বনসাই জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি হিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে জাসিব কোথায় অদৃশ্য হয়ে গেল। আমি ভড়কে গেলাম। দিনদুপুরে ভূতের উপদ্রব নয় তো!

একটু পর ফুটপাতঘেঁষা নার্সারিটার ভেতর থেকে ওকে চিন্তিত মুখে বের হয়ে আসতে দেখে বিরক্ত হয়ে বলি, ‘হঠাৎ বলা নেই কওয়া নেই কোথায় চলে গিয়েছিলি? আমি তো এদিকে ভূতের ভয়ে মরছি!’

জাসিব আমার কথায় পাত্তা না দিয়ে দার্শনিকের মতো বলল, ‘আঠারো শতকের শেষের দিকে জাপানে বনসাই খুব জনপ্রিয় হয়। বনসাই চিনিস তো! তার দিয়ে বেঁধে গাছকে ছোট করে রাখা। একটা বনসাই করা বুড়ো বটগাছ খুঁজে বেড়াচ্ছি। বারান্দায় রেখে দেব।’

ওর কথা শুনে ইচ্ছা হলো কষে একটা ঝাড়ি দিই। বিরক্তি চেপে বলি, ‘তুই হঠাৎ বনসাইয়ের দিকে আগ্রহী হলি কেন? একটা গাছকে বেঁধে রেখে বড় হতে না দেওয়া, এটা তো রীতিমতো অমানবিক।’

জাসিব বিজ্ঞের মতো মাথা নাড়ে, ‘তুই আসলে একটা গবেট বলে আর্টের ব্যাপারটা ধরতে পারিসনি। একটা গাছ বড় হতে হতে ডালপালা ছড়িয়ে বিশাল হয়ে যাবে, অথচ তুই তাকে ছোট্ট একটা খেলনার মতো বানিয়ে রেখে দিতে পারছিস তোর ঘরের ভেতর। চিন্তা করেছিস, মানুষের ক্ষমতাটা কত দূর পৌঁছে গেছে?’

আমি হেসে ফেলি। আকাশের দিকে তাকিয়ে বলি, ‘আঠারো শতক কেন, সৃষ্টির আদি থেকেই তো মানুষের মধ্যে বনসাই ব্যাপারটা ছিল। মানুষ নিজেই তো একটা বনসাই।’

আমার কথা শুনে জাসিব মোটামুটি হকচকিয়ে গেল। দার্শনিকেরা পাল্টা তত্ত্ব পছন্দ করে না। ওকে পাত্তা না দিয়ে বলি, ‘চল, নদীর তীরে যাই। কয়েক দিন ধরে আবহাওয়াটা ভালো ঠেকছে না। সারাক্ষণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যে সব জাহাজ নিশ্চয়ই গভীর সমুদ্র থেকে বহির্নোঙরে চলে এসেছে। ঢেউয়ের তালে জাহাজগুলো মৃদু মৃদু দুলতে থাকে। একটা অপার্থিব দৃশ্যের সৃষ্টি হয়।’

জাসিব মাথা নাড়ে। আমরা পাশ দিয়ে যাওয়া মধ্যবয়স্ক এক রিকশাওয়ালাকে থামাই। রিকশাওয়ালা যে ভাড়ার কথা বলে, তাতে আমরা দুজনেই চমকে উঠি। রিকশাওয়ালার মুখের দিকে তাকিয়ে হেসে বলি, ‘মামা, যে ভাড়া বলেছেন তাতে তো বাংলাদেশ থেকে দুবাইয়ের বিমান টিকিট হয়ে যাবে!’

রিকশাওয়ালা হাসে, ‘বৃষ্টি–বাদলার দিন। একটু বাড়তি ভাড়া না দিলে কেমনে হয়! আপনেরা ইনসাফ কইরা দিয়েন।’

আমরা রিকশায় উঠে বসি। রিকশাওয়ালার পিঠের দিকে শার্টটা পুরোপুরি ছিঁড়ে গিয়ে বাতাসে উড়ছে। আমি অবাক হয়ে বলি, ‘মামা, আপনার শার্ট তো একদম ছিঁড়ে গেছে। টাকাপয়সা জমিয়ে একটা শার্ট কিনতে পারেন না?’

রিকশাওয়ালা কিছু বলে না। চুপচাপ রিকশা চালাতে থাকে। কর্ণফুলীর পানি বেড়ে গিয়ে চাক্তাই খাল দিয়ে ঢুকে পড়েছে। রাস্তায় হাঁটুসমান পানি। নিচতলার বাসিন্দারা নির্ঘাত পানিকে গালাগাল দিতে দিতে উঠে পড়েছে খাটের ওপর।

কর্ণফুলীর কাছাকাছি আসতেই আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। আমাদের চেয়ে দ্বিগুণ বিস্ময় নিয়ে রিকশাওয়ালা বিড়বিড় করে বলল, ‘পূর্ণ জোয়ার!’ তারপর মুগ্ধ হয়ে কর্ণফুলীর দিকে তাকিয়ে রইল।

জাহাজগুলো ভেসে আছে রাস্তার সমান উচ্চতায়। কিছুক্ষণ পরপর ঢেউয়ের তালে দুলে উঠলে বিরাট জাহাজগুলোকে মনে হতে থাকে কাগজের নৌকা। আমরা পলকহীন তাকিয়ে থাকি নদীর দিকে। রিকশাওয়ালা আমাদের চমক ভাঙায়, ‘গত ঈদের আগে আগে আমার টাইফয়েড হইয়া গেল। বাড়িতে যাওনের সময় কিছুই নিতে পারি নাই। পোলাডা একটা লাল শার্টের লাইগা চিক্কুর পাইড়া কানছিল। পোলার কথা মনে হইলেই নিজের লাইগা আর শার্ট কিনতে ইচ্ছা করে না। আর কিছু টাকা জমলেই বাড়িত যামু। পোলার লাইগা একটা লাল শার্ট কিনমু। এমুন টকটকা লাল হইব, দেখলেই য্যান চোখ জ্বলে।’

আমরা রিকশাওয়ালার চলে যাওয়া পথের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি। সন্ধ্যা নামার আর বেশি বাকি নেই। আলো আর অন্ধকারের এই মাঝামাঝি সময়ে প্রকৃতি একধরনের বিভ্রম তৈরি করে।

হাঁটুপানি ভেঙে মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে। আমি জাসিবের দিকে তাকিয়ে বলি, ‘এই যে রিকশাওয়ালাটাকে দেখেছিস, উনি একজন পুরোপুরি বনসাই মানুষ। এই যে পানি ভেঙে লোকগুলো ফিরে আসছে প্রিয়জনদের কাছে, এগুলো পুরোপুরি বনসাই মানুষ। মানুষ তার চারপাশ থেকে অসংখ্য মায়ার শিকলে আটকানো। একটু নড়তে–চড়তে গেলেই শিকলে টান পড়ে। এই শিকলগুলোই মানুষকে বনসাই বানিয়ে রাখে সারা জীবন। এর মধ্যে কোনো একটা শিকল কাটা পড়লে মানুষ তীব্র দুঃখ পায়। মজার ব্যাপার হচ্ছে, এই বনসাই জীবনটাকেই সে উপভোগ করে। বনসাই হয়ে থাকাতেই তার যত আনন্দ।’

জাসিব আমার দিকে অবিশ্বাসীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি ওর দৃষ্টিকে উপেক্ষা করে নদীর দিকে মনোযোগ দিই।

জুয়েল দেব, চট্টগ্রাম