
বনকে ভালোবেসে খুরশিদা বেগম পেয়েছিলেন ওয়াংগারি মাথাই পুরস্কার। ২০১১ সালের ২৫ সেপ্টেম্বরে কেনিয়ার নোবেলজয়ী পরিবেশবিদ ওয়াংগারি মাথাই মারা যান। ২০১২ সালে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সম্মান জানাতে জাতিসংঘের বন ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থার উদ্যোগে গঠিত ‘দ্য কোলাবরেটিভ পার্টনারশিপ অব ফরেস্ট (সিপিএফ)’ ওয়াংগারি মাথাইয়ের নামে পুরস্কার চালু করে। ১৯৭০ সালে ‘গ্রিন বেল্ট মুভমেন্ট’ (সবুজ বেষ্টনী গড়ে তোলো)–এর মাধ্যমে নারীদের উদ্বুদ্ধ করে প্রায় দুই কোটি গাছ লাগিয়েছেন তিনি। এরপর কেনিয়ার পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মাথাই।
পরিবেশ নিয়ে কর্মরত বিশ্বের ৫০০ জন নারীকে পেছনে ফেলে খুরশিদা আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জন করেন। কিন্তু তার পরও এই নারী থেমে নেই। ২৮ জনের দল নিয়ে তিনি সংরক্ষিত বন পাহারার দায়িত্ব পালন করে চলেছেন। সঙ্গীরা খুরশিদাকে ডাকেন ‘বনের মায়া’ বলে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরনতলী গ্রামে খুরশিদার বাড়ি। ২০১০ সালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান স্বামী মোহাম্মদ ইসলাম। সাত বছর বয়সের ছেলে সাইফুল ইসলাম ও পাঁচ বছর বয়সের আশরাফুল ইসলামকে নিয়ে তাঁর সংসার। সাইফুল টেকনাফ আদর্শ কেজি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে।
খুরশিদা বন পাহারার পাশাপাশি স্বামীর রেখে যাওয়া কেরনতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যও। এবার ঈদ সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে কাটাতে চান।
গত ২৯ সেপ্টেম্বর দুপুরে টেকনাফের বাড়িতে গিয়ে দেখা খুরশিদার সঙ্গে। হাস্যোজ্জ্বল খুরশিদার প্রশ্ন—‘এবার কী নিয়ে লেখালেখি হবে? ওয়াংগারি পুরস্কার তো আর পাব না। এইমাত্র বন থেকে ঘরে ফিরলাম, বনের মায়া কিছুতেই ছাড়তে পারছি না।’
দুই বোন ও এক ভাইয়ের বড় খুরশিদা বলেন, ‘ছোটবেলা থেকে দুরন্ত এবং সাহসী ছিলাম। বনজঙ্গল ঘুরে বেড়াতাম। এখনো স্বভাবটা বদলায়নি।’
খুরশিদা বলেন, ‘ছোটবেলায় দেখেছি, শত শত নারী দা নিয়ে বনে ঢুকছেন। তারপর গাছপালা কেটে ঘরে ফিরছেন। এ কাজে হঠাৎ বাধা দিলে বিপদ হবে, তাই নারীদের সঙ্গে সখ্য গড়ে তুলি। বনের গাছ ও পশু-পাখি নিধন নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা শুরু করি। তারপর নিসর্গ সহায়তা প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। তাঁদের পরামর্শে ২০০৬ সালে গঠন করি ২৮ জন নারী নিয়ে বনরক্ষা দল।
সিদ্ধান্ত নিলাম, সপ্তাহের সাত দিন বন পাহারা দেব। ২৮ জন নারী চারজন করে সাতটি দলে বিভক্ত হয়ে বিশাল বনে ঘুরে বেড়াতাম। প্রতিদিন সকাল ও বিকেলে দুই ঘণ্টা করে। কারণ, সকালে কাঠ চোরের দল ও পশু শিকারিরা পাহাড়ে ঢোকে এবং বিকেলে বের হয়। বিনিময়ে নারীদের নাশতা বাবদ মাসের শেষে হাজার খানেক টাকা দেওয়া হয়।’
বন রক্ষা করতে গিয়ে বহুবার বিপদে পড়েছেন তিনি। একবার তো তাঁরা বন্য হাতির কবলে পড়েছিলেন। পরে দৌড়ে রক্ষা পেয়েছিলেন। আগে বন পাহারা দিতে দেখে অনেকে সমালোচনা করতেন। কটূক্তি করতেন। এখন সবাই নারীদের প্রশংসা করেন। কারণ, নারীরা বনাঞ্চল রক্ষার পাশাপাশি পরিবেশটাও সুন্দর রাখছেন।