বনের প্রাচীর বেত উজাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচিতে অবস্থিত সাঙ্গু সংরক্ষিত বনের দুর্লভ প্রজাতির উদুম বেত (উড়ুম বা হুড়ুম নামেও পরিচিত) নির্বিচারে কেটে উজাড় করা হচ্ছে। এই বেত বনের প্রাচীর হিসেবে কাজ করে বলে জানান বিশেষজ্ঞরা। বেত কাটার ফলে বনদস্যুদের কাছে বন উন্মুক্ত হয়ে পড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে বনের প্রাকৃতিক ভারসাম্য। অভিযোগ আছে, বনসংলগ্ন এলাকায় বসবাসরত দরিদ্র আদিবাসীদের বন থেকে বেত আহরণে উৎসাহিত করছেন একশ্রেণীর ব্যবসায়ী। তবে বন থেকে বেত উজাড় হওয়ার অভিযোগ অস্বীকার করেছে বন বিভাগ। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে নয়, ব্যক্তিমালিকানাধীন বাগান থেকে আদিবাসীরা বেত আহরণ করে বাজারে বিক্রি করছেন। থানচি উপজেলা সদর থেকে ২০-৩০ কিলোমিটার দূরে দুর্গম তিন্দু ও রেমাক্রিতে গিয়ে বিপুলসংখ্যক উদুম বেত বাঁশের ভেলায় করে বাজারে নিয়ে আসতে দেখা গেছে। সাঙ্গু নদীর তীর ও থানচি বাজারে বিক্রির জন্য রাখা উদুম বেতের স্তূপও দেখা গেছে। রেমাক্রি থেকে ফেরার পথে কথা হয় ধনিরাম ত্রিপুরার সঙ্গে। তিনি জানান, সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল ছাড়া আর কোথাও উদুম বেত পাওয়া যায় না। নির্বিচারে সংগ্রহ করার ফলে নদীর তীরসহ বহু এলাকা থেকে হারিয়ে গেছে এই বেত। বর্তমানে বনাঞ্চলের ভেতরে দুর্গম সীমান্তবর্তী এলাকায় এই বেত পাওয়া যায়। এসব দুর্গম এলাকা থেকে নদীপথে বাঁশের ভেলায় করে বেত বাজারে আনা হয় বলে ধনিরাম ত্রিপুরা জানান। থানচি বাজারে আসা বড় মদক এলাকার ক্যপ্রুসাই মারমা জানান, আট হাত লম্বা একটি উদুম বেত ১৮-২৫ টাকায় বিক্রি হয়। থানচি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জামাল জানিয়েছেন, তিনি পাহাড়িদের কাছ থেকে ২৮-৩০ টাকায় উদুম বেত কেনেন। জামাল জানান, উদুম বেত দিয়ে সোফা, চেয়ার, চায়ের টেবিলসহ বিভিন্ন আসবাব তৈরি হয়।বন বিভাগের থানচি রেঞ্জ কর্মকর্তা গোলাম কিবরিয়া সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল থেকে উদুম বেত আসার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন জমিতে আদিবাসীরা অনেকে বেতের চাষ করেন। সেখান থেকে তাঁরা বেত বাজারে নিয়ে আসেন। উদুম বেতের ব্যবসা বৈধ। গত মাসেও (জানুয়ারি) উদুম বেত বিক্রি থেকে ৬৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।’জানা যায়, দেশে যে কয়েকটি প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে তার মধ্যে সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল একটি। ১৮৭০ সালে মিয়ানমার সীমান্তসংলগ্ন সাঙ্গু নদীর উৎপত্তিস্থল থেকে বড় মদকের আন্ধারমানিক পর্যন্ত ৮০ হাজার ৪০০ একরের বিশাল জায়গাকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। ওই বনাঞ্চলে চম্পাফুল, চাপালিশ, গর্জন, বৈলাম, তেলসুর, জারুল, সিবিটসহ কয়েক শ প্রজাতির বৃক্ষ, লতাগুল্ম, বাঁশ ও বেত জন্মে। এই বনে জালি ও উদুম—দুই প্রজাতির বেত পাওয়া যায়। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরই) গৌণ বনজসম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও বেত গবেষক মো. শহীদুল্লাহ জানান, এই প্রজাতির বেত হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে ১০ প্রজাতির বেতের মধ্যে উদুম বেত এখন পার্বত্য চট্টগ্রাম আর সিলেট ছাড়া খুব একটা দেখা যায় না। এই বেত বনের প্রাচীর বা বেড়া হিসেবে কাজ করে এবং বনকে দুর্ভেদ্য করে তোলে। বেত কেটে ফেললে বন অরক্ষিত হয়ে পড়ে বলে তিনি জানান। বিএফআরআইয়ের বন-উদ্ভিদবিদ্যা (ফরেস্ট-বোটানি) বিভাগের প্রধান মো. মহীউদ্দিন বলেন, ‘বেত বা বাঁশ মাটির আর্দ্রতা রক্ষা করে এবং বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। ফলে বেত কেটে ফেললে বনের খাদ্যচক্র ও ভারসাম্য নষ্ট হয়।’