বনের জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন এলাকায় সংরক্ষিত বনের জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। গত তিন-চার বছরে নির্মাণাধীন পাকা দোকানগুলোর দুই পাশে আরও ১০টি বেড়ার ঘর তৈরি করা হয়েছে। এভাবে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করা হলেও বন বিভাগ নির্বিকার রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, বন বিভাগের লোকজনের প্রশ্রয়ে স্থানীয় দখলদারেরা বেড়ার ঘর তৈরি করে চা ও মুদির দোকান চালিয়ে আসছিলেন। বর্তমানে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১৫-১৬ জনের একটি চক্র ভাড়া দেওয়ার উদ্দেশ্যে পাকা ঘর দুটি নির্মাণ করছেন।
বনের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের ব্যাপারে জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পরস্পরকে দায়ী করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হারবাং বাজার থেকে প্রায় আধা কিলোমিটার ওপরের দিকে সংরক্ষিত বনের প্রায় ৩০ শতাংশ জায়গা দখল করে এলাকার বাসিন্দা আব্বাস উদ্দিন, সাইফুল ইসলাম, রহমত উল্লাহ, এনামুল হক, আবদুল মান্নান, আবদুল কাদেরসহ আট-দশজন ব্যক্তি বেড়ার ঘরগুলো তৈরি করেন।
সম্প্রতি হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিরানুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ-ছাত্রলীগের কিছু নেতা-কর্মী নতুন করে প্রায় ৩০ শতাংশ জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছেন।
এলাকার বাসিন্দা মোহাম্মদ শফি বলেন, বন বিভাগের জায়গায় স্থায়ী কোনো নির্মাণকাজ করার নিয়ম না থাকলেও প্রভাবশালী ব্যক্তিরা পাকা দোকান নির্মাণ করছেন। বিষয়টি দেখেও বন বিভাগ নির্বিকার রয়েছে। মিরানুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, জায়গাটি এত দিন ছাত্রলীগের এক নেতার দখলে ছিল। তাঁর কাছ থেকে আনোয়ারুল আজিমসহ কিছু লোক জায়গাটি কিনে নিয়েছেন। তাঁরাই সেখানে দোকানঘর নির্মাণ করছেন।
জানতে চাইলে আনোয়ারুল আজিম বলেন, ‘আমি বিশাল বিত্ত-বৈভবের মালিক। সংরক্ষিত বনের জায়গা আমি কিনতে যাব কেন? আওয়ামী লীগ-ছাত্রলীগের কিছু লোক এগুলো করছে।’ এ ব্যাপারে দোকান নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা মুখ খুলতে রাজি হননি।
এ বিষয়ে হারবাং বনবিট কর্মকর্তা আবুল বাশার জানান, সংরক্ষিত বনে পাকা দোকান নির্মাণের বিষয়টি জানার পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে নিরাপত্তার অভাবে অভিযুক্ত ব্যক্তিদের নাম-ঠিকানা প্রকাশ করতে তিনি রাজি হননি।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সোয়াইব খান বলেন, ‘বিষয়টি আমি দেখছি। সংরক্ষিত বনে নির্মাণকাজ বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’