধে নিয়ে জুম বা বন থেকে ফিরতে থাকেন। পথে পথে তাঁদের সঙ্গে দেখা হবেই। একসঙ্গে চা-বাগান, বুনো গাছ ও জঙ্গল, পানগাছ এবং আদিবাসীদের টুকরো টুকরো জীবনকে কাছ থেকে দেখে একসময় তো ফিরতেই হয়। সন্ধ্যার আগেভাগেই তাই আবার ফেলে যাওয়া গন্তব্যের দিকে ফিরে আসা। সন্ধ্যার আগেই কাঁচাপথের অংশটি পেরিয়ে আসা ভালো। ফেরার পথে মনে মনে যেন কেউ কথা বলে, দেবলছড়া ভালো থেকো। দেবলছড়া টিকে থেকো।যেভাবে যাওয়া মৌলভীবাজার জেলা সদর, শ্রীমঙ্গল ও কুলাউড়া থেকে সড়কপথে শমশেরনগর। আবার ট্রেনে করেও শমশেরনগরে এসে পৌঁছানো যাবে। সেখান থেকেই দেবলছড়ার দিকে যেতে হবে। সারা দিনের জন্য গেলে খাবারদাবার কিছু সঙ্গে নেওয়াই ভালো। চা-বাগান এলাকায় কিছু ছোট বাজারে চা-বিস্কুট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না।