বনের জন্য মুক্তিপণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির বিস্ময় আমাজন বৃষ্টিবন বা রেইন ফরেস্ট। দক্ষিণ আমেরিকা মহাদেশের কয়েকটি দেশজুড়ে এই বিশাল বন। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও বিস্ময়কর জীববৈচিত্র্যে পরিপূর্ণ এই বনভূমি। এরই একাংশে বিশাল এক তেলখনির সন্ধান পেয়েছে ইকুয়েডর সরকার। কিন্তু তেল উত্তোলন করলে হুমকির মুখে পড়বে পূর্ব ইকুয়েডরের ইয়াসুনি ন্যাশনাল পার্কের প্রাণবৈচিত্র্য। বিনষ্ট হবে এলাকাটির স্বর্গীয় প্রাকৃতিক পরিবেশ। আবার বর্তমান বিশ্ববাজারে এই তেল বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, সেটাও খুব প্রয়োজন লাতিন আমেরিকার উন্নয়নশীল এই দেশের। তাই ইকুয়েডর দাবি করছে, আমাজনের প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণবৈচিত্র্য রক্ষার বিনিময়ে তাকে অর্থসাহায্য দিতে হবে। না হলে তারা তেল উত্তোলনের উদ্যোগ নেবে। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় কী রাজি হবে এই প্রস্তাবে?বিশ্বের ফুসফুস হিসেবে পরিচিত আমাজন বনকে বাঁচানোর দায়িত্ব গোটা বিশ্বের মানুষেরই। আবার নিজের ভূখণ্ডে অবস্থিত বলেই তা নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে না লাতিন আমেরিকার দেশগুলো।আমাজন নদী অববাহিকার পশ্চিমাঞ্চলে প্রায় চার হাজার বর্গমাইলজুড়ে রয়েছে ইকুয়েডরের ইয়াসুনি ন্যাশনাল পার্ক। একে পৃথিবীর প্রধানতম প্রাণবৈচিত্র্যপূর্ণ এলাকা হিসেবে মনে করেন বিজ্ঞানীরা। ইকুয়েডরের জীববিজ্ঞানী ডেভিড রোমো বলেন, ‘প্রতিবার ইয়াসুনিতে গেলেই নতুন নতুন প্রজাতির জীব দেখা যায়। শুধু সেখানকার সব কীটপতঙ্গ প্রজাতির নাম দিতেই আমাদের ৪০০ বছর লাগতে পারে।’ইয়াসুনির প্রতি হেক্টরে প্রায় এক লাখ কীটপতঙ্গ আছে বলে ধারণা করা হয়। দক্ষিণ আমেরিকার অন্য যেকোনো জায়গার চেয়ে এখানকার বৃক্ষ প্রজাতির সংখ্যাও নিঃসন্দেহে অনেক বেশি। এই পার্কে আছে প্রায় ২৮ প্রজাতির বিলুপ্তপ্রায় মেরুদণ্ডী প্রাণী। যেমন সাদা পেট মাকড়সা বানর। আছে ৯৫টি বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি। পাখিপ্রেমীদের স্বর্গ বলে বিবেচিত এই পার্কে পাখি আছে প্রায় ৬০০ প্রজাতির। এত ছোট একটা ভূখণ্ডে প্রাণের এই বৈচিত্র্য বিস্ময়কর। তবে সম্প্রতি ইকুয়েডরের উদ্ভিদবিজ্ঞানী গোর্কি ভিলা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘ভালোমতো বুঝে ওঠার আগেই বনটি ধ্বংস হয়ে যায় কি না, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’এই আশঙ্কার প্রধান কারণ হচ্ছে ইয়াসুনির মাটির নিচে থাকা তেলের খনি। সেখানে সঞ্চিত আছে প্রায় ৯০ কোটি ব্যারেল তেল। যে দেশের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেখানে এই তেল বিক্রি করে অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। তেল কোম্পানিগুলোও লুফে নেবে নতুন ব্যবসার এই সুযোগ। শেষ পর্যন্ত তা-ই হলে বিপন্ন হবে ইয়াসুনির অনন্য প্রাকৃতিক সম্পদ। যদিও ২০১০ সালের ৩ আগস্ট ইউএনডিপির সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি করে ইকুয়েডর সরকার রাজি হয়েছিল অনির্দিষ্টকালের জন্য ওই তেল না তুলতে।তবে সম্প্রতি একটি বিকল্প প্রস্তাব দিয়েছে ইকুয়েডর। প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, তাঁরা তেল উত্তোলনের চিন্তা বাদ দেবেন, বিনিময়ে তাঁদের ৩৬০ কোটি ডলার দিতে হবে। টাকা দিতে হবে ১৩ বছরের মধ্যে। প্রেসিডেন্ট বলেছেন, টাকাটা প্রধানত জাতিসংঘের ব্যবস্থাপনায় একটা তহবিলের মাধ্যমে সংরক্ষিত হবে। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তা ব্যয় করা হবে। ভবিষ্যৎ কোনো সরকার এই চুক্তি ভঙ্গ করে তেল উত্তোলন করলে দাতা দেশগুলোকে অর্থ ফেরতের নিশ্চয়তাও দিচ্ছে বর্তমান সরকার। ইকুয়েডরের প্রস্তাবটা পরিবেশগত ব্ল্যাকমেইলের মতো শোনালেও এটাই এ ধরনের প্রথম উদ্যোগ। আন্তর্জাতিক সম্প্রদায় এখন পুরো পৃথিবীর কল্যাণ বিবেচনায় উন্নয়নশীল একটি দেশের প্রকৃতি রক্ষার এই প্রস্তাবকে স্বীকৃতি দেবে কি না, সেটাই দেখার বিষয়।আন্দিয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইয়াসুনি প্রকল্পের কৌশলগত পরামর্শক কার্লোস লারেয়া বলেছেন, ‘এখন পর্যন্ত তেলই ইকুয়েডরের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যদি এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসে, তাহলে আমরা এ অঞ্চলের তেলখনিতে একেবারেই হাত দিতে চাই না।’এখন পর্যন্ত মোট ১১ কোটি ৬০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এসেছে কয়েকটি দেশ। এমনকি কয়েকজন ধনবান ব্যক্তিও সহায়তা করতে আগ্রহ দেখিয়েছেন। প্রস্তাবে সম্মতি জানিয়েছে নরওয়ে। জার্মানি বড় একটা অঙ্ক নিয়ে এগিয়ে আসবে বলে জোর আশাবাদ রয়েছে। তবে সবচেয়ে বেশি সামর্থ্য যার, আর দায়ও যার বেশি, সেই যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি। এ বছরের শেষ নাগাদ অন্তত ১০ কোটি ডলার এবং আগামী দুই বছরে প্রায় ৩০ কোটি ডলার উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইকুয়েডর।শুধু ইয়াসুনি পার্কই নয়, আমাজন নদী অববাহিকায় আরও অনেক তেলখনি আছে বলে অনুমান করা হয়। আর এই মহাদেশে আছে বিশ্বের ২০ শতাংশ খনিজ তেলের মজুদ। বস্তুত, দক্ষিণ আমেরিকা ক্রমেই হয়ে উঠছে বিশ্বের নতুন গুরুত্বপূর্ণ তেল উৎপাদক অঞ্চল। ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা আর পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য কতটা রক্ষা করা যাবে, তার ওপরই নির্ভর করছে ইয়াসুনিসহ বিশ্বের অনেক বনভূমির ভবিষ্যৎ। পার্থ প্রতিম দাস টাইম ম্যাগাজিন অবলম্বনে