বনানীতে ন্যানদোস
ঢাকার ধানমন্ডি ও গুলশানের পর এবার বনানীতে ন্যানদোস নিয়ে এল তাদের নতুন রেস্তোরাঁ। বনানী ১১ নম্বর সড়কে অবস্থিত এই নতুন ন্যানদোসের উদ্বোধন হয়ে গেল গত সপ্তাহে। এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান মো. গাজিউল হক ফিতা কেটে এর উদ্বোধন ঘোষণা করেন।ন্যানদোস হলো সাউথ-আফ্রিকান চেইন রেস্টুরেন্ট, এদের মূল খাবারগুলো পর্তুগিজ রেসিপির। বলা হয়, আফ্রিকায় ভ্রমণকালে পেরি-পেরি নামের একধরনের মরিচ আবিষ্কার করেছিল পর্তুগিজরা। এর আরেকটি নাম হলো বার্ডস আই মরিচ। এটির ব্যবহারেই তৈরি হয় ন্যানদোসের খাবার। ন্যানদোসের প্রতিষ্ঠাতা হলেন ফার্নান্দো দুয়ার্তে ও রবার্ট ব্রজিন নামের দুই বন্ধু। তাঁরা দক্ষিণ আফ্রিকার একটি ছোট শহর রোজেটিনভিলে সর্বপ্রথম এই রেস্টুরেন্ট শুরু করেন।ন্যানদোসের বনানী রেস্তোরাঁটি এর অন্য রেস্তোরাঁগুলো থেকে একটু আলাদা। ভেতরে ঢুকেই পাবেন বেশ এক আড্ডার আমেজ। অন্দরসজ্জায় আনা হয়েছে ভিন্নতা। কাঠ, লোহা ও মাটি দিয়ে তৈরি করা হয়েছে এর অন্দর। প্রচুর পরিমাণে কাচ ব্যবহারের কারণে রয়েছে প্রাকৃতিক আলোর সুব্যবস্থা। যতটা সম্ভব পরিবেশবান্ধব করেই বানানো হয়েছে এটি।পুরো বিশ্বে ন্যানদোসের এক হাজার ২০০টি রেস্টুরেন্ট আছে, যা বুঝিয়ে দেয় এর জনপ্রিয়তা। উদ্বোধন উপলক্ষে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন ন্যানদোসের কর্মীরা। তাঁদের কাছ থেকে জানা গেল, খাবার তৈরিতে ব্যবহূত মুরগিগুলো নিখুঁত স্বাদের জন্য ২৪ ঘণ্টা মেরিনেটে করা হয়। অতিরিক্ত চর্বি তিনটি পর্যায়ে সরানো হয় এবং খোলা আগুনে গ্রিল করা হয়। এগুলো পেরি-পেরি সস মাখিয়ে গ্রিল করা হয়, যা স্বাস্থ্যসম্মত। ব্যবহার করা হয় না বাড়তি কোনো তেল।