দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় সারা বছর মুখরিত থাকে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান। কয়েক শ প্রজাতির গাছপালা, বন্য প্রাণী, নানা প্রজাতির পাখি ও ঝরনার কলকল ধ্বনি পর্যটকদের ডেকে আনে এ বনে।উঁচু-নিচু টিলায় চা, আনারস ও কাগজিলেবু বাগানের দেখা মেলে দুই পাশের পথজুড়ে। খাসিয়া, মণিপুরিসহ আদিবাসীদের জীবনযাত্রাও চোখ কেড়ে নেয় দর্শনার্থীদের। পর্যটকদের জাতীয় এ পার্ক সম্পর্কে নানা তথ্যসেবা দিতে বনের মূল গেট ঘিরে গড়ে তোলা হয়েছে তথ্যকেন্দ্র। উন্নয়ন সংস্থা ইউএসএআইডির নিসর্গ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিষ্ঠা করা হয়েছে এ তথ্যকেন্দ্র। শুধু লাউয়াছড়া জাতীয় উদ্যানেই নয়, বাইক্কা বিলেও প্রতিষ্ঠা করা হয়েছে এ রকম তথ্যকেন্দ্র। ৫ এপ্রিল সবার জন্য উন্মুক্ত করা হয় এ তথ্যকেন্দ্র দুটি। এ তথ্যকেন্দ্র থেকে সহজেই যে কেউ বন ও বিল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। লাউয়াছড়ায় রয়েছে ১৬৭ প্রজাতির গাছ, চার প্রজাতির উভচর প্রাণী, ছয় প্রজাতির সরীসৃপ, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ২৪৬ প্রজাতির পাখি। এর মধ্যে বিরল প্রজাতির উল্লুক, বানর, লজ্জাবতী বানর, হনুমান, ধনেশ, শ্যামা, অজগর, মেছো বাঘ, হরিণ প্রভৃতি উল্লেখযোগ্য। পর্যটকদের সুুবিধার জন্য পার্কের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে বিলবোর্ড ও বাংলা ইংরেজিতে নির্দেশনামূলক সাইনবোর্ড। সব মিলিয়ে দেশি-বিদেশি, পর্যটক ও গবেষকদের জন্য জাতীয় উদ্যানে এমন তথ্যকেন্দ্র বেশ কাজের।