বনের অজগর লোকালয়ে অবশেষে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়িতে উদ্ধার হওয়া ১০ ফুট লম্বা অজগর l প্রথম আলো
ফটিকছড়িতে উদ্ধার হওয়া ১০ ফুট লম্বা অজগর l প্রথম আলো

ফটিকছড়িতে পর পর দুই দিনে দুটি অজগর সাপ লোকালয়ে এসে আটকা পড়ে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর উপজেলার শাহনগর এবং দৌলতপুর গ্রামের জলাশয় থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে বন বিভাগের লোকজন সাপগুলো বনে অবমুক্ত করেন।
লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার পাশা জানান, ২৮ সেপ্টেম্বর শাহনগর গ্রামের মানিক চন্দ্র বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরার জন্য জাল পাতেন। সকালে এটি তুলতে গিয়ে দেখেন জালে একটি অজগর আটকে আছে। এ সময় গ্রামবাসী মারার চেষ্টা করলে তখন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাপটি রক্ষা করেন।
ওসি মো. মফিজ উদ্দিন বলেন, ‘১০ ফুট দৈর্ঘ্য ও ১০ কেজি ওজনের অজগরটি গ্রামবাসীর সহায়তায় বস্তায় ভরে থানায় নিয়ে আসি। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করি।’
অপরদিকে ২৯ সেপেম্বর উপজেলার দৌলতপুর গ্রামের জলাশয়ে একই কায়দায় আরেকটি অজগর ধরা পড়ে। যেটির দৈর্ঘ্য পাঁচ ফুট ও ওজন তিন কেজি। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ জানান, স্থানীয় বাসিন্দা মুহাম্মদ শফি বাড়ির পাশের একটি জলাশয়ে জাল পাতেন। পরদিন সকালে এটি তুলতে গিয়ে আটকে পড়া অজগরটি দেখে পুলিশকে জানান। পুলিশ এসে এটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া বলেন, ‘দেশের বনাঞ্চলগুলোতে বসতঘর নির্মাণ বেড়েছে। এতে অভয়ারণ্য ধ্বংসের পাশাপাশি খাদ্যাভাব দেখা দিয়েছে। খাবারের খোঁজে অজগরগুলো লোকালয়ে চলে আসে।’
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আবদুল খালেক খান বলেন, আজগর দুটির একটি সর্তা বন বিভাগের সেগুনবাগান ও অপরটি কাঞ্চননগর রাবারবাগান এলাকায় অবমুক্ত করা হয়েছে।