বন্দর বধ্যভূমিতে স্মৃতি কমপ্লেক্স
অনেক বাধা-বিপত্তি পেরিয়ে স্মৃতি কমপ্লেক্সে রূপ নিচ্ছে আনোয়ারার বন্দর বধ্যভূমি। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে শুরু হয়েছে দৃষ্টিনন্দন এ কমপ্লেক্সের নির্মাণকাজ। আগামী বছর মে মাসে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বন্দর বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্সের সদস্যসচিব লিয়াকত আলী চৌধুরী প্রথম আলোকে জানান, ’৭১ সালে এখানে ১৫৬ জন বাঙালিকে হত্যা করা হয়। ওই সব শহীদের স্মৃতির উদ্দেশে ১৫৬টি পিলার হবে। আর প্রতিটি পিলারে থাকবে একেক জনের ছবি। ১৯৭১ সালের বিজয়ের স্মরণে ৭১ ফুট উচ্চতাসম্পন্ন টাওয়ার হবে কমপ্লেক্সে। আর শোকের প্রতীক হিসেবে চারদিকে আটটি কালো পিলার থাকবে কালো মার্বেল পাথর খচিত। ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২০ বছর সময়কে স্মরণে রাখার জন্য থাকবে অর্ধ চন্দ্রাকারে ২০টি পিলার। জানা গেছে, কমপ্লেক্সে থাকবে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিনির্ভর বিশালাকার মিলনায়তন। এতে থাকবে গ্রন্থাগার, জাদুঘর ও সেমিনার কক্ষ। থাকবে ছাদের ওপর খোলা মঞ্চ। সূত্র জানায়, কমপ্লেক্সটির নির্মাণকাজে সহায়তা করছে বিভিন্ন ব্যাংক ও ধনাঢ্য ব্যক্তিরা। ইতিমধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ২৫ লাখ টাকা দিয়েছে, আশ্বাস দিয়েছে আরও ২৫ লাখ টাকা দেওয়ার। তা ছাড়া জনতা ব্যাংক ১০ লাখ টাকা, অগ্রণী ব্যাংক পাঁচ লাখ টাকা, রূপালী ব্যাংক দুই লাখ টাকা দিয়েছে। এরই মধ্যে ৩০ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্সের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে যার পুরোটাই দিয়েছেন এক মুক্তিযোদ্ধা। কমপ্লেক্সের ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কনেসট্রাকশনের ব্যবস্থাপনা অংশীদার এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, ‘বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত কমপ্লেক্সের কাজ করতে পেরে আমরা গর্ববোধ করছি। আশা করি নির্ধারিত সময়েই কাজটি বুঝিয়ে দিতে পারব।’ তবে কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন বলে জানান।বন্দর বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সামশুল আলম ও জগদীশ চন্দ্র সিংহ বলেন, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, এখন যুদ্ধ করতে হচ্ছে শহীদদের সম্মান রক্ষার জন্য। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করলেও তা নস্যাৎ হয়ে যাবে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, আনোয়ারা উপজেলার বন্দর গ্রামের বধ্যভূমিতে ১৯৭১ সালের ২০ মে ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিভিন্ন ধর্মাবলম্বী ১৫৬ জন মানুষকে অমানুষিক নির্যাতনের পর গুলি করে মারা হয়। এতে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে স্থানীয় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী। পরবর্তী সময়ে বধ্যভূমিকে রক্ষার জন্য কাজ করতে গেলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নানাভাবে বাধা দেন। এ নিয়ে মামলা-মোকদ্দমার পর ২০১০ সালের ২২ সেপ্টেম্বর সরকারি খাস জায়গা হিসেবে বধ্যভূমিটি বুঝে পান মুক্তিযোদ্ধারা। এর আগে ২০০৯ সালের ২৮ মার্চ বধ্যভূমি রক্ষার জন্য আন্দোলনরত মুক্তিযোদ্ধাদের ওপর হামলায় অন্তত ৫০ জন আহত হন। এ নিয়েও থানায় মামলা-পাল্টা মামলার ঘটনা ঘটে। পরে আনোয়ারার সাংসদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরীর সহযোগিতায় বধ্যভূমির জায়গার দখলে যেতে সক্ষম হন মুক্তিযোদ্ধারা।