বনায়নের গাছ কেটে সবজিবাজারের জন্য জমি ভরাট
বনায়নের গাছ কেটে সবজির বাজারের জন্য মাটি ভরাট করছে রাঙ্গুনিয়া পৌর কর্তৃপক্ষ। এক মাস ধরে পাহাড় ও ফসলি জমির মাটি কেটে পৌর এলাকার গোচরা বাজারে ওই জমি ভরাট করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের জমিটিতে অংশীদারি ভিত্তিতে বনায়নের জন্য ২০০৩ সালে চুক্তি হয় পৌর কর্তৃপক্ষের। সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দক্ষিণ পাশে গোচরা বাজার এলাকায় দেড় একর নিচু জমি ভরাট করছে রাঙ্গুনিয়া পৌরসভা। দক্ষিণ নোয়াগাঁও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন ও আরও তিনজন কাউন্সিলর এ কাজ তদারকি করছেন। পৌর কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, পৌরসভার গোচরা বাজারে জমি-সংকটের কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর সবজি বেচাকেনা চলে। এতে বাজারে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। ফলে চট্টগ্রাম জেলা প্রশাসক সড়ক থেকে বাজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। তাই পৌরসভা জমিটি ভরাট করে বাজার বসার উপযোগী করার উদ্যোগ নিয়েছে। সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয়ের কার্য সহকারী রাসেল দেওয়ান জানান, পৌরসভার আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ অংশীদারভিত্তিক বনায়নে সম্মত হয়। তখন রাঙ্গুনিয়া পৌর মেয়র ছিলেন নুরুল আমিন তালুকদার। কিন্তু বর্তমান মেয়র খলিলুর রহমান চৌধুরী ও পৌর কাউন্সিলররা মার্কেট নির্মাণের জন্য এ জমি ভরাট করছেন। রাসেল বলেন, মাটি ভরাটের আগে ওই জমিতে গামারি, মেহগনি, আকাশমণিসহ পাঁচ থেকে ছয় প্রজাতির চার শতাধিক গাছের চারা রোপণ করেছিল। যেগুলো মোটামুটি বড় হয়। মাটি ভরাটের সময় এসব গাছ কেটে ফেলা হয়েছে। জানতে চাইলে পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, বনায়ন, বাজার বা মার্কেট যাই করা হোক, সব তো মানুষের জন্য। মানুষের সুবিধার্থে মাটি ভরাট করে জমিটিতে সবজি বেচাকেনার কাজে ব্যবহারের জন্য দেওয়া হবে। তবে পৌরসভার আয়ের জন্য ওই জমিতে মার্কেট গড়ার পরিকল্পনা রয়েছে, যা সওজের সঙ্গে কথা বলে সমঝোতার মাধ্যমে করা হবে। গাছ কাটা প্রসঙ্গে পৌর মেয়র বলেন, ছোট কয়েকটা চারাগাছ ছিল। এগুলোই কাটা হয়েছে।সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, ‘জমিটি অংশীদারী ভিত্তিতে বনায়নের জন্য চুক্তি হয়েছে। সেখানে বনায়ন করা হয়েছিল। বনায়ন ধ্বংস করে মাটি ভরাট করছে সেটা আমার জানা নেই। এতে বাজার বা মার্কেট গড়ে তোলার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’