বন্দরে অভিজ্ঞ কর্মকর্তা কমছে
চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ কর্মকর্তা হাদী হোসেন ১ ফেব্রুয়ারি অতিরিক্ত সদস্যপদ থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) চলে গেছেন। বদলি হয়ে শিগগিরই নৌবাহিনীতে ফিরে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ। অবশ্য তাঁর পরিবর্তে অন্য একজন নৌবাহিনীর কর্মকর্তাকে ইতিমধ্যে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বন্দর সদস্য (অর্থ) মোশাররফ হোসেনও অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাচ্ছেন আগামী এপ্রিলে। এভাবেই বন্দরের নীতিনির্ধারণী পদের চার কর্মকর্তা কাছাকাছি সময়ে বন্দর ছেড়ে যাচ্ছেন। সদ্য বিদায়ী বন্দর সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, বন্দরের মতো বিশেষায়িত সংস্থায় নীতিনির্ধারণী পদে এর আগে কাছাকাছি সময়ে এত কর্মকর্তা অবসর নেননি, বদলিও হননি। চট্টগ্রাম বন্দরের এক প্রতিবেদনে দেখা গেছে, আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে দুজন সদস্য ও সাতজন বিভাগীয় প্রধানসহ মোট ১৬ জন কর্মকর্তা অবসরে যাচ্ছেন। এর আগে গত তিন বছরে অবসরে গেছেন তিনজন সদস্য ও ছয়জন বিভাগীয় প্রধানসহ ১৯ জন কর্মকর্তা। অবসরে যাওয়ার পর এসব পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিচের স্তরের কর্মকর্তাকে কিংবা প্রেষণে নৌবাহিনী ও প্রশাসন থেকে দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ২০১২ সালের পর বাইরের লোক দিয়ে চালাতে হবে বন্দর।বন্দর বিশেষজ্ঞ সুলতান মাহমুদ বলেন, সারা দুনিয়াতেই বন্দর চালায় বন্দরের লোকেরা। ভারতে চেয়ারম্যান পদে বাইরের লোক নিয়োগ দেওয়া হলেও অন্য সব পদে বন্দরের লোকেরাই পরিচালনা করে। অথচ আমাদের এখানে হচ্ছে উল্টোটা। বন্দর প্রশাসনকে ইচ্ছে করে খাটো করে রাখা হয়েছে। বন্দর ঠিক করার কারও উদ্দেশ্য আছে বলে মনে হয় না। বন্দর চেয়ারম্যান পদে প্রেষণে দুই-আড়াই বছরের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। চার-পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি। বন্দর সূত্র জানায়, কর্মকর্তা হিসেবে নিয়োগ বন্ধ অনেক দিন ধরে। ফলে বন্দরে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদগুলোতে পদোন্নতির যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। বন্দর কর্মকর্তারা মনে করেন, ট্রানজিট বাস্তবায়নের জন্য এখন তোড়জোড় চলছে। এ কারণে বন্দরের মতো বিশেষায়িত কাজে অভিজ্ঞ লোকজনের প্রয়োজন আছে। বন্দরের পরিচালন কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত হলে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। অভিজ্ঞতা কম থাকলে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা তৈরি হয়। মূলত বন্দরের পরিবহন, নৌ, যান্ত্রিক ও বিদ্যুৎ—এই চার বিভাগের কর্মকর্তারা বন্দরের পরিচালন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন। অথচ পরিবহন বিভাগেই অভিজ্ঞ একজন পরিচালককে দীর্ঘদিন ধরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হয়েছে। বন্দর প্রশাসন সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ পদে শূন্যতার বিষয়টি নিয়ে বন্দর থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে একাধিক চিঠি দেওয়া হয়েছে। গত বছরের ২২ আগস্ট সংস্থাপন মন্ত্রণালয় থেকে এক হাজার ৫২৩টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। ছাড়পত্র পাওয়ার পর এখন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দরের পরিচালক (প্রশাসন) মো. মহিবুল হক প্রথম আলোকে বলেন, সংস্থাপন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়ার পর ১৪১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে লোক নিয়োগের প্রক্রিয়া চলছে।সূত্র জানায়, বন্দরে অনুমোদিত পদ আছে আট হাজার ৬৫৬টি। এর মধ্যে শূন্য পদ আছে দুই হাজার ৮৩৭টি। পুরোনো প্রযুক্তি ও কায়িক শ্রমনির্ভর পরিচালনব্যবস্থা চালু থাকায় এ বন্দরে লোকজনের প্রয়োজন বেশি। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বন্দরে এর চেয়ে অনেক কম লোক দিয়ে কাজ চালানো যায়।