বন্দরনগরে দুটি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের অংশ হতে যাচ্ছে চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম। সামনের বছরের ১১ মার্চ এখানে বসছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। এখন চলছে তারই প্রস্তুতি। আগামী মার্চে বিশ্বকাপের দুটি ম্যাচ হবে এ মাঠে। ২০০৬ সালে উদ্বোধনের পর সাগরপারের এ মাঠে আটটি আন্তর্জাতিক এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচের একপক্ষে ছিল স্বাগতিক বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে পরাজয় মেনে ফিরেছে তারা। বাকি তিনটি জয় এসেছে বটে, কিন্তু প্রতিপক্ষ কোনো ক্রিকেট পরাশক্তি নয়। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের মতো সাধারণ মানের দল। আসন্ন বিশ্বকাপের দুটি ম্যাচেও একপক্ষে থাকবে বাংলাদেশ। ১১ মার্চ ইংল্যান্ড ও ১৪ মার্চ নেদারল্যান্ডের বিপক্ষে স্বাগতিকেরা বি-গ্রুপের দুটি ম্যাচে মাঠে নামবে। নিউজিল্যান্ডের মতো দলকে হোইয়াটওয়াশ করার পর নেদারল্যান্ডের সঙ্গে জয় নিয়ে হয়তো তেমন ভাবছে না ক্রীড়ামোদী লোকজন। একই কারণে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও জয়ের কথা ভাবতেই পারেন তারা। আর এটা হলে জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম কোনো বড় ক্রিকেট শক্তির বিরুদ্ধে জয়ের শুভ সূচনা করবে বাংলাদেশ। এ মাঠের সর্বশেষ এক দিনের ম্যাচটিও ছিল ইংল্যান্ডের বিপক্ষে, গত ৩ মার্চ। তাতে বাংলাদেশ পরাজিত হয়েছিল ৪৫ রানে। খুব আশা নিয়ে সেদিন দর্শকেরা উপস্থিত হয়েছিলেন জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে। কারণ তখন পর্যন্ত ইংলিশদের বিপক্ষে জয়ের কোনো রেকর্ড বাংলাদেশের ছিল না। অবশ্য এর চার মাস পর ১০ জুলাই সেই অধরা জয় ধরা দিয়েছিল। ইংল্যান্ডের মাটিতে তাদের পাঁচ রানে হারিয়েছিল বাংলাদেশি টাইগারেরা। দুদলের ১৪ ম্যাচের মধ্যে বাংলাদেশের এই একমাত্র জয় নতুন করে স্বপ্ন দেখাতেই পারে। ঠিক এক বছর পর আগামী ১১ মার্চ একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বি-গ্রুপে নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড ছাড়া বাকি সব দলই শক্তিধর। এগুলো হলো ভারত, ওয়েস্টইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। তাই কোয়ার্টার ফাইনালে যেতে হলে ইংলিশদের বিপক্ষে জয়টি খুবই গুরুত্বপূর্ণ। জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে যদি এ জয় ধরা দেয় তাহলে দেশের মাটিতে প্রথম ইংল্যান্ডবধের ইতিহাসও গড়বে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি অনুষ্ঠিত সিরিজে ৪-০ ব্যবধানে জয়—এ স্বপ্নের ভালো একটা প্রেরণা হতে পারে।