বনবিদ্যায় উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন দেখতেন ড. অমিত চাকমা। বড় হয়েছেন রাঙামাটি শহরের বনরূপা আবাসিক এলাকায়। মাটির ওপরের সম্পদ বন নিয়ে উচ্চশিক্ষা শেষ পর্যন্ত নেওয়া হয়নি। মাটির নিচের সম্পদ জ্বালানি তেল বিষয়ে উচ্চশিক্ষা নিতে অমিত চাকমা যান আলজেরিয়ায়। পরে কানাডায় পিএইচডি গবেষণা শেষ করে বিশ্ববিদ্যালয়ে গবেষক, প্রভাষকসহ নানা স্তর পেরিয়েছেন। এখন কানাডার সবচেয়ে বড় শহর অন্টারিওর ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট তিনি। বরফের দেশ কানাডায় বসে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি কমাতে গবেষণা করছেন। তরুণ শিক্ষার্থীদের সহযোগিতা দিতে সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আমন্ত্রণে দেশে এসেছিলেন তিনি। অমিত চাকমাকে নিয়ে এবারের মূল রচনা লিখেছেন ইফতেখার মাহমুদবাড়ি ছিল বনরূপাতে। রাঙামাটি শহরের বন ও পাহাড়ঘেরা ছোট্ট আবাসিক এলাকা। বাবা সরকারি কর্মকর্তা। গাছগাছালি আর পাখপাখালি নিয়ে ওই বাড়িতে কাটছিল অমিত চাকমার দুরন্ত শৈশব-কৈশোর। বাড়ি থেকে বেরিয়ে খানিক যেতেই গহিন বন। শহরের এক কোনায় বিভাগীয় বন সংরক্ষকের বাংলোবাড়ি। অবাক বিস্ময়ে ওই মস্ত বড় বাড়ি দেখে কিশোর অমিতের বন কর্মকর্তা হওয়ার সাধ জাগল। বাবার কাছে এই ইচ্ছের কথা জানালেন। তিনি বিভাগীয় বন সংরক্ষককে বাড়িতে চায়ের দাওয়াত দিলেন একদিন। জানালেন ছেলের মনের কথা। বন সংরক্ষক ভদ্রলোক অমিতের স্বপ্নটাকে মোটেও ছোট করে দেখেননি। বরং তাঁর আগ্রহের মাত্রাটা বুঝতেই প্রশ্ন করেছিলেন, ‘কেন তুমি বন কর্মকর্তা হতে চাও?’ ‘বন কর্মকর্তা হলে অত সুন্দর, অত বড় বাড়িতে থাকা যাবে, তাই।’ কিশোর অমিতের সোজাসাপ্টা জবাব। বন সংরক্ষক সেই ভদ্রলোক হেসে বললেন, ‘তুমি চট্টগ্রামের বন গবেষণা ইনস্টিটিউটে গিয়ে একবার ঘুরে এসো। ওখানকার বন কর্মকর্তারা কিন্তু এত বড় বাড়িতে থাকেন না। তোমাদের মতো সাধারণ বাসায় থাকেন।’ অমিত তার পরও নাছোড়বান্দা। শুধু বাড়ি তো নয়। বন আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ। একে কাজে লাগিয়ে দেশের উন্নতি করা যাবে। ভদ্রলোক বুঝলেন, অমিতের ইচ্ছেটা ১০০ ভাগ খাঁটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগে অমিতকে পড়ার পরামর্শ দিলেন তিনি। ফরেস্ট্রি বিভাগে ভর্তি হওয়া তখন তেমন একটা কঠিন ও আকর্ষণীয় বিষয় ছিল না। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক কোনোটাতেই যে খুব একটা ভালো ফল করেছিলেন অমিত তা কিন্তু নয়। স্কুলে পড়ার সময় অনেক শিক্ষক বলতেন, ‘তুই তো মাধ্যমিক পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারবি না।’ শেষ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে খুব ভালো ফল করতে না পারলেও প্রথম বিভাগে ঠিকই উত্তীর্ণ হলেন। কিন্তু মনের ভেতরে তত দিনে সযতনে বেড়ে উঠছিল আকাশছোঁয়ার স্বপ্ন। ভূমধ্যসাগরতীরে বসে বাংলাদেশ১৯৭৬ সালের কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়ার আগেই হঠাৎ ভারত সরকার ফরেস্ট্রিতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিচ্ছে জানতে পেরে অমিত সেখানে আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে চতুর্থ হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু শুরুতেই বিপত্তি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হলো, তাঁর নাম তালিকা থেকে বাদ পড়েছে। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলেন, কোনো এক কর্মকর্তা ভুলে চারকে ইংরেজিতে আট ভেবে চূড়ান্ত তালিকা ভারতে পাঠিয়ে দিয়েছেন। ফলে অমিত বাদ পড়েছেন। বিমর্ষ অমিতকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হলো, টেক্সটাইলে একটি বৃত্তি নেওয়ার সুযোগ আছে। চাইলে তিনি তা নিয়ে ভারতে পড়তে যেতে পারেন। এমন সময় সোভিয়েত ইউনিয়নে (এখন যা রাশিয়া) খনি প্রকৌশলবিদ্যার ওপর আরেকটি বৃত্তির সুযোগ আসে। সেখানে আবেদন করেও নির্বাচিত হন তিনি। তুষারের দেশে যেতে হবে বলে বাসা থেকে শীতের কাপড় কেনাও শুরু হয়ে যায়। কিন্তু রাশিয়া যেতে কেন জানি মনে সায় দিচ্ছিল না অমিতের। অনেকেই তখন উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যাচ্ছিল। সবাই যা করে তা করতে ভালো লাগে না তাঁর। মনে মনে অন্য কিছু খুঁজছিলেন তিনি। শেষ পর্যন্ত পেয়েও গেলেন। মাটির ওপরের সম্পদ বন নিয়ে পড়াশোনা করে তা রক্ষা করাকে পেশা হিসেবে নেওয়ার আগ্রহ থাকলেও তা আর হলো না। শেষ পর্যন্ত হলো তার উল্টো। জানতে পারলেন, মাটির নিচের তরল সম্পদ জ্বালানি তেলের ওপর উচ্চশিক্ষা নিতে বৃত্তি দিচ্ছে আলজেরিয়া সরকার। ১৯৭৭ সালে আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের বৃত্তি নিয়ে রওনা হলেন ফরাসিদের ওই সাবেক উপনিবেশের উদ্দেশে। ওখানে গিয়ে ভাষা নিয়ে অমিত পড়লেন নতুন বিপদে। শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন ফরাসি ভাষায়। বইপত্র সব ফরাসি ভাষায় লেখা। খাওয়াদাওয়াও পছন্দ হলো না। জাতিগতভাবে চাকমাদের ভাষা আর পড়াশোনার সুবাদে বাংলা ভাষায় তাঁর ভালোই দখল ছিল। ইংরেজি ভাষার জ্ঞানটা কাজ চালানোর মতো। কিন্তু ফরাসি ভাষা তো জানেন না অমিত। ভিনদেশি বন্ধু আর শিক্ষকদের সহায়তায় দ্রুত ফরাসি ভাষাটাও রপ্ত করে ফেললেন তিনি। আরও ভালোমতো ফরাসি শিখতে রওনা হলেন ফ্রান্সের উদ্দেশে। সেখান থেকে ফরাসি সভ্যতার ওপর এক বছর পড়াশোনা করে ও ভাষা শিখে আবার আলজেরিয়া। ভূমধ্যসাগরতীরের শহর আলজিয়ার্সে ছিল অমিতের ক্যাম্পাস। সাগরতীরে বসে পাঠবন্ধু মেহেদি হাসানের সঙ্গে যখন দেশের কথা ভাবতেন, তখন বনরূপার ওই ছেলেটার বুক হু-হু করে উঠত। আরেক বন্ধু মেহেদি চট্টগ্রামের সমুদ্র প্রকৌশলবিদ্যার ওপর এক বছর পড়াশোনা করেছিলেন। সেখান থেকে পালিয়ে আলজেরিয়াতে এসেছেন পেট্রোলিয়ামবিদ্যার ওপর পড়াশোনা করতে। ভূমধ্যসাগরের তীরে বসে দুই বন্ধু দেখতেন বাংলাদেশের কোনো জাহাজ যাচ্ছে কি না। মেহেদি একবার চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষককে চিঠি লিখলেন, ভূমধ্যসাগর দিয়ে কোনো জাহাজ গেলে তাঁদের যেন তুলে দেশে নিয়ে যায়। ৪০-এর নিচে সেরা ৪০দেশের প্রতি নস্টালজিয়া একসময় কেটে গেল। পিএইচডি করতে অমিত ভর্তি হলেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। গ্যাস প্রকৌশলের ওপর পিএইচডি গবেষণা শেষ করে ১৯৮৮ সালে অমিত কানাডার কুইবেকের শেরব্রুক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে শিক্ষক হিসেবে যোগ দেন আলবার্টা শহরের ক্যালবেরি বিশ্ববিদ্যালয়ে। এরপর রেজিনা বিশ্ববিদ্যালয়, ওয়াটার লু বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতিথি অধ্যাপক হিসেবে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং চীনের হুনান, পিকিং ও হুয়াজং বিশ্ববিদ্যালয়ে ডাক পড়েছে রাঙামাটিতে বড় হওয়া চাকমা ছেলেটির। ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপান, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতে নিয়মিত যাওয়া হয় তাঁর। কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের প্রায় দেড় শ বিজ্ঞান এবং জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা ও সংগঠনের পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। ৪০ বছরের নিচে যেসব তরুণ কানাডার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাঁদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। ১৯৯৮ সালে কানাডা সরকার অমিতকে ৪০-এর নিচে সেরা ৪০ বা ‘টপ ৪০ আন্ডার ৪০ অ্যাওয়ার্ডে’ ভূষিত করে। উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা বর্তমানে কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করলেও অমিত চাকমা ঠাট্টাচ্ছলে নিজেকে একজন ‘পেশাদার ভিক্ষুক’ হিসেবে পরিচয় দেন। তিনি বলছিলেন, ‘বিশ্ববিদ্যালয়টি চালু রাখতে হলে আমাদের বছরে ৫০-৬০ মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করতে হয়। এই টাকা দিয়ে আমরা শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালাই। কানাডায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই বললেই চলে। বেশির ভাগই সরকারি সহায়তায় চলে। অর্ধেক দেয় সরকার, বাকি টাকা অনুদানের মাধ্যমে আসে। গত পাঁচ বছরে এক লাখ ২০ হাজার শিক্ষার্থী নিয়েছি। কিন্তু আয় বাড়েনি।’ বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থা নিয়ে তাঁর ভাবনা কী? জানতে চাই অমিত চাকমার কাছে। অমিত বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় বেতন বাড়িয়ে দেয় তাহলে সবার পক্ষে তা জোগান দেওয়া সম্ভব হবে না। আমরা কানাডায় যারা মেধাবী তাদের জন্য আলাদা ব্যবস্থা করি। শিক্ষা যদি বড়লোকদের জন্য খোলা রাখি তাহলে দেশের উন্নতি হবে না। আমি তো বড়লোকের ছেলে না। আমি যখন পড়েছি, তখন আমার চেয়ে কম আর্থিক ক্ষমতার শিক্ষার্থী ছিল। তাই উচ্চশিক্ষার সুযোগ সবার জন্য খোলা রাখতে হবে।’ কানাডাসহ সারা বিশ্বে শিক্ষকদের মান বাড়ানো বড় সমস্যা। এ জন্য শিক্ষকদের সম্মান বাড়াতে হবে। অমিত চাকমা জানান তাঁর স্ত্রী সুচরিতা চাকমা পরিবার দেখভাল করেন। বড় ছেলে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তিতে উচ্চশিক্ষা নিচ্ছেন, ছোট ছেলে লন্ডনে একটি স্কুলে নবম গ্রেডের ছাত্র। তিনি ছেলেদের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীনভাবে চিন্তার পরামর্শ দেন বলে জানান। তবে অমিত চাকমার চাওয়া ছেলেরা শিক্ষক হবে।উন্নত দেশে উচ্চশিক্ষা বহুজাতিক প্রতিষ্ঠান দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর যেকোনো বড় কাজ করতে গেলে দ্বন্দ্ব বাধবেই। তবে সব বিশ্ববিদ্যালয়ের একটি নীতি থাকতে হবে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের প্রথম কাজ শিক্ষা, তারপর গবেষণা। যেমন কোনো কোম্পানি যদি আমাদের কোনো ওষুধের কার্যকারিতা পরীক্ষা করতে দেয়, তাহলে তার ফলাফল আমাদের ওপর নির্ভর করবে।’স্বদেশের জন্যকানাডার নাগরিকত্ব নিলেও দেশের কথা ভোলেননি অমিত চাকমা। ডাক পড়লেই ছুটে আসেন দেশে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আয়োজনে একাধিক সেমিনারে বত্তব্য দিতে দেশে এসেছেন। কানাডায় জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন নীতিনির্ধারক মহলে উন্নত দেশগুলোর নিঃসরণ করা কার্বনের কারণে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় নিয়েও সোচ্চার কণ্ঠ বাংলাদেশি বংশোদ্ভূত এই অধ্যাপক। বন গবেষণার ওপর উচ্চশিক্ষা নিতে না পারলেও এখন অমিত চাকমার গবেষণার অন্যতম বিষয় কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে গাছের ভূমিকা। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশগুলো প্রযুক্তিকে ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানোর যে যুক্তি তুলে ধরছে, অমিত তার বিরোধিতা করে বলছেন, ‘এখন পর্যন্ত যে প্রযুক্তি সহজলভ্য হয়েছে তা এতটাই ব্যয়বহুল যে বেশির ভাগ উন্নয়নশীল দেশের পক্ষে তা ব্যবহার করা সম্ভব না।’ ফলে ধনী দেশগুলোর জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন প্রতিষ্ঠার ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অমিত। বিশ্ববিদ্যালয়টির আয়োজনে গত মাসে শেষ হওয়া আন্তর্জাতিক সিম্পোজিয়ামে যোগ দিতে দেশে এসেছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে অবাক হয়ে দেখেছেন এশিয়ার আরেক ভবিষ্যৎ। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, এখান থেকেই তৈরি হবে এশিয়ার আগামী দিনের নেতৃত্ব। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে সেখানে শিক্ষার্থীরা এসে পড়াশোনা করছেন। ওই মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারাকে তিনি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মনে করেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন দৈনিকে নিয়মিতভাবে শিক্ষা ও বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেন অমিত চাকমা। তাঁর মতে, উন্নত দেশগুলোতেও মানসম্পন্ন সংবাদপত্র চালু রাখা খুব কঠিন। অনেক আজেবাজে সংবাদপত্র সেখানেও বের হয়, কিন্তু টিকতে পারে না। বাংলাদেশসহ বিশ্বের এত মানুষ প্রথম আলো পড়ে, তার মানে এর নিশ্চয়ই কিছু যোগ্যতা রয়েছে। প্রথম আলো শিক্ষার ওপর গুরুত্ব দেয়। তাঁর মতে, শিক্ষাতেই রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ।