বনের জমিতে তামাকের আগ্রাসন চলছেই

কক্সবাজার সদর, রামু, উখিয়া, পাশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার বিভিন্ন সংরক্ষিত পাহাড়ি জমি দখল করে তামাক চাষ চলছেই। অথচ সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছেই এর সঠিক পরিসংখ্যান নেই। আর কিছুদিন পর বনাঞ্চলের গাছ দিয়েই চুল্লিতে পোড়ানো হবে শত শত মেট্রিকটন তামাক পাতা।
রামুর গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ফসলি জমি ছাড়াও সংরক্ষিত বনভূমিতে তামাকের চাষ চলছে। পাশের কচ্ছপিয়া, খাউয়ারখোপ, নাইক্ষ্যংছড়ি, দোছড়ি, ঘুমধুম ইউনিয়নেরও একই অবস্থা। কচ্ছপিয়ার চাষি আবদুল গফুর বলেন, তামাক চাষের জন্য জমি ইজারা নিলে প্রতি কানিতে আট থেকে ১০ হাজার টাকা পরিশোধ করতে হয়। এ কারণে চাষিরা সরকারি বনভূমি দখলে মরিয়া হয়ে উঠেছেন। এক্ষেত্রে স্থানীয় বনকর্মীদের ‘ম্যানেজ’ করলেই হয়।
অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার সদর, রামু, উখিয়া, নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় বর্তমানে ১০ হাজার একরের বেশি জমিতে তামাক চাষ চলছে। এর মধ্যে অন্তত তিন হাজার একর বনভূমি ও নদীর দুই তীরের জমি পড়েছে। কিন্তু এর কোনো সঠিক পরিসংখ্যান সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, কৃষি ও বন বিভাগ কারও কাছে নেই।
জানা যায়, রামু উপজেলার ১১ ইউনিয়নে তামাক চাষ চলছে প্রায় পাঁচ হাজার একর জমিতে। এর মধ্যে বনভূমি ও নদীর তীর রয়েছে অন্তত দেড় হাজার একর। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি, দোছড়ি, ঘুমধুম, সোনাইছড়িসহ বিভিন্ন এলাকায় চলছে প্রায় সাড়ে তিন হাজার একর জমিতে তামাক চাষ। এর মধ্যে এক হাজার একর পাহাড়ি জমি রয়েছে।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, ফসলি জমির পাশাপাশি সরকারি জমিতে তামাক চাষ বেড়ে চলেছে। এখন তামাক পোড়ানোর জন্য রামু ও নাইক্ষ্যংছড়ির প্রত্যন্ত অঞ্চলের চুল্লিগুলোতে লাখ লাখ মণ কাঠ মজুদ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, নানা চেষ্টা করেও তামাক চাষ কমানো যাচ্ছে না। কারণ বিড়ি-সিগারেট কোম্পানিগুলো সহজ শর্তে চাষিদের তামাক চাষের বিপরীতে নগদ টাকা, বীজ ও কীটনাশক সরবরাহ দেয়। আবার তামাক পাতাও চড়া মূল্যে কোম্পানিগুলো কিনে নেয়। এতে লাভ বেশি থাকায় চাষিরা তামাক চাষে ঝুঁকছেন। কিন্তু বন বিভাগ ও উপজেলা প্রশাসন তৎপর থাকলে সরকারি বনভূমি ও নদীর তীরের খাসজমিতে তামাক চাষ বন্ধ হতো।
রামুর বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা সহিদুল হক বলেন, বন বিভাগের জমিতে তামাক চাষ বন্ধে ইতিপূর্বে অভিযান চালানো হয়েছে। অনেক তামাকখেত ধ্বংস করা হয়েছে। জনবলসংকট থাকায় ঘন ঘন অভিযানও চালানো সম্ভব হচ্ছে না।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন ও কৃষি কর্মকর্তা আল-আমিন জানান, সরকারি বনভূমি ও বাঁকখালীসহ বিভিন্ন ছড়ার দুই তীরের খাস জমিতে তামাক চাষ না করার জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করে চাষিদের সতর্ক করা হয়েছিল। এর পরও কেউ সরকারি জমিতে অবৈধভাবে তামাক চাষ করে থাকলে শিগগির অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হবে।