বনের পাশে করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ি সদরের একটি করাতকলে চেরাই করার জন্য রাখা হয়েছে কাঠ l প্রথম আলো
বাঘাইছড়ি সদরের একটি করাতকলে চেরাই করার জন্য রাখা হয়েছে কাঠ l প্রথম আলো

অবৈধ করাতকলের কারণে উজাড় হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সংরিক্ষত বন। লাইসেন্সবিহীন এসব করাতকলে সংরিক্ষত বনের কাঠ চেরাই করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে করাতকলের আশপাশে গড়ে উঠেছে দেড় শতাধিক অবৈধ আসবাবের কারখানা। এসব করাতকল ও কারখানা থেকে প্রতিদিন সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন স্থানে কাঠ ও আসবাব পাচার হচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা বঙ্গলতলি, মারিশ্যা, উপজেলা সদর, সারোয়াতলী, খেদারমারা ও আমতলী ইউনিয়নে ২২টি করাতকল স্থাপন করা হয়েছে। এসব করাতকলে কাটা হচ্ছে সংরক্ষিত বনের সেগুন ও গর্জনগাছ। চেরাইয়ের পরে বিভিন্ন আসবাবের কারখানায় নেওয়া হচ্ছে কাঠ। এ পর্যন্ত করাতকলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বৃক্ষÿনিধন বেড়েই চলেছে।
বন বিভাগের মারিশ্যা বিটের বিট কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সরকারি নীতিমালা অনুযায়ী সংরিক্ষত বনের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু ২২টি করাতকলের মধ্যে ১৯টি সংরক্ষিত বনের আশপাশে গড়ে উঠেছে। এসব করাতকলের মধ্যে মাত্র পাঁচটির লাইসেন্স রয়েছে। এর মধ্যে দুই করাতকলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। অন্যদিকে উপজেলার দেড় শতাধিক আসবাবের কারখানার মধ্যে মাত্র দুটির লাইসেন্স রয়েছে। লোকবল–সংকটের কারণে বন বিভাগ এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে তিনি জানান।
বাঘাইছড়ি বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ৩ লাখ ৯৩ হাজার ৮৪০ একরজুড়ে রয়েছে সংরিক্ষত বন। বন বিভাগের আটটি রেঞ্জ ও দুটি বিটে রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা, বন প্রহরী ও নানা পদের কর্মচারী মিলিয়ে ১৩২টি পদ রয়েছে। তবে কর্মরত আছেন মাত্র ৫৫ জন। ৫০ জন বন প্রহরীর স্থলে এখন আছেন মাত্র ১৬ জন। লোকবলের অভাবে সংরক্ষিত বনের বিশাল এলাকা উজাড় হয়ে গেছে। সম্প্রতি বিভিন্ন করাতকলে ঘুরে দেখা গেছে, একটি করাতকলে পাঁচ থেকে সাতজন করে শ্রমিক কাজ করছেন। করাতকলগুলোর আশপাশে স্তূপ করে রাখা হয়েছে মূল্যবান সেগুন কাঠ। মানস চাকমা নামের একজন করাতকলশ্রমিক জানান, এসব কাঠ মূলত সংরক্ষিত বন থেকেই আনা হয়। উপজেলার তাঙগুমা গ্রামের বনসেন চাকমা ও লক্ষ্মীছড়ি গ্রামের আদে রতন চাকমা বলেন, একসময় বনে প্রায় এক লাখ একরের কাছাকাছি মূল্যবান সেগুনবাগান ছিল। ৮০ দশকের পরে বন বিভাগ এসব বনে সেগুনবাগান সৃজন করে। বনদস্যুদের কারণে ওই বাগানগুলো এখন গাছশূন্য হয়ে পড়েছে।
উপজেলা সদরের করাতকলের মালিক মো. মাসু বলেন, ‘আমি করাতকলটি স্থাপন করেছি গাছ চেরাই করার জন্য। কিন্তু কোথা থেকে গাছ আসছে আমাদের দেখার সময় নেই।’
আসবাব কারখানার মালিক মো. আনোয়ার বলেন, ‘এখানে পুরো উপজেলায় দেড় শতাধিক কারখানা রয়েছে। কেউ লাইসেন্স করেনি। শুধু আমাদের দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স আছে।’
মারিশ্যা বিট কর্মকর্তা মো রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, এখানে অধিকাংশ করাতকলের লাইসেন্স নেই। সংরক্ষিত বনের গাছ চেরাই হচ্ছে এসব করাতকলে। করাতকলের মালিকেরা প্রভাবশালী হওয়ায় এবং বন বিভাগের জনবলের অভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
শিজক রেঞ্জ কর্মকর্তা মো. ফখরুল আহমেদ বলেন, ‘নিরাপত্তার কারণে আমরা অভিযান পরিচালনা করতে পারি না। অবৈধ করাতকলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি বন বিভাগের কাছ থেকে অভিযোগ পেয়েছি। প্রথমে চিঠির মাধ্যমে করাতকলগুলোকে নিয়মনীতি অনুসরণ করার তাগিদ দেওয়া হবে। পরবর্তী সময়ে অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হবে।’