বনের বাসিন্দাদের ঘুরে দাঁড়ানোর গল্প

সরকারি সংরক্ষিত বনে বসবাসের পাশাপাশি চারা গাছের যত্ন নেন ফরেস্ট ভিলেজার নামে পরিচিত লোকজন। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফরেস্ট ভিলেজারদের একসময় স্থায়ী বসতঘর ছিল না। যাযাবরের মতো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বসতি গড়তেন। এখন এক জায়গায় থিতু হয়েছেন। সরকারি, বেসরকারি সংস্থার সাহায্য পেয়ে সন্তানদেরও বিদ্যালয়ে পাঠাচ্ছেন।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের সংরক্ষিত বনে বসবাসকারী প্রায় ১৫ হাজার বাসিন্দার জীবনমানের উন্নতি হয়েছে গত কয়েক বছরে। ইউনিয়নের রেংখ্যং নদীর তীরবর্তী ভিলেজারদের বিভিন্ন গ্রামে এখন উন্নয়নকর্মীরা যাচ্ছেন। স্বাস্থ্যসেবা ও শিক্ষার আওতায় আসছেন এখানকার বাসিন্দারা। সরকার এ এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার পর শিশুরাও শিক্ষার সুযোগ পাচ্ছে।
পশ্চিম মন্দিরাছড়া গ্রামে ৯৮টি ভিলেজার পরিবারের বসবাস। এই গ্রামের হেডম্যান (মৌজাপ্রধান) টুটু তঞ্চঙ্গ্যা (৫৪) জানান, ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি থেকে ২০০৩ সালে তাঁরা পশ্চিম মন্দিরাছড়া গ্রামে আসেন। এখন এই গ্রামে নানা সুযোগ–সুবিধা পেয়ে থিতু হতে চাইছেন তাঁরা।
শুধু পশ্চিম মন্দিরাছড়া নয়, পূর্ব মন্দিরাছড়া, সাংগ্রাছড়ি, শুক্করছড়ি, গবছড়ি, পানছড়ি, তিনবানসহ বিভিন্ন গ্রামে স্থায়ী আবাস গড়ে তুলছেন ফরেস্ট ভিলেজার নামে পরিচিত সংরক্ষিত বনে বসবাসকারী লোকজন। সড়ক যোগাযোগবিহীন এসব গ্রাম আগে বসবাসের অনুপযোগী ছিল। বিভিন্ন সংস্থার সহায়তা ও নিজেদের পরিশ্রমের দ্বারা ঘুরে দাঁড়াতে চাইছেন ভিলেজাররা।
সম্প্রতি রেংখ্যং নদীপথে রাঙামাটি শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পশ্চিম মন্দিরাছড়া গ্রামে গিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে। গ্রামের হেডম্যান টুটু তঞ্চঙ্গ্যা বলেন, ‘একসময় আমরা বন বিভাগের লোকজনের নির্দেশে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে জুমচাষ করার পর বাগান সৃজনের কাজ করতাম। কয়েক বছর পর আবার অন্য জায়গায় যেতে হতো। ছিল না কোনো স্থায়ী ঠিকানা। তখন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার কোনো সুযোগই পাইনি। এখন এ গ্রামে এসে মোটামুটি সুবিধা পাচ্ছি। জেলা পরিষদ ও ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত আসা–যাওয়া করেন। ইউএনডিপি ও জেলা পরিষদ একটি বিদ্যালয় প্রতিষ্ঠাও করেছে।’

ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা বলেন, নতুন গড়ে ওঠা গ্রামের লোকজন খুবই দরিদ্র। একসময় তাঁরা বনের মধ্যে বিভিন্ন পাহাড়ে জুমচাষ করে জীবন যাপন করতেন। এখনো তঁাদের আয়ের একমাত্র উৎস জুমচাষ। এখন এখানে গ্রাম গড়ে ওঠায় এবং তাঁরা স্থায়ীভাবে বসবাস করায় কিছুটা সুযোগ–সুবিধা পাচ্ছেন।
সাংগ্রাছড়ি গ্রামের কার্বারি বীর কুমার তঞ্চঙ্গ্যা বলেন, ‘একসময় গভীর জঙ্গলে বসবাসের কারণে কোনো সুবিধাই পাইনি। তখন কত স্বজন, ঘনিষ্ঠ মানুষকে বিনা চিকিৎসায় কষ্টভোগের পর মারা যেতে দেখেছি। এখন আর তা হচ্ছে না। আগের জীবনের চেয়ে এখন অনেক ভালো চলছে।’
সাংগ্রাছড়ি গ্রামে কথা হয় ইউএনডিপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচালিত কমিউনিটি হেলথ প্রকল্পের মাঠ তত্ত্বাবধায়ক পাইনা রূপায়ণ চাকমার সঙ্গে। তিনি জানান, প্রতিটি গ্রামে তাঁদের কর্মীরা নিয়মিত এসে লোকজনের স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেন ও বিভিন্ন রোগের বিষয়ে গ্রামবাসীর প্রাথমিক চিকিৎসার পরামর্শ দেন। জটিল কোনো রোগ হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য উপজেলা সদর বা রাঙামাটি শহরে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। প্রকল্পের আওতায় ধাত্রীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ব্র্যাকের একজন স্বাস্থ্যকর্মী জানান, কোনো লোকের অসুস্থ হওয়ার খবর পেলে তাঁরা সেই ব্যক্তির বাড়ি গিয়ে রক্ত নিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করেন। একসময় ফারুয়া এলাকায় মালেরিয়া রোগে প্রচুর মানুষ মারা যেত। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমানে ফারুয়ায় লোকজন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলেও মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে।
রেংখ্যং নদীর তীরে দেখা হয় একদল শিশুর সঙ্গে। দুর্গম পাহাড়ের এসব শিশুরা এখন শিক্ষাসেবার আওতায় এসেছে। শিশুরা জানায়, তারা নিয়মিত বিদ্যালয়ে যায়। তাদের পড়তে ভালো লাগে।
ইউএনডিপির সহায়তা প্রকল্পের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্প’। প্রকল্পের মাঠ তত্ত্বাবধায়ক রেমলিয়ানা পাংখোয়া বলেন, ‘প্রকল্পের আওতায় রেংখ্যং সংরক্ষিত বনাঞ্চলের আওতাধীন ফারুয়া ইউনিয়নের সুযোগবঞ্চিত শিশুদের জন্য ১২টি বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এসব বিদ্যালয়ে ছাত্রীছাত্রীর সংখ্যানুযায়ী দুই থেকে তিনজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।’