কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া এবং পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় এখন তামাক পোড়ানোর ধুম পড়েছে। সংরক্ষিত বনের কাঠ পুড়িয়ে অন্তত ১৪ হাজার চুল্লিতে তৈরি হচ্ছে লাখ লাখ মেট্রিকটন তামাক। এসব চুল্লির নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, তামাক চুল্লি থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় বায়ুদূষণ এখন তীব্র আকার ধারণ করেছে। এতে এলাকার মানুষের স্বাস্থ্যহানি ঘটছে। পরিবেশ অধিদপ্তর চুল্লির মালিকদের তালিকা তৈরি করছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তামাক পুড়ছে ১৪ হাজার চুল্লিতে: কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর গ্রামে একটি চুল্লিতে তামাকপাতা পোড়াচ্ছেন স্থানীয় চাষি মমতাজ আহমদ (৪৭)। তামাকপাতা পোড়ানোর সময় বিষাক্ত ধোঁয়া ও গন্ধ নাকে এলে কাশি ও বমির ভাব হয়। তার পরও এসব সহ্য করে মমতাজের পাশাপাশি আরও চারজন তামাক পোড়ানো এবং শুকনো তামাকপাতা বিক্রির জন্য গাঁট বেঁধে পাশের গুদামে স্তূপ করার কাজ চালাচ্ছেন। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজে নিজেদের জড়ানো প্রসঙ্গে জানতে চাইলে মমতাজ আহমদ বলেন, ‘বেশি লাভের আশায় ফসলের মাঠে কয়েক বছর ধরে তামাকের চাষ করছি। এখন সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর থেকে আর তামাক চাষ করব না।’ সরেজমিন গিয়ে দেখা গেছে, এই উপজেলার ফতেখাঁরকূল, গর্জনিয়া, রাজারকূল, কচ্ছপিয়া, নাইক্ষ্যংছড়ি সদর, বাইশারী, ঘুমধুমসহ বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার চুল্লি তৈরি করে পোড়োনো হচ্ছে তামাকপাতা। অধিকাংশ চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহূত হচ্ছে সংরক্ষিত বনের গাছ। এতে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। বিপন্ন হয়ে পড়ছে পরিবেশ।সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে কক্সবাজার ও বান্দরবানের ১১টি উপজেলায় প্রায় ৪৫ হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছে। দেশি-বিদেশি ১৪টি কোম্পানি ও পাঁচ-ছয়টি বেসরকারি সংস্থা (এনজিও) তামাক চাষে কৃষকদের নগদ টাকা দিয়ে উৎসাহিত করে। আর উৎপাদিত তামাক পোড়ানোর জন্য তৈরি হয়েছে কমপক্ষে ১৪ হাজার চুল্লি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করার জন্য কৃষি বিভাগ এলাকায় নানা সমাবেশ করছে। কিন্তু কোম্পানিগুলোর অপতৎপরতার কারণে এ ক্ষেত্রে সফল হওয়া যাচ্ছে না।’ কক্সবাজার সদর উপজেলার ভোমরিয়া ঘোনা গ্রামের চাষি নুরুল হুদা (৩২), নাইক্ষ্যংছড়ির চাকঢালা গ্রামের বজল আহমদ (৩৮), চকরিয়ার দরবেশকাটার আবদুল জলিল (৪৫) জানান, খেতে উৎপাদিত তামাক পোড়ানোর জন্য তাঁরা নিজেরা ৩৭টি চুল্লি তৈরি করেছেন। এসব চুল্লি তৈরিতে ব্যবহূত গাছ বনাঞ্চল থেকেই সংগ্রহ করা হয়েছে। তামাক কোম্পানিগুলো চাষের বিপরীতে নগদ টাকাসহ নানা সহায়তা দিলেও তামাকপাতা পোড়ানোর বিকল্প জ্বালানি সরবরাহ করে না। কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এম খালেক খান জানান, কাঠ পুড়িয়েই চুল্লিতে তামাক উৎপাদন করা হচ্ছে। এ জন্য সংরক্ষিত বনাঞ্চল রক্ষার জন্য বনপ্রহরীদের রাত-দিন ব্যস্ত থাকতে হয়। যৌথ অভিযান চালিয়ে এসব চুল্লি উচ্ছেদ প্রয়োজন। তামাকের ধোঁয়ায় স্বাস্থ্যের ক্ষতি প্রসঙ্গে সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া জানান, তামাকের কারণে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানিসহ নানা ধরনের রোগ হতে পারে। ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষি: এবার তামাকচাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ৮০ থেকে ৯০ কেজি ওজনের প্রতিটি গাঁটে নানা অজুহাতে দুই থেকে চার কেজি তামাক বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে গ্রেডিং পদ্ধতিতে এক নম্বর গ্রেডের তামাককে দুই নম্বর, দুই নম্বরকে চার নম্বরে ফেলে চাষিদের কম দাম পরিশোধ করা হচ্ছে। নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রামের চাষি আবুল মনজুর (৫১) জানান, সম্প্রতি মাঠে উৎপাদিত ১০টি তামাকের গাঁট বিক্রির জন্য তিনি চকরিয়ার একটি কোম্পানির ক্রয় কেন্দ্রে নিয়ে যান। সেখানে ১০টি গাঁট থেকে মাত্র একটিকে এক নম্বর গ্রেড নির্ধারণ করে কেজি ১৩৫ টাকা হিসাবে দাম পরিশোধ করে। বাকি নয়টি গাঁটকে ৩, ৪, ৭ ও ৮ নম্বর গ্রেডে ফেলে ৮০ থেকে ৯০ টাকায় দাম পরিশোধ করা হয়। এতে তাঁর কমপক্ষে ৪৫ হাজার টাকা ক্ষতি হয়।চকরিয়ার কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী মনছুর জানান, উৎপাদিত তামাকের ন্যায্যমূল্য না পেয়ে হাজার হাজার তামাকচাষি এখন দিশেহারা। অনেকে তামাক চাষ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।