বন্দর পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সেবার মানের উন্নতির জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়েছিল। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিমের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অন্যতম ছিল এক সপ্তাহের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারি খাতে পরিচালনার দরপত্র আহ্বানের ব্যবস্থা নেওয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেটা করা সম্ভব হয়নি।বন্দর কর্মকর্তা ও বিভিন্ন ব্যবহারকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দরের সেবার মানের যে অবনতি হয়েছে তা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। এর জন্য সময় লাগবে। তাঁরা বলেন, পরিস্থিতির উন্নতির জন্য বন্দরের অপারেশনাল কার্যক্রম দক্ষতার সঙ্গে এবং ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ, ব্যবহারকারী সংস্থা এবং শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাজের সমন্বয়ও জরুরি। সেটা না হলে বন্দর পরিস্থিতির উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। বন্দর সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বৈঠকের আট দিন পর আজ (বৃহস্পতিবার) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে বন্দর চেয়ারম্যান, সংশ্লিষ্ট সদস্য এবং বিভিন্ন উন্নয়নকাজের প্রকল্পপ্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের সদস্য হাদি হোসেন প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার সচিব মহোদয়ের সঙ্গে বৈঠক করার পর আমরা এনসিটির দরপত্র আহ্বান কীভাবে দ্রুততর সময়ের মধ্যে সম্পন্ন করা যায় সেটার নির্দেশনা পাব বলে আশা করছি।’এদিকে, ঢাকার বৈঠকের পর বন্দর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় প্রতিদিনই বন্দরের জেটিতে যাচ্ছেন এবং অপারেশনাল কাজকর্ম নিবিড়ভাবে তদারকি শুরু করেছেন। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি উন্নয়নের জন্য ব্যবহারকারী বিভিন্ন সংস্থার কাজ থেকে লিখিত সুপারিশ চেয়েছেন। এসব সুপারিশ নিয়ে পর্যালোচনার জন্য বন্দর কর্তৃপক্ষ আগামী সোমবার বন্দরে বৈঠক ডেকেছেন বলে জানা যায়।অন্যতম বন্দর ব্যবহারকারী সংস্থা তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী এ সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘যে পদ্ধতিতে (সিস্টেম) বন্দর পরিস্থিতির উন্নতি হয়েছিল সেসব ধীরে ধীরে ভেঙে পড়েছে। এগুলো পুনরুদ্ধার না করা করা পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নয়ন হবে না। এর জন্য সময় লাগবে।’ তিনি বলেন, বন্দর ব্যবহারকারীদের নিয়ে কর্তৃপক্ষ যে বৈঠকের আয়োজন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ ধরনের বৈঠকে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব। অতীতে কর্তৃপক্ষ ব্যবহারকারীদের নিয়ে বৈঠক করতে অনীহা দেখানোর কারণে অনেক ছোটখাটো সমস্যা জটিল আকার ধারণ করেছে।প্রসঙ্গত, গত চার-পাঁচ মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের সেবার মান অস্বাভাবিক হ্রাস পায়। জাহাজগুলোকে পণ্য খালাসের জন্য জেটিতে ভিড়ার সুযোগ পাওয়ার জন্য ৮-১০ দিন পর্যন্ত বর্হিনোঙরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবার জেটিতে ভেড়ার পর পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজে সময় লাগছে অনেক বেশি। জেটি থেকেও পণ্যের ডেলিভারি বিলম্বিত হচ্ছে। এ পরিস্থিতি দেশের আমদানি রপ্তানি-রপ্তানি কার্যক্রম ব্যয়বহুল করে তুলেছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের শেষ দুই বছরের শাসনামলে এ ধরনের সব সমস্যা সমাধান করে বন্দরের কাজে গতিশীলতা আনা হয়েছিল। এ সরকারের প্রথম ১৪ মাস পর্যন্ত বন্দর পরিস্থিতি ভালো ছিল বলে ব্যবসায়ীরা জানান।