বনসাই বাগানে এক বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃক্ষ দেখব বলে বেরিয়েছি। গন্তব্য ঢাকার উত্তর বাসাবো। বিকেলের রোদ মরে আসছিল। ক্লান্ত দালান-কোঠার বড় বড় ছায়া পড়ছিল মূল সড়কে। রাস্তায় দাঁড়িয়ে থাকা ধুলোয় মলিন কতগুলো গাছ চোখে পড়ে। যাই যাই রোদের ছোঁয়া পাচ্ছিল গাছের পাতাগুলো। সে রোদে কোনো রকম সাড়া না দিয়ে স্থির থাকে তারা। যেন ঘোলাটে চোখে তাকিয়ে থাকে দূরে, দূরে কোথাও! গন্তব্য অনুযায়ী, মূল সড়ক থেকে বাঁয়ে একটা বাঁক নিতেই ছোট্ট নিরিবিলি একটা পথ। সেটার শেষ মাথায় তার থেকেও নিরিবিলি একটা তিনতলা দালান। সিঁড়ি ভেঙে তার মাথায় ওঠার সময় রাস্তার মলিন গাছগুলোর সম্পূর্ণ বিপরীত চরিত্রের কিছু গাছ চোখে পড়ে। তবে এখানে তাদের গাছ না বলে বৃক্ষ বলাটাই মানানসই। পুরোনো শিকড়-বাকল আর ঝুপসি ডালপালা মেলানো, ২০-২৫ বা তার থেকেও বেশি বয়সী গাছকে আমরা বৃক্ষই বলতে পারি। তিন তলায় উঠতেই একটা নয়, দুটো নয়, অনেক বৃক্ষ চোখে পড়ে! বারান্দাজুড়ে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে বৃক্ষকুল! ঝিরিঝিরি বাতাস বইছিল। সেই বাতাস এসে লাগছিল বৃক্ষগুলোর পাতায় পাতায়। বারান্দা লাগোয়া একটা নারিকেল গাছ। তার পাতার ফাঁক গলে জাফরিকাটা রোদ শেষ বিকেলের লুকোচুরি খেলছিল বট, পাকুড়, তমাল, অর্জুন, চেরিফল, ফুকেন্টি, চন্দন, মহুয়া ও তেঁতুল পাতার সঙ্গে! তবে রোদের আলো একটা ২৫ বছর বয়সী কাঁঠালি বটের সঙ্গে কোনোমতেই পেরে উঠছিল না। বারবার পিছলে পড়ছিল বটের চকচকে পাতায়! এসব দেখেই কি না, একটানা শিস দিয়ে যাচ্ছিল একটা দোয়েল!‘পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী, যার শখ আছে। একটা মুরগি কখনো ছবি আঁকবে না কিংবা একটা ছাগল কখনো গাছ লাগাবে না। শখ ছাড়া মানুষের বেঁচে থাকাটা বেশ কষ্টের।’ শখের কথা বলছিলেন মুম রহমান। চল্লিশোর্ধ্ব এই মানুষটি একজন লেখক, একসময় সাংবাদিকতা করেছেন, নাটকের গল্প লেখেন, শিক্ষকতা করেন। আর তিনি একজন শখের বনসাই শিল্পী। বারান্দাজুড়ে যে বৃক্ষের কথা বলছিলাম, সব তারই হাতে গড়া একেকটা বনসাই। পাশে বসে থাকা স্ত্রী সাকিরা পারভিনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসেন মুম রহমান। বলেন, ‘তখন সবে প্রেমে পড়েছি। হাতখরচের জন্য তো টাকা দরকার। লেখালেখিটা আগে থেকেই করতাম, কিন্তু সে সময় কাঁচা টাকার জন্য পত্রিকায় ফিচার লিখতে শুরু করলাম। একদিন বনসাই নিয়ে একটা ফিচার লিখতে বসলাম। বই পত্র আর ইন্টারনেট ঘেঁটে একটা লেখা দাঁড় করালাম। ছাপাও হলো। ঠিক তখন থেকেই বনসাইয়ের প্রেমে পড়েছি বলতে পারেন!’ এক প্রেমের জন্য লিখতে বসে আরেক প্রেমে পড়ার গল্প শুনে একচোট হাসি হয়ে যায়। সাকিরা পারভিন ফোঁড়ন কাটেন, ‘বিয়ের পরও কিন্তু ওর বনসাইপ্রেম বিন্দুমাত্র কমেনি! এখনো প্রতিদিন বনসাইয়ের যত্ন নেয় ও।’ মুম রহমান বলেন, ‘শুধু যে আমিই যত্ন নিই তা কিন্তু নয়, সাকিরাও শিক্ষকতা করে, তার পাশাপাশি ও আমাকে খুব ভালো বন্ধুর মতোই বনসাইয়ের কাজে সাহায্য করে। আসলে বনসাইগুলো তৈরি করাতে তো শুধু আমার কৃতিত্ব দিলেই চলে না, সাকিরাও তার সমান অংশীদার।’ কথার ফাঁকে মুম রহমান আমাদের ঘুরে দেখান তাঁর শখের দুনিয়া। সর্বোচ্চ ২৫ বছর বয়সী প্রায় আশিটি বনসাই ছড়িয়ে আছে ঘর, বারান্দা আর ছাদে। ‘বনসাই আসলে অনেক দিন গুপ্তবিদ্যা হিসেবেই পরিচিত ছিল আমাদের দেশে। অনেকেই ভাবতেন, বিদেশি গাছ ছাড়া বুঝি বনসাই হবে না। ব্যাপারটা মোটেও তেমন নয়। আমি নিজেই সেই প্রথম থেকে আমাদের দেশি গাছ দিয়ে বনসাই শুরু করি। উপকরণও নিজের তৈরি। আমার সংগ্রহে বিদেশি গাছের তুলনায় দেশি গাছের বনসাইয়ের পরিমাণই অনেক বেশি।’ কোন গাছটা নেই মুুম রহমানের বনসাই বনে! কয়েক প্রজাতির বট থেকে শুরু করে বকুল, তমাল, কৃষ্ণচূড়া, ছাতিম, নিম, মহুয়া, তেঁতুল, অশ্বত্থ, গর্জন, শিউলি, করমচা, অর্জুনসহ কত যে গাছ! আর বিদেশি গাছের মধ্যে অ্যাসপারা, ফুকেন্টি, চেরি, চাইনিজ ও আফ্রিকান বট, ব্যাংকক বোগেনভেলিয়া উল্লেখযোগ্য। একেকটা বনসাইয়ের আবার একেক রকম চেহারা। কোনোটার হয়তো শিকড়-বাকর বেরিয়ে আছে টবের মাটির ওপর। কোনোটার হয়তো বয়সের ভারে ঝুড়ি বেরিয়েছে! আরেকটার দেখা গেল খোড়ল তৈরি হয়েছে ঠিক বড় কোনো বৃক্ষের মতোই। পাশের বনসাইটা হয়তো একদিকে হেলে অথবা আঁকাবাঁকা হয়ে বেড়ে উঠেছে ছোট্ট টবে। কিছু কিছু গাছের একপাশের ডাল মরে গেছে, সেটাও নাকি এক ধরনের বনসাই শিল্প! বনসাই দেখানোর এক ফাঁকে মুম রহমান চোখ নাচিয়ে বলেন, ‘চলুন, আপনাদের এবার ভূতের গাছ দেখাই!’ ভূতের গাছ! ‘এই যে দেখছেন গাছটা, এটার নাম শ্যাওড়া। শ্যাওড়া গাছে ভূত থাকে জানেন তো?’ বলেই তিনি হাসেন, ‘আমার মা বিশ্বাস করতেন শ্যাওড়া গাছে ভূত থাকে। তাই ঘরে এই গাছগুলো রাখায় তাঁর প্রবল আপত্তি! আসলে এই শখের জন্যই তো বেঁচে থাকা। বনসাই নিয়ে অনেক স্বপ্ন আমার। একটা ট্রেনিং সেন্টার খুলেছি আমি, সেখানে বনসাই বানানোর তালিম দিই। আমার স্বপ্ন—সবাই একটা শখের মধ্য দিয়ে জীবন কাটাবে, নতুন কিছু চিন্তা করবে।’বাইরে যখন বেরিয়েছি তখন রাজপথের বাতিগুলো জ্বলে উঠেছে। গাছের ধূসর পাতাগুলো ফের চোখে পড়ে। কৃত্রিম আলোয়ও তারা ম্রিয়মাণ। তবে তখনো বনসাইয়ের সবুজ আমাদের চোখের রাজ্য দখল করে আছে। সেই সবুজ চোখে নিয়ে ঘরে ফিরি আমরা। পেছনে পড়ে থাকে রহমান দম্পতির শখের বনসাই বাগান।